Advertisement

নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় আ. লীগ সমর্থকদের হামলা, নিহত ২

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নড়াইলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় আ. লীগ সমর্থকদের হামলা, নিহত ২
ছবি: চরচা

নড়াইলের কালিয়া পৌর শহরে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র ও যুব সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও যুবদলের উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের হামলায় বিএনপির দুই কর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত ব্যক্তিরা হলেন জাতীয়তাবাদী কৃষক দলের কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিন মোল্লা। তিনি মির্জাপুর গ্রামের বাসিন্দা এবং কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নেছার উদ্দিন মোল্লার ছেলে। অপরজন হলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মোল্লা। তিনি বড় কালিয়া গ্রামের প্রয়াত মোতালেব মোল্লার ছেলে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্র জানায়, আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ছাত্রদল ও যুবদল যৌথভাবে একটি শোভাযাত্রা বের করে।

Advertisement

শোভাযাত্রাটি কালিয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাবেক নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানাপ্রাচীর পেরিয়ে সড়কের পশ্চিম পাশের একটি মোড়ে পৌঁছালে এ ঘটনা ঘটে।

সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি পেছন দিক থেকে শোভাযাত্রাটিতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে শাহিন ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠান চিকিৎসকেরা। সেখানে নেওয়ার পথে প্রথমে সোহেল শেখ মারা যান। তার কিছু সময় পরে শাহিনও মারা যান।

কালিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিন হালদার বিষয়টি নিশ্চিত করে জানান, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহেল মোল্লা ও শাহিন মোল্লার মৃত্যু হয়।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. আল মামুন শিকদার বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।