Advertisement

খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!

খুলনায় ১১ মাসে ৮০ খুন: পুলিশ একা চলে না রাতে, পাবলিকের জান হাতে!
পুলিশের আশ্বাসে খুলনার পালংকি রেস্টুরেন্ট খোলা পর সেখানে গুলি করে দুর্বৃত্তরা। ছবি: চরচা

খুলনা মহানগরীতে এক দিনে সাতটি পৃথক স্থানে গুলির ঘটনা এবং একজন ব্যবসায়ী খুনের পর নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত গুলির শব্দে আতঙ্কিত নগরবাসী। প্রশ্ন উঠেছে, অপরাধীরা এতটা বেপরোয়া হয়ে উঠছে কীভাবে এবং এই পরিস্থিতির দায় কার? সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, পুলিশ ও নাগরিক সমাজের বক্তব্যে অভিযোগ আর পাল্টা ব্যাখ্যার ভিড়ে একটি বিষয় স্পষ্ট–সাধারণ মানুষ এখন নিরাপত্তাহীন।

Advertisement

এক দিনে সাত গুলি মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় শেখ আব্দুল হালিম নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘের ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হালিম স্থানীয়ভাবে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে। মোটরসাইকেলে আসা হেলমেটধারী দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। মাথা ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ও পরে নগরীর সদর, সোনাডাঙ্গা, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় আরও ছয়টি গুলির ঘটনা ঘটে। কোথাও বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়েছে, আবার কোথাও চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করা হয়েছে।

Advertisement

১১ মাসে ৮০ খুন

গত ১১ মাসে খুলনা মহানগরী ও জেলায় মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গুলি-হামলায় ৮০ জন নিহত হয়েছেন। চাঁদার দাবিতে তিনটি ডায়াগনস্টিক সেন্টার ও তিনটি রেস্টুরেন্টে ভাঙচুরের অভিযোগ রয়েছে। হুমকির মুখে বন্ধ হয়ে গেছে দুটি ফার্মেসি। ব্যবসায়ী, চিকিৎসক ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে সোনাডাঙ্গা থানার কাছাকাছি পালংকি রেস্টুরেন্টে। অভিযোগ অনুযায়ী, রেস্টুরেন্টটির মালিকের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠান বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। হুমকির মুখে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার পুলিশের উপস্থিতিতে সেটি খোলা হয়। কিন্তু বিকেলে আবারও গুলি চালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফের রেস্টুরেন্টটি বন্ধ করে দেওয়া হয়।

এ ধরনের ঘটনা শুধু নির্দিষ্ট প্রতিষ্ঠানের নয়, সাধারণ মানুষের মনেও ভয় ছড়িয়ে দিচ্ছে যে, কখন কোথায় গুলি হবে, তা কেউ জানে না।

পুলিশকে একা চলাচলে নিষেধ

পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় পুলিশের নিজস্ব নির্দেশনাতেও। খুলনার চার থানায় বিশেষ অভিযান চলাকালে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রাতে একাকী চলাচল না করতে বলা হয়েছে তাদের। চলতি বছরের ৯ অক্টোবর খুলনা পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখা (ডিএসবি) থেকে জারি করা এই নির্দেশনায় রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বিশেষ অভিযান চলমান থাকার কথা উল্লেখ করা হয়েছে।

সংসদ সদস্যের ক্ষোভ: চিঠি দিয়েও মেলেনি সমাধান

খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তিনি জেলা প্রশাসক ও ডিআইজির সঙ্গে সরাসরি কথা বলেছেন। দীর্ঘদিনেও সমাধান না হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে জাতীয় সংসদে নোটিশ আকারে বিষয়টি উপস্থাপন করেছেন। তার অভিযোগ, এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অকার্যকর ভূমিকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি মনে করেন। নাগরিকদের নিরাপত্তায় তারা দলগতভাবে পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি।

গতকাল সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী আব্দুল হালিম। ছবি: চরচা
গতকাল সন্ত্রাসীদের গুলিতে নিহত ব্যবসায়ী আব্দুল হালিম। ছবি: চরচা

বিএনপির অভিযোগ: পুলিশে আছে ফ্যাসিস্টদের দোসর

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, সরকার আন্তরিক হলেও যাদের দিয়ে কাজ করাবে, তাদের মধ্যে এখনো ফ্যাসিস্টদের দোসর রয়ে গেছে। তার অভিযোগ, গত ১৭ বছরে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়ায় পুলিশ প্রশাসনের ভেতরে এখনো অনেকে আগের সরকারের অনুগত। ফলে রাজনৈতিক দলগুলোর দেওয়া তথ্য সন্ত্রাসীদের কাছে চলে যাচ্ছে এবং পুলিশ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।

তুহিন আরও বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ বা মাদক ব্যবসায়ী যে দলেরই হোক, তাকে গ্রেপ্তারের দাবি তারা জানিয়ে আসছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশের এবং কোনো নেতাকর্মী আইন নিজের হাতে তুলে নিতে পারেন না।

পুলিশের ব্যাখ্যা: মাদক অভিযানের প্রতিক্রিয়া

খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান ও উপপুলিশ কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, বিশেষ অভিযানে মাদকের সরবরাহ ও কারবারের চেইন ভেঙে পড়েছে। এতে মাদক কারবারিদের আয় বন্ধ হয়ে যাওয়ায় তারা অর্থের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। একই দিনে সাতটি স্থানে গুলির ঘটনাও এর অংশ বলে পুলিশের ধারণা।

আহাদুজ্জামান জানান, নগরীতে দুটি সক্রিয় সন্ত্রাসী গ্রুপ চাঁদাবাজির সঙ্গে জড়িত। একটি ‘বি কোম্পানি’, যার সঙ্গে ‘গ্রেনেড বাবুর’ নাম রয়েছে; অন্যটি ‘নূর আজিমের গ্রুপ’। আধিপত্য বিস্তার ও নিজেদের মধ্যকার দ্বন্দ্বের কারণে গুলির ঘটনা ঘটছে বলে পুলিশের ধারণা। অভিযানে তালিকাভুক্ত চার সন্ত্রাসীসহ ৭০ থেকে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আগাম তথ্য পেয়ে অনেক অপরাধী গা ঢাকা দিচ্ছে এবং অপরাধ সংঘটনের পর রূপসা, দিঘলিয়া, ডুমুরিয়া ও দাকোপসহ জেলার বিভিন্ন উপজেলায় পালিয়ে যাচ্ছে।

কপুলিশের দাবি, সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক সহযোগিতা প্রয়োজন, কিন্তু নেতা-কর্মীদের কাছ থেকে প্রত্যাশিত সহায়তা মিলছে না–বিশেষ করে ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকে।

নাগরিক সমাজের দাবি: বিবৃতি নয়, চাই কার্যকর পদক্ষেপ

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট মমিনুল ইসলাম বলেন, মানুষ শান্তিতে বসবাস করতে চায়, সন্তানদের নিরাপদ ভবিষ্যৎ দেখতে চায় এবং সন্ধ্যার পর নিশ্চিন্তে ঘরে ফিরতে চায়। কিন্তু খুলনা আজ গুলির শব্দে আতঙ্কিত। প্রশাসনের প্রতি তার আহ্বান, “আর বিবৃতি নয়, চাই দৃশ্যমান কার্যকর পদক্ষেপ।” অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে নিরপেক্ষ অভিযানের দাবি জানান তিনি।

খুলনা সুজনের সাধারণ সম্পাদক ও পাটকল রক্ষা কমিটির সভাপতি অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, আইনশৃঙ্খলার অবনতি দেখতে দেখতে নাগরিক সমাজ বাকরুদ্ধ। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানানো হলেও দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ছে না বলে তিনি অভিযোগ করেন। তার মতে, নিরাপত্তাহীনতা থেকে উত্তরণে নাগরিক সমাজ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের ঐক্যবদ্ধ অবস্থান সন্ত্রাস দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিটি করপোরেশনের প্রশাসকের আশ্বাস: ছাড় নয়

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু স্বীকার করেন, সন্ত্রাসের মাত্রা বিপদসীমার ওপরে উঠে গেছে। তবে তার দাবি, নতুন কর্মকর্তা নিয়োগ ও পুলিশ কমিশনার পরিবর্তনের মাধ্যমে সরকার ইতোমধ্যে কঠোর অবস্থানে রয়েছে। দীর্ঘদিনের সন্ত্রাস নির্মূলে কিছুটা সময় লাগলেও দ্রুত ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি চক্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ লুট করতে চাইছে এবং এমন পরিবেশ তৈরি করছে, যাতে ভয়ে কেউ অভিযোগ করার সাহস না পায়। তবে সরকার তাদের ছাড় দেবে না। পরিস্থিতি মোকাবিলায় রাজনৈতিক দল ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিরোধ গড়ে তুলতে এবং পুলিশ ও যৌথ বাহিনীকে সহযোগিতা করতে আহ্বান জানান তিনি।

সংকটের মূলে কি সমন্বয়হীনতা?

খুলনার নিরাপত্তা সংকট এখন শুধু অপরাধীদের বেপরোয়া তৎপরতার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে গেছে পুলিশি কার্যক্রমের কার্যকারিতা, রাজনৈতিক সহযোগিতা, তথ্যের গোপনীয়তা এবং অপরাধীদের বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের প্রশ্ন। প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলগুলো পরস্পরের দিকে আঙুল তুললেও নগরবাসী চান দ্রুত ও দৃশ্যমান ফল।