Advertisement

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ছয় দিন পর মামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নড়াইলে বিএনপির দুই নেতা হত্যার ছয় দিন পর মামলা
ছবি: ইউএনবি

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠনের দুই নেতা—জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা এবং কৃষক দলের কালিয়া পৌর শাখার সদস্যসচিব শাহিনুর ইসলাম নিহত হওয়ার ছয় দিন পর মামলা হয়েছে।

Advertisement

নিহত সোহেল মোল্লার ভাই জুয়েল রানা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কালিয়া থানায় মামলাটি করেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Advertisement

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছিল।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গত ১৮ নভেম্বর বিকেলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করে।

শোভাযাত্রাটি কালিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় বেন্দারচর এলাকায় পৌঁছায়। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

হামলায় কৃষক দলের কালিয়া পৌর শাখার সাধারণ সম্পাদক শাহিন মোল্লা ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।