Advertisement

অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ: ইকোনমিস্ট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

অর্থনৈতিক সংকটের মুখে বাংলাদেশ: ইকোনমিস্ট
বাংলাদেশের অর্থনীতি ভুগতে শুরু করেছে। ছবি: এআই দিয়ে তৈরি

তিন দিক থেকে ভারত ঘিরে না থাকলে বাংলাদেশকে একটি পরাশক্তি হিসেবেই দেখা হতো। ১৮ কোটি মানুষের এই দেশ যেকোনো ইউরোপীয় দেশের চেয়ে অনেক বেশি জনবহুল। আজ মঙ্গলবার এই বিশাল জনগোষ্ঠীর এক নতুন মর্যাদায় ওঠার কথা ছিল। জাতিসংঘের ‘স্বল্পোন্নত’ (এলডিসি) দেশের তালিকা থেকে বাদ পড়ত বাংলাদেশ। এই তালিকা দরিদ্র দেশগুলোকে কম সুদে উন্নয়ন ঋণ এবং ধনী দেশগুলোর বাজারে কম শুল্কে পণ্য রপ্তানির সুবিধা দেয়।

Advertisement

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে বলেছে, উদযাপনের জন্য তৈরি ছিল বাংলাদেশিরা। অবশ্য পোশাক রপ্তানিকারকরা কিছুটা বাড়তি সুবিধা হারাতেন। তবু বৈশ্বিক এই তালিকায় এগিয়ে যাওয়াটা এমন একটি দেশের জন্য গর্বের বিষয় হতো। দেশটির গর্ব করার মতো অনেক অর্জন আছে। ১৯৭১ সালে এক নৃশংস যুদ্ধের পর তৎকালীন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়। রক্তক্ষয়ী সেই সংগ্রামের মধ্য দিয়েই জন্ম হয় বাংলাদেশের। তখন দেশটি ছিল বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ। সেই থেকে বাংলাদেশ মাথাপিছু আয় চার গুণ বাড়িয়েছে, শিশুমৃত্যুর হার অনেক কমিয়েছে, প্রায় সব শিশুকে স্কুলে নিয়েছে এবং চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে।

কিন্তু সেই আনন্দের উদযাপন আপাতত হচ্ছে না। এলডিসি থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করলেও বাংলাদেশ জাতিসংঘের কাছে তিন বছরের সময় চেয়েছিল, যা গত মাসে অনুমোদন পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে, দেশটির এখন একটু ঘুরে দাঁড়ানোর সময় দরকার। কয়েক দশকের সাফল্যের পর এখন এক অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ।

ইকোনমিস্ট লিখেছে, এই সংকটের দায় অনেকটাই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ওপর বর্তায়। তার পতন ঘটেছিল ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে এক জেন-জি আন্দোলনে। এরপর আসে একটি অন্তর্বর্তী সরকার, আর ফেব্রুয়ারি থেকে দেশ চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হয়নি। আন্দোলনের আগে শেখ হাসিনার ঘনিষ্ঠজনরা দেশের ব্যাংকগুলো লুট করেছে। ফলে ব্যাংকগুলোর ঘাড়ে এখন খেলাপি ঋণের বোঝা চেপে বসেছে, যা মোট ঋণের এক-তৃতীয়াংশের সমান।

Advertisement

২০২৪ সালে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তবে কর্মকর্তাদের ভাষ্য, গুরুত্বপূর্ণ পোশাক খাতে ধর্মঘট এবং ককটেল হামলা ও অগ্নিসংযোগের পেছনে তার দল আওয়ামী লীগই কলকাঠি নাড়ছে। দলটির হাতে অবৈধভাবে আয় করা প্রচুর টাকা এবং মাঠে নামানোর মতো ক্যাডার বাহিনী রয়েছে। শেখ হাসিনা নির্বাসন থেকে ফিরলে এই বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে বিক্ষোভকারীদের ওপর সহিংস দমন-পীড়নে ভূমিকার দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হলেও, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রীয় বিমানে ১৬ ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা।

তবে সব সমস্যার দায় শেখ হাসিনার কাঁধে চাপানো ঠিক হবে না। কিছু সংকট এসেছে দেশের বাইরে থেকে। এ বছর ইরানের যুদ্ধের কারণে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বহু কারখানা বন্ধ হয়ে গেছে। জ্বালানির দাম বাড়ায় শ্রমিকরা বেশি মজুরির দাবি তুলেছেন ঠিক এমন এক সময়ে, যখন মালিকদের তা মেটানোর সামর্থ্য সবচেয়ে কম। আর এ থেকেই ধর্মঘট ছড়িয়ে পড়েছে। নতুন সরকারও মূল্যস্ফীতি ও দুর্নীতি সামাল দিতে ধীরগতির পরিচয় দিয়েছে, পাশাপাশি বিক্ষোভকারীদের মোকাবিলায় দেখিয়েছে কঠোর ও আনাড়ি আচরণ।

দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশ এক দীর্ঘমেয়াদি ‘স্ট্যাগফ্লেশন’ বা স্থবিরতাজনিত মূল্যস্ফীতির ঝুঁকিতে পড়েছে। ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে মূল্যস্ফীতি ৮ শতাংশের ওপরে রয়েছে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এই মূল্যস্ফীতি হঠাৎ লাফিয়ে ওঠে। জিডিপি প্রবৃদ্ধিও নেমে এসেছে কোভিড মহামারির সময়ের কাছাকাছি। আগে যা ছিল ৬ শতাংশ, ২০২৫ সালে তা কমে ৩.৫ শতাংশে দাঁড়িয়েছে।

কয়েক দশকের মধ্যে এই প্রথম দারিদ্র্য বাড়ছে, যা বাংলাদেশের বিস্ময়কর অর্জনগুলো ম্লান করে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। প্রায় পাঁচ বছর ধরে মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতি বেশি। আর আন্দোলনকারী শিক্ষার্থীদের মূল যে ক্ষোভ ছিল, ‘ভালো চাকরির অভাব’। এই অভাব এখনও কাটেনি।

তবে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় কোনো সংকটের আশঙ্কা কম। বিদেশি ঋণদাতাদের পাওনা শোধের পরিমাণ বাড়লেও, রেমিট্যান্স ও পোশাক রপ্তানি থেকে আসা আয়ের তুলনায় তা সামান্যই থাকবে। আসল সমস্যা হলো, ভেতরের দুর্বল হয়ে পড়া অর্থনীতি। এ বছর ঋণের সুদ ও কিস্তি পরিশোধের খরচ জিডিপির ৩ শতাংশে পৌঁছাতে পারে, যা সরকারি কোষাগারে বড় চাপ ফেলবে। অথচ বাংলাদেশ জিডিপির মাত্র ৭ শতাংশের মতো কর আদায় করতে পারে। এখন সবচেয়ে জরুরি কাজ হলো ব্যাংক খাতকে টেনে তোলা। কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বিদেশি ঋণদাতারা যদি ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারকে সাহায্য করে, তবে তারা ব্যয়বহুল ও অসম ভর্তুকি কমানোর শর্ত জুড়ে দেবে। আর এমন সিদ্ধান্ত জনগণের কাছে ভীষণ অজনপ্রিয় হবে।

নিজের পায়ে দাঁড়ানোর মতো সংস্কারগুলো এগিয়ে নিতে বাংলাদেশকে এই তিন বছরের বাড়তি সময়টুকু কাজে লাগাতে হবে। সরকারকে কর আদায় বাড়াতে হবে। পাশাপাশি অগ্রাধিকারমূলক বাজার সুবিধার বিকল্প হিসেবে নতুন বাণিজ্য চুক্তি করতে জোর চেষ্টা চালাতে হবে, ঠিক যেমনটি প্রতিবেশী ভারত করছে। চরম দারিদ্র্য থেকে বেরিয়ে আসা আর একটি দুঃশাসনকে হটানো কেবল শুরু মাত্র। আসল পথচলা এখনও বাকি।