১৯৯০ সালের নভেম্বর মাসটা ছিল এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল। হুসেইন মুহাম্মদ এরশাদের স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো দিয়ে যাচ্ছিল একের পর এক কর্মসূচি। তবে মাঠে সবচেয়ে বেশি সক্রিয় ছিল বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলোর ঐক্য মঞ্চ—সর্বদলীয় ছাত্র ঐক্য।
নভেম্বর মাসে নিয়মিত বিরতিতেই হরতাল, ধর্মঘট ও ঘেরাও কর্মসূচি ছিল। নভেম্বরের শুরুর দিকে রাষ্ট্রপতি এরশাদ ছিলেন জাপান সফরে, সম্রাট আকিহিতোর অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে। ওই সময় হরতাল, ঘেরাওয়ের মাত্রা এতটাই ছিল ঢাকা থেকে তার বেশ কয়েকজন মন্ত্রী ও তার রাজনৈতিক দল জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা এরশাদকে সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার অনুরোধ করেছিলেন। এরশাদ সেটা না করলেও নভেম্বর মাস জুড়েই আন্দোলনের মাত্রা বেড়েছে। এরশাদের ক্ষমতার শেষ বিদেশ সফর ছিল মালদ্বীপ, সার্ক সম্মেলনে যোগ দিতে তিনি ১৯ নভেম্বর মালদ্বীপ গিয়েছিলেন। ২১ নভেম্বর তিনি দেশে ফেরেন। এর মধ্যে এরশাদ বিরোধী আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছিল।
১৯৯০ সালের নভেম্বর মাসটা ছিল এরশাদবিরোধী আন্দোলনে উত্তাল। ছবি: সংগৃহীত
১৯৯০ সালের ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গণগ্রন্থাগার এলাকায় ঘাতকের গুলিতে নিহত হন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ডা. শামসুল আলম খান মিলন। ডা. মিলন সেদিন পুলিশের গুলিতে নিহত হননি। তার নিহত হওয়ার জায়গায় কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না। রিকশায় করে শাহবাগের পিজি হাসপাতালে যেটি বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যাওয়ার পথে রিকশায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মিলন হত্যায় একদল অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর হাত ছিল বলে অভিযোগ আছে।
হুসেইন মুহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ ছিল বিলুপ্ত। সর্বদলীয় ছাত্র ঐক্যের দখলে তখন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্র আন্দোলন নাড়িয়ে দিয়েছে এরশাদ সরকারকে। ওই সময় ছাত্র আন্দোলন দমনের জন্য জেল থেকে ছাড়া হয় বেশ কিছু রাজনৈতিক ক্যাডারকে। যাদের বিএনপি ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অভিযোগ বহিষ্কার করা হয়েছিল। তাদের জেল থেকে ছাড়াই হয়েছিল এরশাদ বিরোধী আন্দোলনকে ‘স্যাবোটাজ’ করার জন্য। সর্বদলীয় ছাত্র ঐক্যের আন্দোলনকারী নেতাকর্মীদের বিভ্রান্ত ও পথভ্রষ্ট করার জন্য। কিন্তু সেই লক্ষ্যে সফল হয়নি এরশাদ সরকার।
১৯৯০ সালের ২৭ নভেম্বর দুপুরে ডা. মিলন নিহত হন। তার মৃত্যুর খবর স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ে চারদিক। ২৭ নভেম্বর এমনিতেই সারা দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো পূর্ণ দিবস হরতাল ডেকেছিল। মিলনের মৃত্যুর ঘটনা সাধারণ রাজনৈতিক আন্দোলনকে গণঅভ্যূত্থানে রূপ দিয়েছিল। রাজনৈতিক কর্মীরা মাঠেই ছিলেন, দেশের প্রায় সব পেশাজীবীরা মিলনের মৃত্যুর পর রাস্তায় নেমে আসেন।
মিলন যখন নিহত হন রাষ্ট্রপতি এরশাদ চট্টগ্রাম সফরে ছিলেন। তিনি সেখানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার একটি ভবন ও সেখানে সদ্য নির্মিত দুটি জাপানি কারখানা উদ্বোধনে গিয়েছিলেন। রাজনৈতিক কর্মসূচিও তার ছিল। চট্টগ্রামে জাতীয় পার্টির একটি সমাবেশে এরশাদের বক্তৃতা দেওয়ার কথা ছিল।
ঢাকা থেকে সে সময়ের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল আশরাফ রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মনজুর রশীদ খানকে ফোন করে রাষ্ট্রপতিকে যতটা সম্ভব দ্রুত ঢাকায় ফেরার অনুরোধ জানান। তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব মনজুর রশীদকে ইঙ্গিত দেন, পরিস্থিতি ক্রমশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার।
এরশাদ ঢাকায় পৌঁছেই দেশে জরুরি অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নেন। রাতে রেডিও ও টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি এরশাদ সারাদেশে জরুরি অবস্থা জারি করেন একই সঙ্গে রাত ১১টা থেকে সারা দেশে কারফিউ জারি করার ঘোষণা দেন।
জরুরি অবস্থা জারির আগে এরশাদ তার মন্ত্রিসভার কোনো সদস্যের সঙ্গে আলোচনা করেননি। বক্তৃতাটি লেখা হয়েছিল এরশাদের সেনাভবনের বাড়িতে বসে। সেখানে তার সঙ্গে ছিলেন সে সময়ের উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ ও স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান।
জরুরি অবস্থা জারির পর এরশাদ ক্যাবিনেটে সে সময়ের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ কিছুটা ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি রাষ্ট্রপতির কাছে সরাসরি জানতে চেয়েছিলেন জরুরি অবস্থা জারির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে কেন মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করা হয়নি। এরশাদ কাজী জাফরের প্রশ্নের উত্তর না দিয়ে জাতীয় পার্টির নেতৃবৃন্দের অভ্যন্তরীণ কোন্দল ও তাদের দুর্নীতির দিকে আঙ্গুল তুলেছিলেন বলে জানা যায়।
জরুরি অবস্থা জারির পর আক্ষরিক অর্থেই পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংবাদপত্র বন্ধ হয়ে যায়। সরকারি কর্মকর্তা–কর্মচারিরা কর্মবিরতি শুরু করেন। রাজপথে সহিংসতার মাত্রা বেড়ে যায়। আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিষ্ক্রিয় হয়ে যায় অনেকটাই। জরুরি অবস্থা জারির কারণে সারা দেশে সেনা মোতায়েন হয়েছিল। কিন্তু সেনা ইউনিটগুলো আন্দোলনকারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের শক্তি প্রদর্শন থেকে বিরত ছিল।
১৯৯০ সালের ৫ ডিসেম্বর রাতে রেডিও ও টেলিভিশনে এরশাদের পদত্যাগের কথা ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
জরুরি অবস্থা ও সান্ধ্য আইন লঙ্ঘিত হয়ে হাজার হাজার মানুষ যখন রাস্তায় নেমে আছে, তখন কার্যত সরকার বলতে আর কিছুই ছিল না। এরশাদ নিজেও নাকি জরুরি অবস্থা জারি করা নিয়ে শুরুতে সংশয় ও দোটানায় ছিলেন। তার সামরিক সচিব মেজর জেনারেল মনজুর রশীদ খান নিজের আত্মজীবনীতে লিখেছেন, ‘এরশাদ ভেবেছিলেন জরুরি অবস্থা ঘোষণা দিয়ে ফল পাওয়া যাবে। প্রথম তিকে তিনি জরুরি অবস্থার পক্ষে ছিলেন না। আমি তাঁকে প্রশ্ন করতে শুনেছি, জরুরি অবস্থা যদি লঙ্ঘন করা হয়, তাহলে তাঁর সামনে আর কী বিকল্প থাকবে?’
বিকল্প আসলেই আর ছিল না। ২৭ নভেম্বর রাতের পর এরশাদ সরকারের পতন ছিল কার্যত সময়ের অপেক্ষা। এরশাদ নিজেও ১ ডিসেম্বরের দিকে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা চিন্তা করে সেই চিন্তা তার সামরিক সচিব মনজুর রশীদ খানকে জানিয়েছিলেন। তবে এরপর নানাজনের কথায় সেই চিন্তা থেকে সরে আসেন।
এরশাদ সবচেয়ে ভয়ংকর যে পরিকল্পনাটি মনে মনে সাজিয়েছিলেন, সেটি হচ্ছে, তিনি ক্ষমতায় টিকে থাকার শেষ চেষ্টা হিসেবে সামরিক শাসন জারি করার পরিকল্পনা করেছিলেন। তবে তার সেই পরিকল্পনায় সায় ছিল না সেনাবাহিনীর। সে সময়ের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দিন খান এরশাদকে সোজা–সাপ্টা জানিয়ে দিয়েছিলেন সেনাবাহিনীর জনগণের আবেগের বাইরে যাবে না। এরশাদ মরিয়া হয়ে সাভারস্থ নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল রফিকুল ইসলামকে খুঁজেছিলেন বহুবার। জেনারেল রফিক ছিলেন এরশাদের আস্থাভাজন ও বিশ্বস্ত সেনা কর্মকর্তা। কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে জেনারেল রফিকের সঙ্গে এরশাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের প্যারেড অনুশীলনের জন্য জেনারেল রফিক ওই সময় ঢাকাতেই ছিলেন। বিজয় দিবসের প্যারেড সাধারণত পরিচালনা করেন নবম ডিভিশনের জিওসি।
এরশাদ ৪ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নতুন একটি প্রস্তাব দিয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ১৫ দিন আগে পদত্যাগ করার কথা বলেছিলেন। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরে ৫ ডিসেম্বর রাতে রেডিও ও টেলিভিশনে এরশাদের পদত্যাগের কথা ঘোষণা করা হয়। ৬ ডিসেম্বর এরশাদ বিরোধী রাজনৈতিক জোটগুলোর পছন্দের প্রার্থী সে সময়ের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেন।
সমাপ্তি ঘটে সামরিক স্বৈরশাসক জেনারেল এরশাদের নয় বছরের সামরিক ও বেসামরিক শাসন।
১৯৮২ সালের ২৪ মার্চ এক রক্তপাতহীন সামরিক অভ্যূত্থানের মাধ্যমে এরশাদ দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল ১৯৮২–৮৩ সাল থেকেই। রাজনৈতিক দলের চেয়েও ছাত্র সামাজ বেশি সক্রিয় ছিল এরশাদের বিরুদ্ধে আন্দোলনে। এরশাদ বিরোধী আন্দোলনে শহীদের সংখ্যা কম নয়। কাঞ্চন, দিপালী সাহা, জাফর, জয়নাল, আইয়ূব, ফারুক, মোজাম্মেল, তাজুল ইসলাম, ময়েজউদ্দিন, স্বপন, তিতাস, ফজলুর রহমান, দেলোয়ার হোসেন, নূর হোসেন, নাজিরউদ্দিন জেহাদ, ফিরোজ, জাহাঙ্গীর—এমন অনেকেই।
তবে ডা. শামসুল আলম খান মিলনের হত্যাকাণ্ড এরশাদের মসনদ পুরোপুরি এলোমেলো করে দিয়েছিল। ৩৩ বছর বয়সী পেশাজীবী চিকিৎসক ডা. মিলন তাই ১৯৯০ সালে সামরিক স্বৈরাচার এরশাদের পতনের মূল নায়ক। তার মৃত্যুই তৈরি করেছিল গণঅভ্যূত্থান, আর সেই গণঅভ্যূত্থানেই পতন হয় এরশাদ সরকারের।