Advertisement

নিয়মহীন বিশ্বের নতুন সমীকরণ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নিয়মহীন বিশ্বের নতুন সমীকরণ
নিয়মহীন বিশ্বের নতুন সমীকরণ। ছবি: এআই দিয়ে নির্মিত

আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রচলিত প্রবাদ হলো, ‘শত্রুর শত্রু আমার বন্ধু’। কিন্তু বর্তমান বিশ্ব ব্যবস্থায় যখন আপনার বন্ধু আপনার শত্রুর সঙ্গেও সখ্য গড়ে তোলে, তখন প্রচলিত কূটনৈতিক হিসাবনিকাশ আর কাজ করে না। ভূরাজনৈতিক বিশ্লেষক পরাগ খান্না প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ফরেন পলিসিতে লেখ তার ‘দ্য কেওস থিওরি অব ইন্টারন্যাশনাল রিলেশনস’ শীর্ষক নিবন্ধে বর্তমান বিশ্ব পরিস্থিতিকে এই দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করেছেন। তার মতে, আধুনিক বিশ্ব ব্যবস্থা এখন আর কেবল নৈরাজ্যিক নয়, বরং এটি এক জটিল বিশৃঙ্খলার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে কোনো একক পরাশক্তির একচ্ছত্র নিয়ন্ত্রণ নেই।

Advertisement

স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের একক আধিপত্য বা ‘ইউনিপোলার’ বিশ্ব ব্যবস্থার যে উত্থান ঘটেছিল, তার ভেতরেই এর পতনের বীজ লুকিয়ে ছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্বায়নের যে দ্রুত প্রসার ঘটেছিল, তা উদীয়মান অর্থনীতিগুলোকে আত্মবিশ্বাসী ও সক্ষম করে তুলেছে। ১৯৬১ সালে বেলগ্রেডে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম গঠিত হলেও তখন সদ্য স্বাধীন দেশগুলো ছিল দুর্বল ও পরাশক্তিগুলোর মুখাপেক্ষী। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জন্ম নেওয়া প্রায় একশটি উত্তর-ঔপনিবেশিক রাষ্ট্র এখন আর অন্য কারও কৌশলগত দাবার ঘুঁটি হতে চায় না। তারা নিজেদের স্বার্থকে কেন্দ্রে রেখে নিজস্ব এজেন্সি বা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে আগ্রহী।

Advertisement

বর্তমান বৈশ্বিক বিশৃঙ্খলার মূল কারণ হলো ‘মাল্টি-অ্যালাইনমেন্ট’ বা বহুমুখী জোটের রাজনীতি। ২০০৬ সালে পরাগ খান্না ও সি. রাজা মোহন প্রথম এই ধারণাটি সামনে আনেন। এর মূলমন্ত্র হলো, কোনো একটি নির্দিষ্ট শিবিরে বন্দী না থেকে যত বেশি সম্ভব রাষ্ট্রের সঙ্গে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলা। রিয়েলিস্ট বা বাস্তববাদী তত্ত্বে রাষ্ট্রগুলোকে বিলিয়ার্ড বলের সঙ্গে তুলনা করা হতো, যাদের আচরণ ছিল পূর্বানুমেয়। কিন্তু বর্তমান বিশ্বে অসংখ্য রাষ্ট্র ও আঞ্চলিক শক্তি যুক্ত হওয়ায় তৈরি হয়েছে ‘বাটারফ্লাই ইফেক্ট’ বা প্রজাপতি প্রভাব। এর ফলে এক প্রান্তের সামান্য সিদ্ধান্ত অন্য প্রান্তে অপ্রত্যাশিত ও বিপরীতমুখী ফলাফল বয়ে আনছে।

এই অপ্রত্যাশিত ফলাফলের সবচেয়ে বড় উদাহরণ হলো প্রযুক্তির হাতবদল ও তার বুমেরাং প্রভাব। ইসরায়েল যুক্তরাষ্ট্রের রপ্তানি চুক্তি লঙ্ঘন করে চীনের কাছে উন্নত ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তি হস্তান্তর করেছিল। সেই মার্কিন প্রযুক্তি ব্যবহার করে চীন কেবল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের জন্য হুমকিই তৈরি করেনি, বরং উন্নত ক্ষেপণাস্ত্র ইরানের কাছে রপ্তানি করেছে, যা পরবর্তীতে ইসরায়েলের ওপরই নিক্ষিপ্ত হয়েছে। একইভাবে, সত্তরের দশকে পাকিস্তানি বিজ্ঞানী এ কিউ খানের মাধ্যমে নেদারল্যান্ডস থেকে পাচার হওয়া সেন্ট্রিফিউজ প্রযুক্তি উত্তর কোরিয়া ও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ত্বরান্বিত করে। অথচ ২০২৬ সালে এসে সেই ইরানের পারমাণবিক হুমকি মোকাবিলায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেছে।

সংশ্লিষ্ট পক্ষগুলোর স্বার্থ বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি রাষ্ট্র এখন ‘ফোরাম শপিং’ বা নিজেদের সুবিধামতো জোট বেছে নেওয়ার নীতি গ্রহণ করেছে। ভারত এর একটি প্রকৃষ্ট উদাহরণ। দেশটি একদিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নিরাপত্তা জোট কোয়াডের সদস্য, অন্যদিকে চীন ও রাশিয়া প্রভাবিত ব্রিকস এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনেরও (এসসিও) সক্রিয় অংশীদার। মধ্যপ্রাচ্যের দেশগুলোও একই পথে হাঁটছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্রের বড় সামরিক ঘাঁটি ও প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেও চীনের সঙ্গে অস্ত্র ও বাণিজ্য চুক্তি বাড়াচ্ছে এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করছে। এমনকি ন্যাটোর পূর্ণ সদস্য হয়েও তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের আশা ছেড়ে দিয়ে এসসিওতে যোগ দেওয়ার কথা ভাবছে এবং চীনের এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে প্রায় ৫০টি প্রকল্প বাস্তবায়ন করছে।

ক্ষমতার এই নতুন সমীকরণে কেবল মাঝারি শক্তিগুলোই নয়, বরং বৃহৎ পরাশক্তিগুলোও বহুমুখী কৌশলের আশ্রয় নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কানাডা ও ভারতের পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করায় এই দেশগুলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি ও ঘনিষ্ঠতা বাড়াতে বাধ্য হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের বোঝা ইউরোপের কাঁধে চাপিয়ে দিয়ে রাশিয়ার সঙ্গে সম্পদ বিনিয়োগের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, যাতে মস্কোর ওপর বেইজিংয়ের নির্ভরতা কমে। চীনও বসে নেই; তারা ইউরোপীয় বাজারে বিনিয়োগ বাড়িয়ে শুল্ক কম রাখার চেষ্টা করছে এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর—যেমন সৌদি আরব ও ইরান কিংবা ভারত ও পাকিস্তান—উভয়ের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে।

এই পরিস্থিতির অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব সুদূরপ্রসারী। আনুষ্ঠানিক সামরিক জোটের জায়গা দখল করে নিচ্ছে ব্রিকস ও এসসিওর মতো কার্যকরী গোষ্ঠীগুলো, যারা ডলারের একক আধিপত্য কমানো বা ডি-ডলারাইজেশন এবং বিকল্প নিরাপত্তা কাঠামো তৈরিতে কাজ করছে। মধ্যম সারির শক্তিগুলো ইউক্রেন বা ইরান যুদ্ধের মতো সংকটে কোনো এক পক্ষ বেছে নেওয়ার বদলে উভয় পক্ষের কাছ থেকেই সুবিধা আদায় করে নিচ্ছে। এর ফলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন কোনো স্নায়ুযুদ্ধ শুরুর সম্ভাবনা বা বিশ্বকে দুই ভাগে ভাগ করার প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। পরাশক্তিগুলোকে চাপে রাখতে মাঝারি শক্তিগুলো এই কৌশলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

অর্থনৈতিক ক্ষেত্রে পরাশক্তিগুলোর এই প্রতিযোগিতা উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করছে। এক দশক আগেও আফ্রিকাকে চীনের একচ্ছত্র অর্থনৈতিক ক্ষেত্র মনে করা হতো। কিন্তু চীনের ঋণের ফাঁদ ও পণ্য ডাম্পিংয়ের বিপরীতে যুক্তরাষ্ট্র এখন অ্যাঙ্গোলা, কঙ্গো ও জাম্বিয়াজুড়ে ‘লোবিটো করিডোর’ প্রকল্পে চার বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করছে। এমনকি চীনের দীর্ঘদিনের মিত্র পাকিস্তানও খনিজ সম্পদ উত্তোলন এবং বোয়িং বিমান কেনার জন্য যুক্তরাষ্ট্রের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক ও ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের ঋণ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক এবং ট্রাম্প প্রশাসনের ‘প্যাক্স সিলিকা’ ও ‘মাইন টু ম্যাগনেট’ উদ্যোগগুলোও মূলত এই বহুমুখী ও অ-একচেটিয়া অংশীদারত্বেরই অংশ।

ভবিষ্যৎ বিশ্ব ব্যবস্থার দিকে তাকালে দেখা যায়, পরাশক্তিগুলোর সরাসরি হস্তক্ষেপ ছাড়াই আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক সহযোগিতার এক নতুন যুগ শুরু হয়েছে। আসিয়ান, গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) মতো আঞ্চলিক জোটগুলো নিজেদের মধ্যে বাণিজ্য বাধা দূর করে পরাশক্তিগুলোর ওপর নির্ভরতা কমাচ্ছে। ইউক্রেন, তুরস্ক ও জিসিসির মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের নেটওয়ার্ক কিংবা আসিয়ানের সঙ্গে জিসিসির খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অংশীদারত্ব প্রমাণ করে যে, কার্যকর সহযোগিতার জন্য এখন আর কোনো পরাশক্তির অভিভাবকত্বের প্রয়োজন নেই।

উদারনৈতিক বিশ্ব ব্যবস্থার পতন নিয়ে অনেকেই হতাশা প্রকাশ করলেও বাস্তবতা হলো, পুরনো ও অকার্যকর বহুপাক্ষিকতার জায়গায় নিচ থেকে ওপরে উঠে আসা এক নতুন কৌশলগত নেটওয়ার্ক গড়ে উঠছে। আন্তর্জাতিক সম্পর্কে বর্তমানের এই অস্থিরতা ও অনিশ্চয়তা কোনো ত্রুটি নয়, বরং এটিই নতুন বিশ্ব ব্যবস্থার মূল বৈশিষ্ট্য। পরাগ খান্নার বিশ্লেষণ অনুযায়ী, বহুমুখী জোটের এই রাজনীতি প্রমাণ করে যে, আগামী দিনের বিশ্ব কোনো একক পরাশক্তির ইশারায় চলবে না, বরং প্রতিটি রাষ্ট্রের নিজস্ব স্বার্থ ও বহুমাত্রিক সম্পর্কের জটিল সমীকরণই বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।