গোপালগঞ্জে পুলিশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর টুঙ্গিপাড়া থানা এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনের কাছে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে কয়েকজনকে আটক এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করার পর এ সহিংসতার সূত্রপাত হয়।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। এর পরিপ্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মিলনায়তনের কাছে জড়ো হয়।
একপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
গুলিতে কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও তাদের সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, পরে পুলিশ ওই এলাকা থেকে পিছু হটে। এ সময় বিক্ষোভকারীরা টুঙ্গিপাড়া থানার দিকে গিয়ে সেটি ঘেরাও করে।
বিক্ষোভকারীরা থানায় আটক ব্যক্তিদের মুক্ত করে দেয় বলে জানা গেছে। পরে থানাটিতে আগুন দেওয়া হয়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পাটগাতী গ্রামের দিকে গিয়ে সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে হামলা চালায়। তারা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনাগুলো সম্পর্কে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিংবা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।