Advertisement

পিএসএলের জন্য আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পিএসএলের জন্য আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজের?
ছবি: যুক্তরাষ্ট্র ক্রিকেট

আইপিএল ও মোস্তাফিজকে ঘিরে নাটকের যেন শেষই নেই! প্রথমে শোনা গিয়েছিল, আগামী ডিসেম্বরে হতে যাওয়া আইপিএলের মিনি নিলামে নাম দিয়েছেন মোস্তাফিজুর রহমান। তবে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রকাশিত তালিকায় নেই এই বাঁহাতি পেসারের নাম। অর্থাৎ, নিলামের জন্য নিজের নামই জমা দেননি তিনি।

Advertisement

তালিকায় উল্লেখযোগ্যভাবে নেই সাকিব আল হাসানের নামও। যদিও দুয়েক বছর ধরেই আইপিএলে দল পাচ্ছেন না সাকিব।

তবে মোস্তাফিজের বিষয়টি শুরু থেকেই ভিন্ন। ঘটনার সূত্রপাত মূলত গত আইপিএলের নিলাম থেকেই। কলকাতা নাইট রাইডার্স যখন রেকর্ড বিড করে মোস্তাফিজকে কিনেছিল, তখন থেকেই কলকাতার সমর্থকদের মধ্যে একজন বাংলাদেশি বা বাঙালি ক্রিকেটার তাদের দলে খেলবেন—এ নিয়ে আলোচনা শুরু হয়।

আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান টানা দুই বছর খেলবেন না এই টুর্নামেন্টে। ছবি: রয়টার্স
আইপিএলের নিয়মিত মুখ মোস্তাফিজুর রহমান টানা দুই বছর খেলবেন না এই টুর্নামেন্টে। ছবি: রয়টার্স

তবে একাংশের সমালোচনা ছিল, কলকাতা স্থানীয় খেলোয়াড়দের পেছনে বেশি অর্থ ব্যয় না করে একজন বাংলাদেশি ক্রিকেটারকে এত টাকা দিয়ে কেন কিনল! ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে বারবার প্রশ্ন তোলা হচ্ছিল, একজন বাংলাদেশি ক্রিকেটারকে এত অর্থ দিয়ে কেন দলে নেওয়া হলো?

Advertisement

তবে কলকাতা নাইট রাইডার্স শুরু থেকেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছিল। মোস্তাফিজকে দলে পাওয়ার ব্যাপারে তাদের আগ্রহও ছিল স্পষ্ট। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই তারা মোস্তাফিজকে একজন বিদেশি ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু এরপর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে একরকম বাধ্যই হয় কলকাতা নাইট রাইডার্স।

বিতর্কিত সেই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তীব্র প্রতিক্রিয়া জানায়। শেষ পর্যন্ত ভারতে অংশ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ।

এই ঘটনার পর বেশ কিছু সময় পেরিয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ডের মধ্যে সম্পর্কের তিক্ততা এক বছর আগের মতো নেই। মোস্তাফিজও প্রকাশ্যে এখন পর্যন্ত সেই ঘটনা নিয়ে পক্ষে বা বিপক্ষে কিছু বলেননি। তবুও এবারের আইপিএলের মিনি নিলামে তিনি নাম দিতে যাচ্ছেন—এমন খবর শুনে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যখন জানা গেল, তিনি নিলামে নাম দেননি, তখন নতুন করে তৈরি হয়েছে বিস্ময়।

ঠিক কী কারণে মোস্তাফিজ আইপিএলের নিলামে নাম দিলেন না? যেখানে গুঞ্জন রয়েছে, তিন থেকে চারটি ফ্র্যাঞ্চাইজি তাকে নিলামে পেলেই দলে নেওয়ার জন্য মুখিয়ে ছিল! তবে কি পিএসএলে খেলার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের এই পেসার?

গত বছর আইপিএলে নাটকীয়ভাবে বাদ পড়ার পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজকে সর্বোচ্চ সম্মান দিয়ে বরণ করে নেওয়া হয়েছিল। পারিশ্রমিকের দিক থেকে আইপিএলের তুলনায় পিএসএলে অনেক কম পেলেও, সম্মানের জায়গা থেকে কোনো অংশেই কমতি ছিল না। গতবার মোস্তাফিজকে দলে নেওয়া লাহোর কালান্দার্স এবারও তাকে ধরে রাখতে আগ্রহী। পাশাপাশি আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি তাকে লোভনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে বলে খবর রয়েছে।

আপাতত জাতীয় দলকেই প্রাধান্য দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি
আপাতত জাতীয় দলকেই প্রাধান্য দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

সম্ভবত সেই কারণেই ঝুঁকি নিতে চাইছেন না মোস্তাফিজ। আইপিএলের নিলামে নাম দিলে, পরবর্তী সময়ে কোনো খেলোয়াড় চোটে পড়লে, তার জায়গায় মোস্তাফিজের কাছে প্রস্তাব আসতে পারে। এমনকি পিএসএল চলাকালীনও আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে লোভনীয় প্রস্তাব দিতে পারে। সে ক্ষেত্রে আইপিএলকে ‘না’ বলে দিলে পরবর্তী সময়ে কোনো ফ্র্যাঞ্চাইজির ডাক পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে।

অন্যদিকে পিএসএলের নতুন নিয়ম অনুযায়ী, একবার দল পাওয়ার পর কোনো খেলোয়াড় আইপিএলে গেলে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুকের ক্ষেত্রেও এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোস্তাফিজ সম্ভবত এই ঝুঁকিটা নিতে চাইছেন না। আর সে কারণেই নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন।

এর পাশাপাশি রয়েছে জাতীয় দলের ওয়ানডে বিশ্বকাপ ভাবনাও। সঙ্গে রয়েছে প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগে খেলার বিষয়টিও। বিশ্বকাপের আগে তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টকে গুরুত্ব দিতে চাইতে পারেন মোস্তাফিজ।

সাকিব কেন নেই

সাকিব কেন নিলামে নাম দিলেন না, সেটিও বড় প্রশ্ন। সাকিবের বর্তমান বয়স ও ফর্ম এবং বিভিন্ন মাইনর লিগে খেলার বিষয়টি বিবেচনায় নিলে আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহী হবে কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। তবে নিলামে নাম দিতে তো সমস্যা ছিল না।

২০২১ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান। ছবি: বিসিবি
২০২১ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন সাকিব আল হাসান। ছবি: বিসিবি

তবে কি বাস্তবতা বুঝে গেছেন সাকিব? আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, শীর্ষ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোতেও নিজের চাহিদা যে আর আগের মতো নেই, সেটি উপলব্ধি করেছেন তিনি? নাকি নিলামে নাম দিয়ে দল না পেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে চাননি বলেই এবার নাম জমা দেননি সাকিব?

কারা নাম দিয়েছেন

বাংলাদেশ থেকে অন্য যারা নিলামে নাম দিয়েছেন, তাদের মধ্যেও কারও দল পাওয়া নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। প্রতি বছরই বাংলাদেশের অনেক ক্রিকেটার আইপিএলের নিলামের জন্য নাম দেন। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, অনেকের নামই ডাকা হয় না। আবার নাম ডাকা হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে আগ্রহ দেখা যায় না।

এবার নিলামে নাম দেওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন ও হাসান মাহমুদ।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিগুলো বাংলাদেশের একজন ক্রিকেটারের দিকে গভীরভাবে নজর রাখছে। তিনি হৃদয়। শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগেও নিজের পারফরম্যান্সের প্রমাণ দিয়েছেন এই ব্যাটার। সব ধরনের শট খেলার সামর্থ্য রয়েছে তার। লাল বল ও সাদা বল—দুই ধরনের ক্রিকেটেই দারুণ ফর্মে রয়েছেন হৃদয়। তার পারফরম্যান্স নজর কেড়েছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। তারা তাকে মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করছে।

আইপিএলে দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়ের। ছবি: বিসিবি
আইপিএলে দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে তাওহীদ হৃদয়ের। ছবি: বিসিবি

তাই নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেলে এবং তার নাম ডাকা হলে হৃদয়ের দল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখালে আইপিএলে দেখা যেতে পারে এই বাংলাদেশি ব্যাটসম্যানকে।

গত বছর মোস্তাফিজ আইপিএলে খেলতে না পারায় বাংলাদেশের দর্শকদের একাংশ আইপিএল বয়কট করেছিলেন। এবারও তিনি খেলবেন না। থাকবেন না সাকিবও।

তবে কি আইপিএল নিয়ে ক্রমেই আগ্রহ কমে যাচ্ছে ক্রিকেটার থেকে শুরু করে দর্শক—সব পক্ষেরই? উত্তরটা জানা যাবে মিনি নিলামের পরই সম্ভবত।