Advertisement

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

শর্ত ছাড়াই ইরান যুদ্ধের অবসান চান অধিকাংশ মার্কিনি
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধের শর্ত যা-ই হোক না কেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবিলম্বে অবসান চান যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যৌথ এক নতুন জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

Advertisement

গত সপ্তাহে ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক আমেরিকানের ওপর পরিচালিত এবং মঙ্গলবার প্রকাশিত এই জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিন নাগরিক অবিলম্বে ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। দলীয় পরিচয়ের ভিত্তিতে ডেমোক্র্যাট সমর্থকদের ৮০ শতাংশ, স্বতন্ত্র ভোটারদের ৫৯ শতাংশ এবং রিপাবলিকানদের ২৫ শতাংশ দ্রুত যুদ্ধবিরতি চান। বিপরীতে, মাত্র ২১ শতাংশ মানুষ তেহরান ওয়াশিংটনের শর্ত মেনে না নেওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে এবং ১৮ শতাংশ সামরিক অভিযান আরও বাড়ানোর সমর্থন দিয়েছেন।

Advertisement

এই যুদ্ধের সরাসরি অর্থনৈতিক প্রভাব পড়েছে সাধারণ আমেরিকানদের জীবনযাত্রায়। হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হওয়া এবং মার্কিন নৌ-অবরোধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্যমতে, ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি গ্যাসোলিনের গড় দাম ২ দশমিক ৯৮ ডলার থাকলেও মে মাসে তা বেড়ে ৪ দশমিক ৫৬ ডলারে পৌঁছায়। গত মঙ্গলবার নাগাদ দাম কিছুটা কমে ৩ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। ইনস্টিটিউট অন ট্যাক্সেশন অ্যান্ড ইকোনমিক পলিসির হিসাব অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে জ্বালানি তেলের বাড়তি দামের কারণে প্রতিটি মার্কিন পরিবারকে গড়ে ১ হাজার ৬৮ ডলার অতিরিক্ত খরচ করতে হয়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি ও যুদ্ধবিরোধী মনোভাবের প্রভাব পড়েছে গত ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনেও, যেখানে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকানরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স রিপাবলিকানদের পরাজয়ের পেছনে এই সংঘাত নিরসনে ওয়াশিংটনের ব্যর্থতাকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। এপি ভোটার পোল অনুযায়ী, প্রতি ১০ জনে প্রায় ৬ জন ভোটার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপকে ভুল সিদ্ধান্ত বলে মনে করেন।

এদিকে, কূটনৈতিক পর্যায়ে অচলাবস্থা অব্যাহত রয়েছে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ জানিয়েছেন, মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তাসহ তেহরানের সাতটি শর্ত পূরণ হলেই কেবল আলোচনা শুরু হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটনে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সরকারি ব্যয় বিল পাসের সময়সীমা ঘনিয়ে আসায় ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের একাংশ যুদ্ধের তহবিল বন্ধের দাবি তুলেছেন। জরিপ বলছে, সরকারি কার্যক্রম অচল বা ‘শাটডাউন’-এর ঝুঁকি থাকা সত্ত্বেও ৩১ শতাংশ আমেরিকান এই তহবিল বন্ধের পদক্ষেপকে সমর্থন করেন।