Advertisement

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনে আগুন, নামতে গিয়ে ১০ যাত্রী আহত
ছবি: ইউএনবি

চাঁদপুর আদালত রেলওয়ে স্টেশনে মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার জানান, চট্টগ্রামগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেস স্টেশনে পৌঁছানোর সময় রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ট্রেনটির সর্বশেষ বগির পেছনের দিকের দুটি আসনে আগুন লাগে।

তিনি বলেন, যাত্রীরা হঠাৎ দুটি আসন থেকে আগুনের শিখা বের হতে দেখে চিৎকার শুরু করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ট্রেন থেকে নামার জন্য হুড়োহুড়ি শুরু হয়। এ সময় বগি থেকে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়। রেলওয়ের কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।=

Advertisement

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ট্রেনের টিকিট পরীক্ষক (টিটিই) কামরুজ্জামান সোহাগ বলেন, মেঘনা এক্সপ্রেসের ১৭টি বগিতে প্রায় ৩০০ যাত্রী ছিল। তাদের বেশির ভাগই দেশের দক্ষিণাঞ্চলে যাচ্ছিল।

চাঁদপুর রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ মারুফ হোসেন বলেন, আগুন লাগার পর সংশ্লিষ্ট বগিটি দ্রুত ধোঁয়ায় ভরে যায়। এতে যাত্রীরা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে।

তিনি বলেন, আগুন লাগার সময় ওই বগিতে কোনো যাত্রী ছিল না। তবে এর আগের ও পরের বগিগুলোতে যাত্রী ছিল।

রেলওয়ের কর্মচারীরা আগুন নিভিয়ে ফেলে। আগুনে বগির দুটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্টেশনমাস্টার বলেন, আগুন লাগার কারণ এবং এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল কি না, তা জানতে তদন্ত চলছে।

ওসি জসিম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১৯৮০-এর দশক থেকে চাঁদপুর ও চট্টগ্রামের মধ্যে চলাচল করছে মেঘনা এক্সপ্রেস।

ট্রেনটি প্রতিদিন সকাল ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। বিকেল ৫টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে রাত ১০টার দিকে চাঁদপুরে পৌঁছায়।

আজ শনিবার ভোরেও ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।