
শরিকদের নিয়ে সংলাপ চায় জামায়াত, সকল দল নিয়ে ‘আপত্তি’
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে।

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে গত ১ নভেম্বর ‘এক রুট এক কোম্পানি’ বা সমন্বিত বাস রুট সেবা উদ্বোধন করা হয়েছিল। সরকারের বিভিন্ন সংস্থা ও পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে প্রথম ধাপে ছয়টি প্রধান রুট এবং একটি চক্রাকার (সার্কুলার) রুটে এই সেবা শুরুর ঘোষণা দেওয়া হয়। লক্ষ্য ছিল একই সড়কে একাধিক কোম্পানির বাসের রেষারেষি, বেপরোয়া গাড়ি চালানো এবং যেখানে-সেখানে যাত্রী ওঠানামা বন্ধ করা।
কিন্তু ঘোষণার তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকার সড়কে এই সমন্বিত ব্যবস্থার কার্যকর কোনো উপস্থিতি খুঁজে পাওয়া যায়নি। উদ্বোধনের পরও সড়কে আগের মতোই চলছে বিশৃঙ্খলা, পুরনো কোম্পানিগুলোর দাপট আর চালকদের প্রতিযোগিতা।
চক্রাকার বাসের দেখা নেই
শহরের ভেতরের যাতায়াত সহজ করতে চক্রাকার বাস সার্ভিস ছিল সমন্বিত বাস ব্যবস্থার অন্যতম আকর্ষণ। উদ্বোধনের দিন ১ নভেম্বর জানানো হয়েছিল, মিরপুর-১ আনসার ক্যাম্প থেকে কচুক্ষেত, সৈনিক ক্লাব, জাহাঙ্গীর গেট ও আগারগাঁও হয়ে আবার আনসার ক্যাম্প পর্যন্ত ২২ দশমিক ৫ কিলোমিটারের একটি বিশেষ চক্রাকার রুটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের ৩০টি নতুন এসি বাস চলাচল করবে। কিন্তু এই রুটের পাইকপাড়া, আনসার ক্যাম্প ও বনানী এলাকায় সরেজমিনে গিয়ে এসব বাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

কচুক্ষেতের বাসিন্দা হাবিবা তাসনিম চরচাকে বলেন, “এখনো রাস্তায় চক্রাকার কোনো বাসের দেখা পাইনি। প্রতিদিন এই রাস্তায় যাওয়া আসা করি। হাতিরঝিলের মতো আমাদের এখানেও যদি চক্রাকার বাস আসে, তাহলে যাতায়াত সহজ হয়। নিয়ম করার পরেও যদি বাস্তবায়ন করতে এত সময় লাগে, তাহলে সমস্যা।”
এই চক্রাকার বাস কেন চলছে না, তা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর বক্তব্যে সমন্বয়হীনতার প্রকাশ ধেখা গেছে। বাস পরিচালনার দায়িত্বে থাকা ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেসের অ্যাডমিন কর্মকর্তা কামরুজ্জামান চরচাকে বলেন, “আনসার ক্যাম্প থেকে কাকলী রুটে আমরা এখনো কোনো বাসই চালু করিনি। এ নিয়ে এখনো কোনো সঠিক নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে আমাদের বাস চালু করতে তো সময় লাগবে না।”
চক্রাকার বাস কেন চলছে না, এই প্রশ্নে সংশ্লিষ্ট সংস্থাগুলোর উত্তর একটির সঙ্গে আরেকটি মেলে না। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) কর্মকর্তা ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা বলছেন, বাস নেমেছিল, পরে বন্ধ হয়ে গেছে।
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম এর কারণ হিসেবে আইনি আনুষ্ঠানিকতার কথা বলছেন। চরচাকে তিনি বলেন, “রাজধানীতে যেকোনো বাস রুট চালু করতে ঢাকার আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) আনুষ্ঠানিক অনুমোদন লাগে। এই কমিটির সভাপতির দায়িত্বে আছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার। গত ৮ অক্টোবর প্রধানমন্ত্রীর নির্দেশনার পর রুটগুলো দ্রুত চালুর প্রয়োজন দেখা দেয়। কিন্তু অল্প সময়ে আরটিসির আনুষ্ঠানিক সভা করা কঠিন ছিল বলে ১৮ অক্টোবর ডিএমপি কমিশনার নিজের ক্ষমতাবলে ডিটিসিএ, পুলিশের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়ে একটি বৈঠক করেন। সেই বৈঠকের সর্বসম্মত সিদ্ধান্তেই ছয়টি প্রধান রুট ও একটি চক্রাকার রুট চালুর অনুমতি দেওয়া হয়।”

ডিটিসিএর এই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ১ নভেম্বরের উদ্বোধনী আয়োজনের ভিত্তি ছিল আরটিসির আনুষ্ঠানিক অনুমোদন নয়, ডিএমপি কমিশনারের ডাকা একটি বৈঠকের সিদ্ধান্ত।
এরপর কী ঘটল, তা ব্যাখ্যা করে ধ্রুব আলম বলেন, “ওই সিদ্ধান্ত আর কার্যবিবরণী পেয়ে ট্রাস্ট বাস চালু করেছিল। কিন্তু আইনি নিয়ম অনুযায়ী আরটিসির আনুষ্ঠানিক অনুমোদন লাগবে বলে তারা আমাদের জানিয়েছে, আনুষ্ঠানিক অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত কয়েক দিন বাস চালানো বন্ধ রাখবে।”
আগামী সপ্তাহে আরটিসির সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, “সভার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসেস পুনরায় বাস চালু করবে বলে আমাদের অবহিত করেছে।” তবে ঠিক কোন তারিখ থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, তা জানাননি ডিটিসিএর ওই কর্মকর্তা।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কোষাধ্যক্ষ আ স ম আহমেদ খোকন চরচাকে বলেন “বাস রাস্তায় নেমেছিল, নামার পর আবার বন্ধ হয়ে গেছে। চালু হয়ে বন্ধ হয়েছে ওনাদের কারণে, আমাদের জন্য নয়। এটা ওনাদের নিজেদের ভেতরের বিষয়।”
চক্রাকার বাস সেবার পরিকল্পনা নিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান চরচাকে বলেন, “এই সার্ভিসের জন্য বিশেষ ধরনের ৩০ আসনের বাস দরকার। যেসব সড়কে নিয়মিত বাস চলে না, সেখানেই এটি চালানোর পরিকল্পনা রয়েছে। এসব নিয়ে কাজ চলছে। আরো ১৫ দিন পর এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।”
৬ রুটেও মানা হচ্ছে না নির্দেশনা
ঢাকায় বর্তমানে চালু ৯৮টি এলোমেলো বাস রুট কমিয়ে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। ডিটিসিএর কর্মকর্তারা বলছেন, এটি অনুমাননির্ভর কোনো পরিকল্পনা নয়। টানা দুই বছর ধরে চালানো বিস্তৃত বৈজ্ঞানিক সমীক্ষা ও ট্রাফিক মডেলিংয়ের ফলের ভিত্তিতেই এটি করা হয়েছে।
কোন স্টপেজে কত যাত্রী ওঠা-নামা করেন, তা জানতে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ঢাকার সচল বাস রুটগুলোতে ১০ হাজারের বেশি যাত্রীর ওপর ‘বোর্ডিং-অ্যালাইটিং’ সমীক্ষা চালানো হয়। এর পাশাপাশি ৩৫ হাজারের বেশি যাত্রীর চলাচলের গতিপথ জানতে করা হয় ‘অরিজিন-ডেস্টিনেশন’ (উৎস-গন্তব্য) জরিপ।
শহরের ৭২টি গুরুত্বপূর্ণ সংযোগস্থলে টানা ৭২ ঘণ্টা ধরে যানবাহন গণনা করা হয়। এ ছাড়া ড্রোন ও ইঞ্জিনিয়ারিং নকশার মাধ্যমে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ বাসপথের অবকাঠামো পর্যালোচনা করা হয়।
সংগৃহীত এসব তথ্য-উপাত্ত একটি বিশেষ পরিবহন সফটওয়্যারে প্রয়োগ করে ঢাকার জন্য সমন্বিত ৩২টি রুটের নেটওয়ার্ক চূড়ান্ত করা হয়েছে। ডিটিসিএর হিসাব অনুযায়ী, নতুন ৩২টি রুট চালু হলে প্রতিদিন প্রায় ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রী নিরাপদে যাতায়াত করতে পারবেন, যা রাজধানীর মোট যাত্রীর প্রায় ৮ শতাংশ।
প্রস্তাবিত নতুন রুটগুলোর প্রায় ৭০ শতাংশ পথ বিদ্যমান পুরনো বাস রুটের সঙ্গে মিলে যায়। ফলে নতুন কোনো সড়ক না বানিয়েও বর্তমান অবকাঠামোর ওপর ভিত্তি করে ধাপে ধাপে পুরো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।
শুধু চক্রাকার রুটই নয়, প্রথম ধাপে চালু করা ছয়টি প্রধান রুটেরও প্রায় একই অবস্থা। সরেজমিনে দেখা গেছে, উদ্বোধন হওয়া ছয়টি প্রধান রুটে রুটের নির্দেশনা কিংবা একক কোম্পানির নিয়ম কোনোটিই মানা হচ্ছে না।
লালবাগের বাসিন্দা সৈয়দা আফরিন কাজের প্রয়োজনে প্রতিদিন বনানীতে যাতায়াত করেন। এজন্য প্রতি ট্রিপে দুইবার বাস বদলাতে হয়। চরচাকে তিনি বলেন, “পুরান বাসে রঙ করলেই যদি আমাদের সমস্যার সমাধান হতো, তাহলে এত বড় বড় প্রজেক্ট না নিয়ে রঙের কোম্পানিকে কাজ দিলেই তো হতো। ১ তারিখ থেকে এগুলা বাস্তবায়ন হওয়ার কথা। এখনো আমি রাস্তায় কোনো পরিবর্তন দেখিনি। সব আগের মতোই চলছে।”
পরিকল্পনা ছিল, গাজীপুর থেকে ঢাকেশ্বরী, মিরপুর থেকে কেরানীগঞ্জ, ঘাটারচর থেকে ডেমরা, কাঁচপুর ও ধউর পর্যন্ত বিস্তৃত এসব রুটে একাধিক পুরোনো কোম্পানির ব্যানার সরিয়ে একটি করে নিবন্ধিত কোম্পানির অধীনে সব বাস চালানো হবে। যেমন, ঘাটারচর থেকে চলাচলকারী প্রজাপতি, পরিস্থান ও বিকাশের মতো বাসের ব্যানার তুলে নিয়ে ২৪ নম্বর রুটের আওতায় এক ছাতার নিচে আনার নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে চালকদের দৈনিক চুক্তির বদলে নির্দিষ্ট মাসিক বেতনের আওতায় আনার কথা বলা হয়েছিল, যাতে বেশি আয়ের আশায় সড়কে যাত্রী ‘ধরার’ কাড়াকাড়ি না হয়।
বাস্তবে এসব রুটে এখনো বিকাশ, দিশারী, তানজিল, মেট্রোলিংক, রজনীগন্ধা, মালঞ্চ, সময়, মিডলাইন ও পরিস্থানসহ আগের সব কোম্পানির বাস আলাদাভাবেই যাত্রী তুলছে। রুট নম্বর দিয়ে বাস চেনার ব্যবস্থা চালু করা কিংবা চালকদের বেতনভিত্তিক করার নির্দেশনা কাগজেই আটকে আছে।
আ স ম আহমেদ খোকন চরচাকে বলেন, “প্রতিটি রুটে বাসের ওভারল্যাপিং থাকায় শুরুতে যেমন পরিকল্পনা ছিল, সবকিছু এখনো পুরোপুরি তেমন করে শুরু করতে পারিনি আমরা। তবে আগামী ১০ দিনের মধ্যে ২৯টি কোম্পানি কমিয়ে ১৬টিতে আনার কাজ চলছে।”
পরিকল্পনাতেই কি গলদ?
এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, “নতুন কিছু যোগ না করে কেবল কয়েকটি বাসের নতুন নাম দিয়েই যদি বাস রুট ফ্র্যাঞ্চাইজিং হয়ে যেত, তাহলে এত বছর লাগতো না এই প্রজেক্ট করতে। রুট ফ্র্যাঞ্চাইজিং করতে গেলে যে ধরনের পরিকল্পনা, ডিজাইন, বিনিয়োগ ও নতুন বাস কেনা দরকার- সেই পথে না হেঁটে শর্টকাট খোঁজা হচ্ছে। কিন্তু নগর পরিকল্পনায় শর্টকাট বলে কিছু নেই। টিকিট ব্যবস্থা ও শৃঙ্খলার ঘাটতিতে এই উদ্যোগ ইতোমধ্যে মুখ থুবড়ে পড়েছে।”
ড. আদিল আরও বলেন, “একটু সময় নিয়ে হলেও ভালো মানের বাস এনে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে এ ব্যবস্থা চালু করা উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসমালিকরাও চায় না রুট ফ্র্যাঞ্চাইজিং হোক, আর সরকারও একের পর এক নাটকের মধ্য দিয়ে যাচ্ছে। মূল স্পিরিট অনুযায়ী যেভাবে ফ্র্যাঞ্চাইজিং করা দরকার, সেদিকে কেউ হাঁটছে না।”
এই প্রকল্পের সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এক কারিগরি পরামর্শক উদ্যোগটির ভেতরের বেশ কিছু পরিকল্পনাগত ত্রুটির কথা তুলে ধরেছেন।
ওই পরামর্শকের মতে, প্রথমত, নগর বাসের জন্য শহরজুড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটার দীর্ঘ রুট তৈরি করা একটি ভুল সিদ্ধান্ত। যানজটের ঢাকায় একটি বাসকে আসা-যাওয়া মিলিয়ে প্রতিদিন ৮০ থেকে ৯০ কিলোমিটার পথ পাড়ি দিতে হলে বাসটি কখনোই সঠিক সময়সূচি বা টাইমশিডিউল ধরে রাখতে পারবে না। দ্বিতীয়ত, নতুন ব্যবস্থায় কয়েক শ বাস নামানোর কথা বলা হলেও রাতে সেগুলো রাখার মতো নির্দিষ্ট কোনো ডিপো বা টার্মিনাল সুবিধা নেই। ডিপো না থাকলে বাসগুলোকে শেষ পর্যন্ত রাস্তার ওপরই ফেলে রাখতে হবে, যা নতুন করে যানজট তৈরি করবে।
ডিটিসিএর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম চরচাকে বলেন, “রাতারাতি গণপরিবহনের উন্নতি করা সম্ভব নয়, আর বড় আকারে প্রচার চালিয়েও অতীতে কাজের কাজ কিছু হয়নি। সেবা ভালো হলে জনগণ এমনি টের পাবে। ৯৮টি রুটের মধ্যে আমরা ১৪টি রুটকে একসাথে এনে তা ছয়টা রুটে নামিয়ে এনেছি। সামনে আমরা চাচ্ছি আরো ১৯টা রুটকে একসাথে আনতে।”

শরিকদের নিয়ে সংলাপ চায় জামায়াত, সকল দল নিয়ে ‘আপত্তি’
জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা বলছেন, সরকারের পক্ষ থেকে সংলাপের বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জামায়াত তাদের অবস্থানের কথা সরকারকে জানিয়েছে।

খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় পুলিশের নিজস্ব নির্দেশনাতেও। খুলনার চার থানায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ কি মোবাইল ফোন চেক করতে পারে?
কিছু দিন আগে বিশ্ববিদ্যালয় থেকে বাসায় ফিরছিলেন রাফিদুল ইসলাম সাকি। মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে আসতেই তাকে ডাকেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। সাকিকে ফোন বের করতে বলে তার ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ খুলে দেখাতে বলে। ফেসবুকের ছবি এবং পোস্টগুলোও দেখে তারা। হোয়াটসঅ্যাপের গ্রুপের

ইন্দোনেশিয়ায় আটক বিস্ফোরক ও সিমের মালিক কে, জানে না কেউ!
চীন থেকে বাংলাদেশের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করা ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট ও বিপুলসংখ্যক ফাঁকা সিমকার্ডবাহী জাহাজ এমভি স্টার লাইন ইন্দোনেশিয়ায় আটক হওয়ার পর পণ্যগুলোর আমদানিকারক বা মালিকের পরিচয় এখনো জানা যায়নি। মোংলা পোর্ট কাস্টমসের তথ্যভাণ্ডারেও জাহাজটির কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট