মিয়ানমারে নিরাপত্তাহীনতা, বাংলাদেশে শরণার্থীশিবিরের ভেতরে সহিংসতা, মানবপাচার, আইনি সুরক্ষার সীমাবদ্ধতা এবং মানবিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি, সব মিলিয়ে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। শিক্ষা, জীবিকা ও নিরাপদ ভবিষ্যতের সুযোগও সীমিত। ফলে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর সংকট শুধু আশ্রয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং নিরাপত্তা, অধিকার ও টিকে থাকার প্রশ্নেও তা গভীর হচ্ছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিক প্রতিবেদন বলছে, কক্সবাজারের ৩৩টি শরণার্থীশিবির ও ভাসানচরে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একই সময়ে অর্থনৈতিক সংকট মানুষের ঝুঁকি বাড়িয়েছে এবং মানবিক সুরক্ষা কার্যক্রমও অর্থসংকটে বাধাগ্রস্ত হচ্ছে।
শরণার্থীশিবিরে বাড়ছে সহিংসতা
শরণার্থীশিবিরে অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও শারীরিক হামলার মতো ঘটনা বেড়েছে। সাতটি সহযোগী সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শিবিরগুলোতে ৬৫৫টি গুরুতর নিরাপত্তা ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৩৯ শতাংশ বেশি।
শুধু ইউএনএইচসিআরের নিজস্ব তথ্য অনুযায়ী, গুরুতর নিরাপত্তা ঘটনার সংখ্যা দ্বিতীয় প্রান্তিকের ১৬৮ থেকে বেড়ে তৃতীয় প্রান্তিকে ১৮১ হয়েছে। অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ৭৮ থেকে বেড়ে ৮৪, চাঁদাবাজি ৬ থেকে ১১ এবং গুরুতর শারীরিক হামলা ৬৬ থেকে ৭০ হয়েছে। হত্যার ঘটনা ৯টিতেই অপরিবর্তিত রয়েছে।
শিবিরে সশস্ত্র গোষ্ঠী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের তৎপরতা অব্যাহত রয়েছে। মিয়ানমারের সংঘাতের সঙ্গে সম্পর্কিত নিয়োগের উদ্দেশ্যে ২৩টি বৈঠকের খবরও পাওয়া গেছে। প্রতিশোধের ভয় ও সাক্ষীদের নিরাপত্তার অভাব এসব অপরাধের বিরুদ্ধে অভিযোগ জানানোর ক্ষেত্রেও বাধা তৈরি করছে।
বিচার পাওয়াও কঠিন
অপরাধের শিকার ব্যক্তি ও সাক্ষীদের অনেকেই প্রতিশোধের ভয়, নিরাপদ আশ্রয়ের অভাব এবং নানা প্রতিবন্ধকতার কারণে আইনি পদক্ষেপ নিতে পারেন না। শিবিরের কমিউনিটি নেতাদের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে বিরোধ মীমাংসার চেষ্টা এবং ক্যাম্প-ইন-চার্জের বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের মতো প্রক্রিয়াও কিছু ক্ষেত্রে আনুষ্ঠানিক বিচারব্যবস্থায় প্রবেশ বিলম্বিত করছে।
অভিযোগ তদন্তে দেরি, অনানুষ্ঠানিক অর্থ লেনদেন এবং গুরুতর অপরাধের ঘটনাও আপসের মাধ্যমে মীমাংসার চেষ্টা বিচারব্যবস্থার প্রতি আস্থাকে দুর্বল করছে। তবে পরিস্থিতির কিছু উন্নতিও হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে ২৬ শতাংশ অভিযোগ আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত হয়েছিল, তৃতীয় প্রান্তিকে তা বেড়ে ৫১ শতাংশ হয়েছে।
নতুন আসা রোহিঙ্গাদের সহায়তা পাওয়ার সংকট
১৫ সেপ্টেম্বর নতুন আসা রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম স্থগিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় (আরআরআরসি)। এই নিবন্ধন নতুন আসা রোহিঙ্গাদের মানবিক সহায়তা পাওয়ার জন্য প্রয়োজনীয় পরিচয় শনাক্তকরণ প্রক্রিয়া।
নিবন্ধন বন্ধ থাকায় নতুন আসা পরিবারগুলো খাদ্য ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। তবে আশ্রয় বরাদ্দ এর ব্যতিক্রম। নিবন্ধন আবার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো হয়নি। ইউএনএইচসিআর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে নিবন্ধন চালুর পাশাপাশি প্রক্রিয়াটি উন্নত করার চেষ্টা করছে।
অন্যদিকে, সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার হওয়ায় জোরপূর্বক ফেরত পাঠানোর ঝুঁকিও বেড়েছে। ২০২৫ সালে এ ধরনের ঘটনার হার ছিল ১৪ শতাংশ, ২০২৬ সালে তা বেড়ে ৩১ শতাংশ হয়েছে। এ বছর প্রথমবারের মতো শরণার্থী কার্ডধারীরাও এ ধরনের ঘটনার শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবপাচার ও বিপজ্জনক সমুদ্রযাত্রা
অর্থনৈতিক সংকট রোহিঙ্গাদের মানবপাচার ও শোষণের ঝুঁকিতে ফেলছে। তৃতীয় প্রান্তিকে পাচারের শিকার হিসেবে ১৬২ জনকে শনাক্ত করা হয়েছে, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ২৫ শতাংশ বেশি। এসব ঘটনার ৭৫ শতাংশের সঙ্গে অর্থনৈতিক সংকটের সম্পর্ক রয়েছে। আগের প্রান্তিকে এই হার ছিল ৬১ শতাংশ।
পাচারের শিকার ব্যক্তিদের ৭৮ শতাংশ পুরুষ। চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের ঘটনা ঘটছে। নারী ভুক্তভোগীদের ক্ষেত্রে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিও বড় একটি কৌশল। এ ধরনের ঘটনা দ্বিতীয় প্রান্তিকের ৪২ শতাংশ থেকে বেড়ে তৃতীয় প্রান্তিকে ৫৬ শতাংশ হয়েছে।
বাংলাদেশ থেকে সাগরপথে বিপজ্জনক যাত্রাও বাড়ছে। ২০২৬ সালের প্রথম নয় মাসে এ ধরনের যাত্রা আগের বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি হয়েছে। ইউএনএইচসিআর ১১টি নৌযাত্রার তথ্য নিশ্চিত করেছে। এসব যাত্রায় ২ হাজার ১৪১ জন মূলত মালয়েশিয়ায় পৌঁছেছেন। এ ছাড়া ২৮০ জন মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। সেপ্টেম্বরে টেকনাফের কাছে ১৬ জন যাত্রী নিয়ে একটি নৌযান ডুবে যায়। এতে দুজন মারা যান।
নারী ও শিশুরা বেশি ঝুঁকিতে
শরণার্থীশিবিরে নারী ও শিশুদের সুরক্ষা পরিস্থিতিও উদ্বেগজনক। তৃতীয় প্রান্তিকে রিপোর্ট হওয়া জেন্ডারভিত্তিক সহিংসতার ঘটনা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। সঙ্গীর হাতে সহিংসতা সবচেয়ে বেশি রিপোর্ট হওয়া ধরন। বেকারত্ব, অর্থনৈতিক চাপ, মাদক, অনলাইন জুয়া, বহুবিবাহ, পারিবারিক দ্বন্দ্ব, যৌতুক এবং ক্ষতিকর সামাজিক রীতিনীতির সঙ্গে এসব ঘটনার সম্পর্ক রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অনলাইন হয়রানি, সাইবার বুলিং ও প্রযুক্তির মাধ্যমে যৌন শোষণের ঘটনাও বেড়েছে।লিঙ্গবৈচিত্র্যসম্পন্ন মানুষের বিরুদ্ধে সহিংসতার খবরও আগের তুলনায় বেশি এসেছে।
শিশুদের ক্ষেত্রে অবহেলা, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এবং শারীরিক ও মানসিক নির্যাতন বড় উদ্বেগের বিষয়। অর্থের অভাবে সুরক্ষা ও ঝুঁকি প্রতিরোধ কার্যক্রম কমে যাওয়ায় আনুমানিক ১ লাখ ৫০ হাজার শিশু ও কিশোর-কিশোরী নির্যাতন, শোষণ, সহিংসতা ও অবহেলার ঝুঁকিতে রয়েছে। একইভাবে ৫ লাখের বেশি নারী ও মেয়ে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছে।
কমছে মানবিক সুরক্ষা কার্যক্রম
২০২৬ সালের যৌথ সহায়তা পরিকল্পনায় অর্থায়ন কমে যাওয়ায় শরণার্থীদের জন্য বিভিন্ন সুরক্ষা কার্যক্রম সীমিত করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কমিউনিটিভিত্তিক সুরক্ষা কার্যক্রম ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এতে প্রায় ১ লাখ ৫০ হাজার থেকে ২ লাখ রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বিশেষ সুরক্ষা প্রয়োজন এমন ব্যক্তিদের মধ্যে মাত্র ২১ শতাংশ, অর্থাৎ ৩০ হাজার ৩২২ জন, লক্ষ্যভিত্তিক সহায়তা পেয়েছেন। ফলে প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক মানুষ এবং অন্যান্য বিশেষ ঝুঁকিতে থাকা রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে।
বর্ষার বৃষ্টি, ভূমিধস, জলাবদ্ধতা ও অবকাঠামোর ক্ষতি শিবিরে চলাচল এবং বিভিন্ন সেবা পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বিশেষ করে প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য এসব সমস্যা আরও বেশি ঝুঁকি তৈরি করছে।
শিক্ষা ও ভবিষ্যতের সুযোগ সীমিত
রোহিঙ্গাদের উচ্চশিক্ষা ও স্বীকৃত শিক্ষাগত যোগ্যতা অর্জনের সুযোগও সীমিত। অর্থায়নের অভাব, উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রতিষ্ঠান কম থাকা এবং ইংরেজি দক্ষতার ঘাটতি শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মেয়েদের ভর্তি এবং উপস্থিতিও কম।
পুনর্বাসনের সুযোগ প্রয়োজনের তুলনায় অনেক কম। তৃতীয় প্রান্তিকে ৭৪১ জন রোহিঙ্গাকে পুনর্বাসনের জন্য পাঠানো হয়েছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ। তবে তৃতীয় প্রান্তিকে পুনর্বাসনের জন্য পাঠানো সবাই একই সময়ে দেশ ছাড়েননি। শিক্ষা ও অন্যান্য বিকল্প পথে বিদেশে যাওয়ার সুযোগ বাড়লেও অর্থায়ন, প্রয়োজনীয় নথিপত্র, দক্ষতার স্বীকৃতি ও সহযোগিতার অভাব এসব সুযোগ সীমিত করছে।
সব মিলিয়ে রোহিঙ্গাদের সংকট এখন বহুমাত্রিক। নিরাপত্তাহীনতা, বিচার পাওয়ার বাধা, মানবপাচার, নারী ও শিশুর প্রতি সহিংসতা, মানবিক সহায়তার ঘাটতি এবং শিক্ষার সীমিত সুযোগ তাদের স্বাভাবিক ও নিরাপদ জীবনযাপনের পথ কঠিন করে তুলছে। দীর্ঘস্থায়ী এই সংকট মোকাবিলায় শুধু জরুরি সহায়তা নয়, নিরাপত্তা, অধিকার, শিক্ষা এবং ভবিষ্যৎ জীবনের সুযোগ নিশ্চিত করাও জরুরি।