Advertisement

জ্বালানি খাতের সব চুক্তির শ্বেতপত্র প্রকাশের দাবি বিশেষজ্ঞদের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জ্বালানি খাতের সব চুক্তির শ্বেতপত্র প্রকাশের দাবি বিশেষজ্ঞদের
বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জ্বালানি রূপান্তরে জনস্বার্থ: ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াই’ শীর্ষক নাগরিক সংলাপে অতিথিরা। ছবি: চরচা

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি, এলএনজি ও আদানির সাথে করা চুক্তিসহ জ্বালানি খাতের সব চুক্তি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন জ্বালানী বিশেষজ্ঞ ও বিশিষ্টজনরা।

Advertisement

আজ বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘জ্বালানি রূপান্তরে জনস্বার্থ: ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াই’ শীর্ষক নাগরিক সংলাপে এই দাবি তোলা হয়।

কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সংলাপে অলস বিদ্যুৎকেন্দ্রের ক্যাপাসিটি চার্জ বন্ধ, এনার্জি রেগুলেটরি কমিশন আইনে ভোক্তার অধিকার না থাকা, ফুলবাড়ীতে কয়লা তোলার পাঁয়তারা, এলএনজি টার্মিনাল নিয়ে সরকারের ভ্রান্ত নীতি ও আগের সরকারের নীতির ধারাবাহিকতা বজায় রাখার সমালোচনা করেন বক্তারা। একই সাথে বহুল আলোচিত পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের বিদ্যুতের দাম ১০ টাকার বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা।

আলোচনায় এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা নিয়েও প্রশ্ন তেলা হয়। ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, “বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব শুধু লাইসেন্সধারী ব্যবসায়ীই দিতে পারেন, ভোক্তার সেই অধিকার নেই। এ ব্যবস্থা জনস্বার্থ রক্ষায় ব্যর্থ এবং গণবিরোধী।”

Advertisement

চরচার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সোহরাব হাসান ফুলবাড়ীর প্রসঙ্গ টেনে বলেন, “২০০৬ সালে প্রাণহানির পর বিএনপি জনস্বার্থবিরোধী প্রকল্প না করার ওয়াদা করেছিল। আজ ক্ষমতায় এসে তারা উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার কথা বলছে, এতে হাজার হাজার মানুষ উচ্ছেদ হবে।” উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তুললে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও তিনি সতর্ক করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজীমউদ্দীন খান বলেন, “আদানির চুক্তিটি একটি ভয়ানক চুক্তি। দুঃখের বিষয়, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।” আদানির চুক্তিতে গোপনীয়তার ধারা থাকায় তা প্রকাশ করা কঠিন। ঢাকার বাইরে দিনে ১১-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে বলে বণ্টনমূলক বৈষম্যের কথাও তোলেন তিনি। বিইআরসির স্বাধীনতা নিশ্চিত করা এবং নেট মিটারিং সহজ করার দাবিও জানান।

অধ্যাপক শামসুল আলম বলেন, জ্বালানি খাতের মূল সংকট শুধু উৎপাদন বা সরবরাহের ঘাটতি নয়। শুধু নতুন উৎপাদন সক্ষমতা তৈরি করলেই সমস্যার সমাধান হবে না। সমাধান হিসেবে তিনি বলেন, ছাদে সোলারে সাড়ে তিন-পৌনে চার টাকায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

অধাপক আনু মুহাম্মদ অর্থনৈতিক অঞ্চল ও ক্যান্টনমেন্টের জমিতে সৌরবিদ্যুত কেন্দ্র নিমার্ণের প্রস্তাব দেন।

সংলাপের মূল প্রবন্ধে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, এ খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার কাঠামোগত সমস্যা রয়েছে। প্রতিযোগিতাবিহীন ক্রয় এবং ২০১০ সালের বিশেষ আইনের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।