২০৫০ সালের খাবার কেমন হবে? কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ব্যক্তিগত ডায়েট চার্ট কি তখন আমাদের রাতের খাবারে ভোজ্য পোকামাকড় আর এক গ্লাস কৃত্রিম দুধ খাওয়ার পরামর্শ দেবে? এই সব প্রশ্নের উত্তর দেওয়া চেষ্টা করা হয়েছে ‘জেন জি অ্যান্ড দ্য ফিউচার অব ফুড’ বইটিতে।
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার এই সময়ে ডায়ানা বোগুয়েভা ও ডোরা মারিনোভার লেখা গবেষণাধর্মী বইটি নিয়ে সম্প্রতি অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য কনভারসেশনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থার সংকট ও সম্ভাবনার চিত্র ফুটে উঠেছে।
১৯৯৫ থেকে ২০১০ সালের মধ্যে জন্ম নেওয়া ‘জেন জি’ প্রজন্ম বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ। বৈশ্বিক খাদ্য ব্যবস্থার নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করার কঠিন দায়িত্ব এখন তাদের কাঁধেই। আর তাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের ভালো বা মন্দ ফলাফলও ভবিষ্যতে তাদের এবং পরবর্তী প্রজন্মে একাংশকে ভোগ করতে হবে।
অস্ট্রেলিয়া, চীন, ব্রাজিল, জার্মানি, লেবানন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশের ২১ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে বইটি রচিত হয়েছে। তরুণ এই প্রজন্মের কাছে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এবং বৈশ্বিক খাদ্য ব্যবস্থার মূল সংকটগুলোর সাথে তাদের দৃষ্টিভঙ্গির যোগসূত্র কোথায়—তা তুলে ধরাই এই বইয়ের মূল লক্ষ্য।
বইটির গবেষকদের মতে, জেন জির কাছে খাবার মানে কেবল ক্ষুধা মেটানো নয়। এটি তাদের জীবনবোধ ও গল্প বলার একটি মাধ্যমও। তাদের খাবার বাছাইয়ের ক্ষেত্রে শুধু স্বাদই মুখ্য নয়; বরং খাবারের উৎস সম্পর্কে স্বচ্ছতা, ঐতিহ্য এবং আস্থার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। লেখকদের ভাষায়, এটি যেন ‘প্লেটে সাজানো এক ধরনের অ্যাক্টিভিজম’। তাদের মতে, জেন জি হয়তো নিখুঁতভাবে সবকিছু করছে না, তবে তারা অত্যন্ত সচেতনভাবেই প্রচলিত খাদ্য ব্যবস্থায় পরিবর্তন আনছে।
বিষয়ভিত্তিক নানা অধ্যায়ে সাজানো এই বইয়ে বৈশ্বিক খাদ্য সংস্কৃতিতে প্রচলিত ও অত্যাধুনিক উদ্ভাবন নিয়ে জেন জির ভাবনা ও বিশ্বাস বিশ্লেষণ করা হয়েছে। ল্যাবে তৈরি মাংস, ছত্রাক ও শৈবাল, পুষ্টি এবং বিকল্প দুধের মতো বিষয়গুলোতে জেন জি ঠিক কী অবস্থান নেয়, লেখকেরা তা খুঁটিয়ে দেখেছেন। এখানে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেন জি অ্যান্ড দ্য ফিউচার অব ফুড। ছবি: সংগৃহীত
প্রিসিশন ফার্মেন্টেশনের মতো নতুন প্রযুক্তির কথা বইটিতে তুলে ধরা হয়েছে। অণুজীবকে পুনর্গঠন করে প্রাণিজ খাবারে থাকা প্রোটিন তৈরি করাই এর কাজ। এমনকি বিশ্বের বহু খাদ্য সংস্কৃতিতে শতাব্দী ধরে চলে আসা পোকামাকড় খাওয়ার (এন্টোমোফ্যাজি) প্রথাতেও যুক্ত হয়েছে আধুনিক ও প্রযুক্তি-নির্ভর চাষাবাদ।
দ্রুত বদলে যাওয়া খাদ্য ব্যবস্থায় এআইয়ের বর্তমান ও ভবিষ্যৎ প্রভাবও মূল্যায়ন করেছেন লেখকেরা, যা অনুধাবন করা মোটেও সহজ নয়। খাদ্য অপচয় ঠেকানো ও কমানো থেকে শুরু করে ভোক্তার মূল্যবোধ অনুযায়ী খাবার তৈরির মতো সম্ভাবনার পাশে তারা অ্যালগরিদমিক পক্ষপাত, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য হারানো এবং গ্রিনওয়াশিং বা পরিবেশবান্ধব সাজের আড়ালে ভুয়া দাবির মতো বাস্তব ঝুঁকিগুলো তুলে ধরেছেন।
জেন জি ইতিহাসের সবচেয়ে সংযুক্ত ডিজিটাল প্রজন্ম। খাদ্যের সাথে তাদের সম্পর্কের কেন্দ্রে রয়েছে সোশ্যাল মিডিয়ায় তাদের সক্রিয়তা। খাদ্যাভ্যাসকে ঘিরে সমমনাদের নিয়ে কমিউনিটি তৈরি করা, নতুন রেসিপি খোঁজা এবং ভাইরাল খাবারের সন্ধান পেতে তারা ইনস্টাগ্রাম ও টিকটকের মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে। এতে তাদের খাবার নির্বাচনের সিদ্ধান্তগুলো ক্রমেই আরও বৈচিত্র্যময় ও গতিশীল হয়ে উঠছে।
তীব্রতর হতে থাকা জলবায়ু সংকটের প্রেক্ষাপটে টেকসই সমাধান যে আরেকটি প্রধান বিবেচ্য বিষয় হবে, তা অবাক করার মতো নয়। তবে এখানে বেশ সূক্ষ্ম কিছু দিক রয়েছে।
আমাদের খাদ্য ব্যবস্থার, বিশেষ করে পশ্চিমা খাদ্যাভ্যাসের সবচেয়ে ঠুনকো দিকগুলোর একটি হলো প্রাণিসম্পদের ওপর অতিরিক্ত নির্ভরতা। খাদ্যতালিকা থেকে মাংস কমানো বা বাদ দেওয়া নিয়ে জেন জির মতামত এই বইয়ের অন্যতম মূল বিষয়।
প্রচলিত একটি ধারণা আছে যে উদ্ভিদভিত্তিক খাদ্যাভ্যাসের ক্ষেত্রে জেন জি সামনের সারিতে নেতৃত্ব দিচ্ছে—কিন্তু এই বই দেখায়, পুরোপুরি ভেগান ডায়েট গ্রহণের চেয়ে তারা মাংস খাওয়া কমানোর দিকেই বেশি ঝুঁকছে। এর পেছনে মূল কারণ হলো অতিমাত্রায় প্রক্রিয়াজাত অল্টারনেটিভ মিট তাদের অপছন্দ। জেন জি আসল বিষয়কে মূল্য দেয়।
প্রযুক্তিতে দক্ষ হলেও এআইয়ের বিরুদ্ধে যে প্রতিরোধ তৈরি হয়েছে, তাতেও তারা সামনের সারিতে। আর এই বইয়ে দেখা গেছে, নতুন ধরনের খাবার এবং প্রিসিশন ফার্মেন্টেশনের মতো প্রক্রিয়া নিয়ে তাদের মনে সংশয় বা দ্বিধা রয়েছে।
তাদের এই সংশয় প্রযুক্তি নিয়ে নয়, বরং এই আশঙ্কা নিয়ে যে প্রযুক্তি হয়তো ‘আমাদের খাদ্য সংস্কৃতিগুলোকে একঘেয়ে কিছুতে পরিণত করবে’। বেশিরভাগ জেন জি মনে করেন, ‘প্রযুক্তির উচিত আমাদের খাদ্য ঐতিহ্য সংরক্ষণে সাহায্য করা, তা মুছে ফেলা নয়’।
অনন্য খাদ্য সংস্কৃতি ধরে রাখার এই উদ্বেগ ইঙ্গিত দেয় যে খাবার নির্বাচনে জেন জির কাছে খাবারের সাংস্কৃতিক বোধ এখনো মূল নির্ধারক, এমনকি বিকল্পগুলো পরিবেশের জন্য যুক্তিসঙ্গতভাবে বেশি ভালো হলেও। সংস্কৃতি ও ইতিহাস এখানে গুরুত্বপূর্ণ।
দ্য কনভারসেশনের প্রতিবেদনে বইটির প্রশংসার পাশাপাশি একটি সমালোচনাও করা হয়েছে।
বলা হয়েছে, বইয়ে ব্যবহৃত এআই দিয়ে তৈরি ছবিগুলো অনেক সময় লেখকদের যুক্তির মূল ভাবনা থেকে মনোযোগ সরিয়ে দিয়েছে। ছবিগুলো ছিল অস্পষ্ট এবং লেখকেরা যে মূল বিষয়গুলো তুলে ধরছিলেন, তা সেগুলো ফুটিয়ে তুলতে পারেনি। এই সমালোচনার পরও বোগুয়েভা ও মারিনোভা এমন একটি প্রজন্মের জটিলতা ও বৈচিত্র্যকে তুলে ধরেছেন, যারা এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং যাদের সচেতনতা ও সদিচ্ছা খাদ্যের ভবিষ্যৎকে নাটকীয়ভাবে প্রভাবিত করার সামর্থ্য রাখে।
লেখকদের ভাষায়, “জেন জি এক নতুন ধরনের খাদ্য সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছে, যেখানে কেবল স্বাদ নয়, বরং উদ্দেশ্য এবং দায়িত্ববোধকে অগ্রাধিকার দেওয়া হয়।”