কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হকের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের জয়দেবপুরের মধ্যপাড়া জোড়পুকুর এলাকার তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
আগুন লাগার খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর কাজ শুরু করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছিলেন। পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে যান।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ধারণা, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক এই মন্ত্রীর একটি অডিও রেকর্ডিং ছড়িয়ে পড়ার সঙ্গে এ ঘটনার যোগসূত্র থাকতে পারে।
ওই অডিওতে গত ১৫ নভেম্বর দলের একটি ভার্চুয়াল সভায় মোজাম্মেল হককে বিভিন্ন নির্দেশনা দিতে শোনা গেছে। তিনি দলের ঘোষিত ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের নানা ধরনের নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।