Advertisement

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ হলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক
অ্যাওয়ার্ড গ্রহণ করছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। ছবি: পূবালী ব্যাংক

‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’-এ আর্থিক প্রতিষ্ঠান খাতে ‘ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।

Advertisement

এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর লা মেরিডিয়ান ঢাকার গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দেশের বিপণন, ব্র্যান্ডিং ও ব্যবসায়িক নেতৃত্ববিষয়ক প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) এ সম্মাননার আয়োজন করে।

বিবিএফের বার্ষিক লিডারশিপ সামিটের অংশ হিসেবে এবার চতুর্থবারের মতো এ সম্মাননা দেওয়া হয়। দূরদৃষ্টি, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে প্রতিষ্ঠান ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখা শীর্ষ নির্বাহীদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।

আয়োজকদের মূল্যায়নে বলা হয়, ব্যাংকিং খাতের বর্তমান চ্যালেঞ্জের মধ্যে স্থিতিশীলতা, সুশাসন ও গ্রাহকের আস্থা ধরে রাখতে নেতৃত্বের ভূমিকা গুরুত্বপূর্ণ। মোহাম্মদ আলীর নেতৃত্ব, নৈতিক দৃঢ়তা এবং আমানতকারী ও ঋণগ্রহীতাদের প্রতি অঙ্গীকার পূবালী ব্যাংকের অবস্থান ধরে রাখতে ভূমিকা রেখেছে। এ সম্মাননা তাঁর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ব্যাংকের সামগ্রিক সাফল্যেরও স্বীকৃতি বলে উল্লেখ করে বিবিএফ।

Advertisement

২০০৮ সালে মহাব্যবস্থাপক ও প্রধান কারিগরি কর্মকর্তা হিসেবে পূবালী ব্যাংকে যোগ দেন তিনি। এ সময় নিজস্ব প্রযুক্তিতে তৈরি কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে ব্যাংকটির রিয়েল-টাইম অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক গড়ে তোলার কাজে নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে উপব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে আন্তর্জাতিক ব্যাংকিং, ঋণ, ট্রেজারি, ভোক্তাঋণ ও কার্ড বিভাগের দায়িত্ব পালন করেন। এ ছাড়া প্রধান ঝুঁকি কর্মকর্তা এবং প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ আলী বলেন, এ স্বীকৃতি তার একার নয়; পূবালী ব্যাংকের প্রতিটি সদস্যের নিষ্ঠা ও পরিশ্রম, পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা এবং গ্রাহকদের দীর্ঘদিনের আস্থার স্বীকৃতি। ছয় দশকের বেশি সময় ধরে ব্যাংকটির অর্জিত আস্থার উত্তরাধিকার রক্ষা ও আরও সমৃদ্ধ করাই তাঁদের অঙ্গীকার। সুশাসন, স্বচ্ছতা ও আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ব্যাংকটি এগিয়ে যাবে বলেও জানান তিনি।

এ স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।