বাংলাদেশে শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় জারা ও এইচঅ্যান্ডএমসহ বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ডগুলো চলতি মাসে তাদের মাসিক অর্ডারের প্রায় ১০ শতাংশ বাংলাদেশ থেকে এশিয়ার অন্য উৎপাদনকেন্দ্রে সরিয়ে নিয়েছে। আর এতে সবচেয়ে বেশি লাভ হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের।
তিনজন কারখানার মালিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তাদের তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার সরিয়ে নেওয়া হয়েছে। এসব অর্ডারের বেশির ভাগই গেছে ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাতের জন্য এটি বড় ধাক্কা। চলমান শ্রমিক অসন্তোষের বাইরেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে জানিয়েছে রয়টার্স।
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, শ্রমিক বিক্ষোভের কারণে দেশের উৎপাদনে ৪০০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি হয়েছে।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এবং উৎপাদন খাতে প্রায় ৪০ শতাংশ কর্মসংস্থান এই শিল্পের ওপর নির্ভরশীল।
শিল্প খাত সংশ্লিষ্টদের বরাত দিয়ে রয়টার্স জানায়, বাংলাদেশ থেকে অর্ডার সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ভারত। পাশাপাশি সরবরাহ ব্যবস্থার ঝুঁকি কমাতে এবং সময়মতো পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
গত বুধবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর অনুমোদন দেওয়ার পর পরিস্থিতির আরও অবনতি হয়।