Advertisement

এল নিনো সক্রিয়, আছে তীব্র শৈত্যপ্রবাহের আভাস: কেমন হবে এবারের শীত?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

এল নিনো সক্রিয়, আছে তীব্র শৈত্যপ্রবাহের আভাস: কেমন হবে এবারের শীত?
ছবি: এআই দিয়ে তৈরি

দিনের বেলায় রোদের প্রখরতা এখনো সেভাবে না কমলেও মাঝরাতে ফ্যানের গতি কমানো কিংবা শেষরাতে কাঁথা গায়ে জড়িয়ে নেওয়ার মধ্য দিয়ে শীতের আগমনী বার্তা মিলছে। উত্তরের গ্রামগুলোতে এরই মধ্যে হিমেল হাওয়া বইতে শুরু করেছে, ভোরের কুয়াশায় ঢাকছে প্রান্তর ও নদীতীর।

Advertisement

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এবার শীত মৌসুমে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে এবং শীত কিছুটা ‘উষ্ণ’ হতে পারে। তবে আগামী তিন মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২ থেকে ৩টি তীব্র আকার ধারণ করতে পারে।

Advertisement

তিন মাসে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহ

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ও দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিষয়ক বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চলতি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

অধিদপ্তরের তথ্যমতে, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু, ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে নামলে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রির নিচে নেমে এলে তা অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

কোথায়, কেমন হতে পারে তাপমাত্রা

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সাধারণত ডিসেম্বরে এক থেকে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে, অর্থাৎ রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের কিছু এলাকায় তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রির নিচে নামতে পারে।

জানুয়ারিতে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এ সময় কখনো কখনো এক বা দুটি তীব্র শৈত্যপ্রবাহও হতে পারে, যখন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে নামবে বলে জানান তিনি।

কুয়াশা ও শীতের অনুভূতি

পূর্বাভাসে বলা হয়েছে, এই তিন মাসে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও এবং নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এল নিনোর প্রভাব

ড. আবুল কালাম মল্লিক বলেন, এল নিনো সক্রিয় থাকায় এবং পৃথিবী উষ্ণ হয়ে থাকায় এর প্রভাব বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় পড়বে। ফলে গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকবে। তিনি বলেন, শৈত্যপ্রবাহ থাকবে, তবে অতি তীব্র শৈত্যপ্রবাহের দিনক্ষণ, সংখ্যা ও ব্যাপ্তি অনেকটাই কম হবে। এ কারণেই এবারের শীত কিছুটা ‘উষ্ণ’ হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, এল নিনোর কারণে শৈত্যপ্রবাহ কত দিন থাকবে বা কয়বার হবে, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

লঘুচাপ ও ঘূর্ণিঝড়ের আভাস

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

ড. মল্লিক জানান, অক্টোবর ও নভেম্বর ঘূর্ণিঝড়প্রবণ সময়। এ সময় সূর্যের দক্ষিণায়নের কারণে দিনের দৈর্ঘ্য কমে, রাত বাড়ে এবং বঙ্গোপসাগর বরাবর সূর্যালোকের প্রাপ্যতা বেশি থাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বাড়ে। এটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও সব বছর ঘটে না বলে একে ট্রানজিয়েন্ট (ক্ষণস্থায়ী) সিস্টেম বলা হয়।

বৃষ্টিপাতের পূর্বাভাস

এই তিন মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিভাগভিত্তিক পূর্বাভাস অনুযায়ী, নভেম্বরে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে (৩৫ থেকে ৪০ মিলিমিটার)। বরিশালে ৩০ থেকে ৪০ মিলিমিটার; ঢাকা, সিলেট ও খুলনায় ১৫ থেকে ২৫ মিলিমিটার; ময়মনসিংহ ও রাজশাহীতে ১০ থেকে ১৫ মিলিমিটার এবং রংপুরে ৪ থেকে ৮ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ডিসেম্বর ও জানুয়ারিতে বৃষ্টি আরও কমবে। ডিসেম্বরে ঢাকা বিভাগে ৮ থেকে ১০ এবং সিলেট বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। জানুয়ারিতে খুলনা বিভাগে ১০ থেকে ১৪ মিলিমিটার এবং ঢাকাসহ অন্যান্য বিভাগে ৬ থেকে ১০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অক্টোবরে বৃষ্টি কম, তাপমাত্রা বেশি

এদিকে, গত অক্টোবরে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। ওই মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে, ১৭ অক্টোবর ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ২৭ অক্টোবর ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত মাসে দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে ১ দশমিক ৮, ০ দশমিক ৪ ও ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।