Advertisement

মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা
রোহিঙ্গা গণহত্যার রায়ে মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা. ছবি: রয়টার্স

মিয়ানমারের পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রায় দেওয়ার পর এই পদক্ষেপ নিল দেশটি। এই রায়কে প্রথমবার কোনো রাষ্ট্রের গণহত্যার দায় প্রমাণিত হওয়ার ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

Advertisement

২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযান ও দমন-পীড়নে হাজার হাজার রোহিঙ্গা নিহত হয়। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ অঞ্চল থেকে ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে যেতে বাধ্য হয়। আইসিজের রায়কে স্বীকৃতি দিয়ে যুক্তরাজ্যের সঙ্গে আরও কয়েকটি দেশ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডা।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বরাত দিয়ে বিবিসি জানায়, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের জবাব তাদের মূল্যবোধের প্রতিফলন ঘটাতে হবে এবং তা কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেখাতে হবে।

Advertisement

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন মিও হুতুত হ্লাইং, মিও মিন তুন, মিয়াত থেত ও, কিয়াও সোয়ে এবং কিয়াও সোয়ার ও।

মিলিব্যান্ড আরও বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০২১ সাল থেকেই যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ২০১৭ সালে গণহত্যার সময় তিনি সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে, অপরাধীদের তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকাতে পদক্ষেপ নিতে হবে।