Advertisement

আবারও ট্রাম্পের ট্যারিফ, বাংলাদেশও আছে তালিকায়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আবারও ট্রাম্পের ট্যারিফ, বাংলাদেশও আছে তালিকায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার’ দেশগুলোর মধ্যে ১৪টি দেশ ও সংস্থার ওপর নতুন করে ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। অর্থাৎ, এই ১৪টি অংশীদারের কাছ থেকে যুক্তরাষ্ট্র যে পণ্য আমদানি করবে, তার ওপর পণ্যভেদে বিভিন্ন মাত্রার নতুন এই শুল্কের বোঝা যোগ হবে।

Advertisement

এই ট্যারিফের মূল লক্ষ্য অনুমিতভাবেই ছিল চীন, যারা বিশ্ব বাণিজ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। ট্রাম্পের নতুন ট্যারিফের খড়্গে পড়তে যাওয়া এই ১৪ বাণিজ্য অংশীদারের তালিকায় বাংলাদেশও আছে।

Advertisement

যে ১৪টি পক্ষের ওপর নতুন করে ট্যারিফ চাপানো হচ্ছে, সেগুলো হলো–বাংলাদেশ, চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান ও থাইল্যান্ড।

এর মধ্যে চীনের ওপরই সবচেয়ে বেশি ট্যারিফের বোঝা চাপানো হচ্ছে। এই হার কত, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমভেদে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। রয়টার্স বলছে, চীনের ওপর ২০ শতাংশ নতুন শুল্ক আরোপ করা হচ্ছে; বিবিসি বলছে শুল্কের হারটা ‘৪০ শতাংশ পর্যন্ত’। অর্থাৎ, ২০ শতাংশ শুল্ক আরোপ করা নিশ্চিত, কিছু শর্ত পূরণ না হলে হারটা ৪০ শতাংশে যেতে পারে।

বিবিসি বলছে, চীনের পরই আছে ভিয়েতনাম। তাদের ক্ষেত্রে এই হার হতে পারে ‘৩৫ শতাংশ পর্যন্ত’। বাকিদের ক্ষেত্রে এই শুল্কহারের সর্বোচ্চ সীমা হবে দেশভেদে ২০ শতাংশ বা ২৫ শতাংশ।

যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘এক সিনিয়র কর্মকর্তাকে’ উদ্ধৃত করে রয়টার্স অবশ্য লিখেছে, কিছু দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আগে থেকেই করে রাখা বাণিজ্য চুক্তিতে যে শুল্কের হার উল্লেখ করা আছে, নতুন এই ট্যারিফের হার তার চেয়ে বেশি হবে না।

বাংলাদেশের ওপর ট্যারিফ কত?

বাংলাদেশের ক্ষেত্রে এই হার নির্দিষ্ট করে বলা হয়নি। কোন দেশের ওপর কত হারে ট্যারিফ আরোপ করা হবে, এ ব্যাপারে ইউএস ফেডারেল রেজিস্টার আজ বুধবারের মধ্যে নোটিশ জারি করার কথা।

বাংলাদেশের ওপর গত জুলাইয়ে ১০ শতাংশ ট্যারিফ জারি করেছিল যুক্তরাষ্ট্র। ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া সব পণ্যের ওপর এই ট্যারিফ জারি করা হয়েছিল। কারণ দেখানো হয়েছিল, জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রে আমদানি নিষিদ্ধ করার নিয়ম কার্যকর না করায় বাংলাদেশের ওপর এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে। ওই ১০ শতাংশ নিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের মোট ট্যারিফের হার দাঁড়ায় ২৫ দশমিক ৬২ শতাংশ।

রয়টার্স আজ তাদের প্রতিবেদনে লিখেছে, নতুন করে আজ যে শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, তা জুলাইয়ে আরোপিত শুল্কের সঙ্গে যোগ হবে না। অর্থাৎ, দুটি শুল্ক যোগ করে মোট শুল্কের হার হিসাব করা যাবে না।

কেন এই নতুন ট্যারিফ?

যুক্তরাষ্ট্রের দাবি, এই ১৪টি দেশ বা সংস্থা তাদের বাজারের আসল চাহিদার চেয়ে অতিরিক্ত শিল্পপণ্য উৎপাদন করছে। সরকারি ভর্তুকি, শিল্পনীতি ও অন্যান্য সহায়তার মাধ্যমে উৎপাদন বাড়িয়ে তারা বিশ্ববাজারে কম দামে পণ্য রপ্তানি করছে। এতে মার্কিন উৎপাদক ও শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র বলছে ‘স্ট্রাকচারাল এক্সেস ইনডাস্ট্রিয়াল ক্যাপাসিটি’; অর্থাৎ, কাঠামোগতভাবে শিল্পে বাড়তি উৎপাদনের সক্ষমতা।

গত মার্চে হোয়াইট হাউস ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় অন্য দেশগুলোর বাণিজ্য নীতিমালা নিয়ে তদন্ত শুরু করেছিল। ওই তদন্তে এই দেশগুলোর কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর স্বার্থ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন, তার পরিপ্রেক্ষিতেই নতুন এই শুল্ক আরোপ করা হয়েছে।

অবশ্য মেক্সিকো ও নরওয়ের নামও ওই তদন্তে এসেছিল, তবে তাদের ওপর নতুন করে শুল্ক আরোপ হয়নি।

কবে থেকে এই ট্যারিফ কার্যকর হবে?

এই ট্যারিফ এখনই কার্যকর হচ্ছে না। রয়টার্স লিখেছে, এই ট্যারিফ নিয়ে জনগণের মতামত চাওয়া হবে, শুনানি হবে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরই কেবল ট্যারিফ কার্যকর হবে। মার্কিন সিনিয়র একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তার ধারণা–এই শুল্ক কার্যকর হতে ২০২৭-এর জানুয়ারি পর্যন্ত লেগে যেতে পারে।

ট্রাম্প ও ট্যারিফ–এক অমর প্রেম

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্যারিফকে বড় বাণিজ্যিক অস্ত্র মানছেন। গত বছরের এপ্রিলে তিনি প্রথম দফা বিশ্বের অনেক দেশের ওপর চড়া শুল্ক আরোপ করেন। তবে গত ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট ওই ট্যারিফকে অবৈধ বলে রায় দেয়।

এরপর জুলাইয়ে আবার ‘সেকশন ৩০১’-এর অধীনে বিভিন্ন দেশের পণ্যে ১০ থেকে ১২.৫ শতাংশ ট্যারিফ আরোপ করে ট্রাম্প প্রশাসন। এখন নতুন করে ১৪টি দেশ বা সংস্থার ওপর আবার ট্যারিফ আরোপ করলেন ট্রাম্প।