রাজশাহীর পবাতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে ফের হামলা করা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এবার উপকেন্দ্রটিতে পেট্রলবোমা ছোড়া হয়েছে। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়েছে।
গতকাল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ (খড়খড়ি) উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরপর দুই রাত একই উপকেন্দ্রে হামলায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রের কার্যালয়ে প্রবেশ করে পেট্রলজাতীয় পদার্থভর্তি কয়েকটি বোতল নিক্ষেপ করে। এতে তিনটি বোতল বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে আরও চারটি অবিস্ফোরিত বোতল পাওয়া যায়। এ সময় তিনটি ফাঁকা গুলি ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন উপকেন্দ্রের কর্মীরা। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। দায়িত্বে থাকা লাইনম্যান ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা হয়।
সমিতির উপমহাব্যবস্থাপক সপ্তর্ষি পাল বলেন, পবা উপজেলার পারিলা উপকেন্দ্র চালু আছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তরা ককটেল জাতীয় কিছু বিস্ফোরণ ঘটিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। তিনি বলেন, ‘‘আমাদের নিজস্ব পর্যাপ্ত লোকবল থাকায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। পরে রাতেই বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করা হয়।’’
সপ্তর্ষি পাল আরও জানান, এর আগের রাতেও একই উপকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে গত রাতে গুলি ছোড়ার বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
পরপর দুই রাত একই উপকেন্দ্রে হামলার ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নাম প্রকাশ না করার শর্তে উপকেন্দ্রের এক কর্মী বলেন, পরপর দুই দিন এমন পরিস্থিতিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে। তারা নিজেদের নিরাপদ মনে করছেন না।
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র মো. গাজিউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মুখ আটকানো অবস্থায় দুটি বোতলে পেট্রলজাতীয় পদার্থ এবং একটি পলিথিনে অল্প পরিমাণ কাপড় কাচার ব্লিচিং পাউডার উদ্ধার করেছে। এ ছাড়া আরও দুটি প্লাস্টিকের বোতল পোড়া অবস্থায় পাওয়া গেছে। সেগুলোতে পেট্রলজাতীয় পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে। দূর থেকে আগুন ধরিয়ে বোতলগুলো নিক্ষেপ করা হয়েছিল।
ফাঁকা গুলি ছোড়ার বিষয়ে গাজিউর রহমান বলেন, ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো বিশ্লেষণ করা হচ্ছে। তিনি আরও জানান, এর আগের রাতেও একই উপকেন্দ্রে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনায় একটি মামলা হয়েছে।
সর্বশেষ ঘটনার বিষয়েও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান আরএমপির এই কর্মকর্তা।