দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে চালু থাকা দুটি ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে, তাপবিদ্যুৎকেন্দ্রের মোট ৩টি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
গত মঙ্গলবার সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কেন্দ্রটির চালু থাকা দুটি ইউনিট একে একে বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর ইউএনবির।
তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, চালু থাকা দুটি ইউনিটের একটি ১২৫ মেগাওয়াটের ইউনিট-১ যান্ত্রিক ত্রুটির কারণে গত সোমবার সকাল ৬টা ২০ মিনিটে বন্ধ হয়ে যায়।
আবু বকর সিদ্দিক জানান, ইউনিটটি চালু থাকা অবস্থায় প্রতিদিন জাতীয় গ্রিডে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো।
এদিকে, গ্রিড বিপর্যয়ের কারণে সৃষ্ট যান্ত্রিক ত্রুটির পর গতকাল মঙ্গলবার ভোর ৫টা ৫ মিনিটে ২৭৫ মেগাওয়াটের ইউনিট-৩ বন্ধ হয়ে যায়। এতে পুরো বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রধান প্রকৌশলী জানান, ইউনিট-১ মেরামতের কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলীরা। আর ইউনিট-৩ মেরামত করছেন চীনা প্রকৌশলীরা। তবে ইউনিট দুটি কবে বিদ্যুৎ উৎপাদনে ফিরবে, তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
অন্যদিকে, কেন্দ্রটির ১২৫ মেগাওয়াটের ইউনিট-২ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।
তিন ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ রংপুর অঞ্চলের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে। এতে জনভোগান্তি বাড়ছে।