Advertisement

দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁদে ফেলছেন পলাতকরা: স্বরাষ্ট্রমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দেশে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের ফাঁদে ফেলছেন পলাতকরা: স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে থাকা দলটির নেতাকর্মীদের ফাঁদে ফেলে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বুঝে হোক বা না বুঝে, পলাতক দলটির প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতাকর্মীরা।”

প্রতিবেশী দেশে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবিলা করা হচ্ছে।”

Advertisement

এ ছাড়া ইন্দোনেশিয়ায় ‘বাংলাদেশগামী জাহাজ’ আটক করার বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন জানান, এ বিষয়ে তিনি অবগত নন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে আমি জানি না। আপনাদের কাছ থেকেই নতুন শুনলাম।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি আইনি বাধার নয়।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরত চেয়েছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তিতে দণ্ডিত ও দণ্ডিত নন, এমন অন্যান্য আসামিকেও অন্তর্ভুক্ত করা আছে। দুই দেশের যেকোনো পক্ষের অনুরোধে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের ফেরত দেওয়ার বিধান রয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “এটি প্রচলিত একটি রীতি ও নিয়মিত প্রক্রিয়া। বাংলাদেশও অন্য দেশগুলোতে আসামিদের প্রত্যর্পণ করে, তারাও আসামিদের ফেরত দেয়।”