উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের সঙ্গে তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় পঞ্চগড়ে শীতের তীব্রতা বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আজ শনিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরও জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস, শিশির এবং থেমে থেমে হালকা থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে পুরো জেলা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কেটে গিয়ে সূর্যের দেখা মিলছে।
শীতের তীব্রতা বাড়তে থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও বাইরে কাজ করা শ্রমজীবীরা বেশি ভোগান্তিতে পড়েছে।