Advertisement

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি
টিআইবির লোগো

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর উপহার গ্রহণসংক্রান্ত বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলেছে, উপহারের মোড়কে ঘুষ লেনদেনের মতো অপরাধকে বৈধতা দেওয়ার পাঁয়তারা করছেন প্রতিমন্ত্রী। এ বক্তব্য অবিলম্বে প্রত্যাহার, এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার এবং প্রতিমন্ত্রী ও তার বক্তব্যের পেছনে পরামর্শ দেওয়া সিনিয়র সচিবের জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।

Advertisement

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, কাজের মান ঠিক রেখে দ্রুত বিল পরিশোধের পর ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে দেওয়া উপহার ঘুষ নয় এবং তা গ্রহণ করা যায়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “কাজের মান যাচাই, কাজ বুঝে নেওয়া ও বিধি মেনে দ্রুত বিল পরিশোধ করা সরকারি প্রকৌশলীর নিয়মিত দায়িত্ব। এ কাজের জন্যই তিনি জনগণের অর্থে বেতন-ভাতা পান। তাহলে সেই দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ‘উপহারের’ নামে অবৈধ অর্থ নেবেন কেন? এই কাজের জন্য উপহার নেওয়া যায় বলে প্রতিমন্ত্রী কি ঘুষকে বৈধতা দিচ্ছেন, প্রকারান্তরে ঘুষ নিতে উৎসাহ দিচ্ছেন? যাদের দায়িত্ব সরকারি ক্রয়ে অনিয়ম ঠেকানো, চাকরির শুরুতেই তাদের ঠিকাদারের কাছ থেকে বিধিবহির্ভূত উপার্জনের পরামর্শ দেওয়া চরম দায়িত্বহীনতা এবং আইনের লঙ্ঘন।”

Advertisement

ইফতেখারুজ্জামান বলেন, “সরকারের একজন প্রতিমন্ত্রীর এমন বক্তব্যকে মাঠপর্যায়ে ঘুষ দাবিকে বৈধতা প্রদানসহ দুর্নীতির ব্যাপকতর বিস্তার ঘটাবে। নতুন করে চিন্তা করার নামে প্রতিমন্ত্রী কি সরকারি ক্রয়ে ঘুষ ও দুর্নীতিবান্ধব পরিবেশের অধিকতর বিকাশ ও তার সুরক্ষা নিশ্চিতের পাঁয়তারা করছেন? তার এই বক্তব্য সরকারের অবস্থান কি-না, তা সরকারকেই স্পষ্ট করতে হবে।”

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, “নিয়মিত দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে ঠিকাদারের মুনাফা থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়ার সুযোগ কোন আইন বা বিধিতে আছে, তা তাকে জনসমক্ষে জানাতে হবে।”

প্রতিমন্ত্রী তার বক্তব্যে একজন সিনিয়র সচিবের পরামর্শের কথা উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, “প্রতিমন্ত্রীর বর্ণনা অনুযায়ী ওই সিনিয়র সচিব এমন পরামর্শ দিয়ে থাকলে তার পেশাগত সততা ও পদে বহাল থাকার নৈতিক যোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। বাস্তবে এক্ষেত্রে প্রতিমন্ত্রীর সঙ্গে সিনিয়র সচিবের যোগসাজসমূলক দুর্নীতির প্রতিষ্ঠানিকীকরণের ষড়যন্ত্র চলছে কিনা এমন প্রশ্ন ওঠা স্বাভাবিক। এমন অবস্থান সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর ও আত্মঘাতী। সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক।”

বিজ্ঞপ্তিতে ঠিকাদারের উপহার নিয়ে দেওয়া বক্তব্যের জন্য প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চেয়ে তা নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে টিআইবি। পাশাপাশি প্রতিমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যাসহ জবাবদিহি এবং তার বক্তব্যে উল্লেখ করা সিনিয়র সচিবের পরামর্শের সত্যতা যাচাই করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।