চট্টগ্রামের বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকায় একটি ভবনে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুও রয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের একটি বাসায় এ বিস্ফোরণ ঘটে।
দগ্ধ তিনজন হলেন মো. আরিফ (৩৫), তার স্ত্রী রাশেদা বেগম (২৮) ও তাদের তিন বছর বয়সী কন্যাশিশু আরিফা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম চরচাকে বলেন, “আরিফ এক কক্ষের বাসাটিতে স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। গভীর রাতে কক্ষটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। কীভাবে বিস্ফোরণ হয়েছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, দগ্ধ তিনজনের মধ্যে স্বামী-স্ত্রীকে আইসিইউতে এবং আরিফাকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ ও আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে।