রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ভারতীয় সীমান্তের কাছে বাংলাদেশের অভ্যন্তরে উড়তে থাকা দুই থেকে তিনটি ‘সন্দেহজনক ড্রোন’ লক্ষ্য করে শুক্রবার রাতে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, লাল ও সাদা আলোযুক্ত ড্রোনগুলো বাঘাইছড়ি-মিজোরাম সীমান্তের কাছে বাংলাদেশের আকাশসীমায় উড়তে দেখা যায়।
সূত্র জানায়, দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা ড্রোনগুলো লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেগুলো সরে যায়।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ ইউএনবিকে বলেন, শুক্রবার রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ভারতের মিজোরাম রাজ্যের কাছে বাংলাদেশের বেশ ভেতরে দুই থেকে তিনটি ড্রোন উড়তে দেখে বিজিবি সদস্যরা।
তিনি বলেন, “আমাদের সদস্যরা গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই ড্রোনগুলো সরে যায়।”
ড্রোনগুলো সীমান্তের ওপার থেকে ওড়ানো হয়ে থাকতে পারে কি না, জানতে চাইলে বিজিবির এই কর্মকর্তা বলেন, এর সম্ভাবনা খুবই কম। কারণ, ড্রোনগুলো বাংলাদেশের ভূখণ্ডের বেশ ভেতরে দেখা গেছে।
তিনি বলেন, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো ড্রোন পরিচালনা করে থাকতে পারে। তবে এগুলোর প্রকৃত উৎস ও উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, “রাতের বেলায় কেন ড্রোনগুলো ওড়ানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা বিষয়টি জানার চেষ্টা করছি।”
এই কর্মকর্তা আরও বলেন, জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র গোষ্ঠীগুলো ওই এলাকায় সক্রিয় রয়েছে। প্রতিপক্ষ গোষ্ঠীর গতিবিধি পর্যবেক্ষণে তারা কখনো কখনো ড্রোন ব্যবহার করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বিজিবি সদস্যরা রাতের অন্ধকার আকাশের দিকে রাইফেল তাক করে গুলি ছুড়ছে। গুলি ছোড়ার সময় আকাশে আলোর ঝলকানিও দেখা যায়।
তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছিল, কারা সেগুলো পরিচালনা করছিল কিংবা গুলিতে সেগুলো আঘাতপ্রাপ্ত হয়েছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে গত কয়েক দিন ধরে বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকা এবং মিজোরাম সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ বিজিবির মারিশ্যা জোন প্রায় ১৫১ কিলোমিটার সীমান্ত এলাকায় দিন-রাত টহল পরিচালনা করছে।