Advertisement

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ত্রিপক্ষীয় আঁতাতে আবাসন খাতের ক্রেতারা জিম্মি: টিআইবি
টিআইবির লোগো

আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর ইতিবাচক অবদান থাকলেও রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

Advertisement

‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এ তথ্য ও সুপারিশ তুলে ধরেছে টিআইবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার এক সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী, ভূমিকেন্দ্রিক স্বার্থগোষ্ঠী ও প্রশাসনিক অনানুষ্ঠানিক নেটওয়ার্কের মাধ্যমে বৃহৎ ডেভেলপারদের একাংশ একটি শক্তিশালী ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে, যা নীতিনির্ধারণী ও সামগ্রিক নিয়ন্ত্রক কাঠামোকে কার্যত জিম্মি করে ফেলেছে। এই পরিস্থিত থেকে উত্তরণে মোট ১৩টি সুপারিশ করেছে টিআইবি।

গবেষণার ফলাফলে দেখা গেছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র পেতে নিয়মবহির্ভূত আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। স্বাভাবিক ক্ষেত্রে কোম্পানির নিবন্ধন প্রাপ্তি থেকে শুরু করে বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে পুরো প্রক্রিয়ায় একরপ্রতি সামগ্রিক নিয়মবহির্ভূত ব্যয়ের পরিমাণ ১৬ দশমিক ৫০ লক্ষ থেকে ৩৭ দশমিক ৫০ লক্ষ টাকা পর্যন্ত। অর্থাৎ ২৫ একরের একটি বেসরকারি আবাসন প্রকল্প বাস্তবায়নে এ ধরনের ব্যয়ের পরিমাণ আনুমানিক ৪ দশমিক ১২ কোটি থেকে ৯ দশমিক ৩৫ কোটি টাকা পর্যন্ত।

Advertisement

অন্যদিকে, রিয়েল এস্টেট কোম্পানি কর্তৃক প্লট হস্তান্তরে বিলম্ব, ক্রেতাকে না জানিয়ে একতরফাভাবে বরাদ্দ বাতিল ও পরিশোধিত অর্থ ফেরত দিতে গড়িমসি বা অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। উন্নয়ন ফি, সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জ ইত্যাদি বাবদ বিভিন্ন খাতে প্লট হস্তান্তর পর্যন্ত একজন ক্রেতাকে প্রতি কাঠায় মোট মূল্যের বাইরে প্রায় ১৪ দশমিক ৫০ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয় বহন করতে হয়। এ ছাড়া, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র ছাড়াই কৃষিজমি, খাসজমি ও নদীসংলগ্ন জমি নামমাত্র মূল্যে বা জোরপূর্বক দখল করে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর আবাসন প্রকল্প সম্প্রসারণ ও সরকারি সম্পদ ব্যবহার করে।

অপ্রদর্শিত অর্থের সুরক্ষায় রিয়েল এস্টেট খাতের নীতি করায়ত্বের চিত্রও এই গবেষণায় উঠে এসেছে।

গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ রিয়েল এস্টেট কোম্পানির প্রয়োজনীয় সংখ্যক কর্মী, নির্ধারিত পরিমাণ জমি ও অবকাঠামো নেই। বৃহৎ ও প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্য ও স্বেচ্ছাচারী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রিহ্যাব ও বিএলডিএ ব্যর্থ; পাশাপাশি অনুমোদনহীন আবাসিক প্রকল্প ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে তাদের কার্যকর পদক্ষেপের ঘাটতি রয়েছে।

গবেষণায় জমি নির্বাচন ও সংগ্রহের ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এ খাতের সমস্যা উত্তরণের জন্য গবেষণায় রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ সংশোধন ও রিয়েল এস্টেট কোম্পানিগুলোর বার্ষিক অডিট ও আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করাসহ মোট ১৩টি সুপারিশ করেছে টিআইবি।