বিদেশে গিয়ে প্রতারণার শিকার অভিবাসী কর্মীরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সালিশি ব্যবস্থায় অভিযোগ করেও প্রকৃত ক্ষতিপূরণ পাচ্ছেন না। পাশাপাশি দায়ের করা অভিযোগগুলোর ৬১ শতাংশের বেশি এখনো নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে বলে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় উঠে এসেছে।
আজ বুধবার রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘জাস্টিস বাই প্রসিডিউর? হোয়াই মাইগ্র্যান্ট ওয়ার্কার্স নিড বাইন্ডিং জাস্টিস, নট মিডিয়েশন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সালিশের মাধ্যমে পুরুষ কর্মীরা তাদের মোট অভিবাসন ব্যয়ের গড়ে মাত্র ১৫ শতাংশ এবং নারী কর্মীরা ১২ শতাংশ অর্থ ফেরত পাচ্ছেন।
গবেষণায় ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিএমইটির সালিশি ব্যবস্থায় দায়ের করা ৮৫টি অভিযোগ পর্যালোচনা করা হয়েছে। অভিযোগকারীদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৩৫ জন নারী, যাদের প্রায় ৮৬ শতাংশ বৈধ পথে সৌদি আরবে গিয়েছিলেন। পর্যালোচনা করা ৮৫টি অভিযোগের মধ্যে ৫২টি এখনো অনিষ্পন্ন অবস্থায় রয়েছে, ২৮টি নিষ্পত্তি হয়েছে এবং পাঁচটির কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
প্রতিবেদনে দেখা যায়, বিদেশে যেতে পুরুষ কর্মীরা গড়ে চার লাখ ৫৮ হাজার টাকা এবং নারী কর্মীরা গড়ে ৩১ হাজার ৯০০ টাকা ব্যয় করেছেন। অথচ নিষ্পত্তি হওয়া ২৮টি অভিযোগের অর্ধেক ক্ষেত্রে অভিযোগকারীরা ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন মাত্র ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা। ক্ষতিপূরণ পাওয়া অধিকাংশ নারী কর্মী পেয়েছেন ১৫ হাজার থেকে ৩০ হাজার টাকা; তবে একজনের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ ৪৫ হাজার টাকা নির্ধারিত হয়েছে। ফলে নামমাত্র এই অর্থ পেয়েও অধিকাংশ কর্মী ঋণের বোঝা ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন না।
নিয়ম অনুযায়ী, অভিযোগ দায়েরের ৩০ কার্যদিবসের মধ্যে শুনানি আয়োজনের কথা থাকলেও ৪৪ শতাংশ ক্ষেত্রে কার্যক্রম শুরু হতে ১২ সপ্তাহ পর্যন্ত সময় লেগেছে। আর ২৯ শতাংশ অভিযোগকারীকে শুনানির জন্য ডাকাই হয়নি।
গবেষণায় দেখা গেছে, ৯১ শতাংশ অভিযোগকারী দেশ ছাড়ার আগে বাধ্যতামূলক লিখিত কর্মসংস্থান চুক্তিপত্র পাননি এবং বিদেশে যাওয়ার পরও ৭২ শতাংশের ক্ষেত্রে কোনো লিখিত চুক্তি ছিল না। পুরুষ কর্মীদের ৬২ শতাংশ প্রতিশ্রুত কাজের বদলে ভিন্ন কাজে নিযুক্ত হয়েছেন এবং ৩২ শতাংশ ওয়ার্ক পারমিট পাননি। সামগ্রিকভাবে ৭৮ শতাংশ কাজের ক্ষেত্রে প্রতারণা, ৬৮ শতাংশ বেতন নিয়ে প্রতারণা ও ৪২ শতাংশ শোষণের শিকার হয়েছেন। প্রতারণার শিকার হয়ে ৪০ শতাংশ কর্মী অভিবাসনের ছয় মাসের মধ্যেই দেশে ফিরতে বাধ্য হন।
গবেষণায় অংশ নেওয়া নারী কর্মীদের শতভাগই মজুরি শোষণের শিকার হয়েছেন। এ ছাড়া, ৯৭ শতাংশ মানসিক নির্যাতন, ৭৭ শতাংশ শারীরিক নির্যাতন এবং ৮৯ শতাংশ আটকে রাখা বা বিচ্ছিন্ন করে রাখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।