বিনা খরচে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল)।
এর আওতায় মাত্র ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয়ে মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশের ১১২ কর্মী। আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মালয়েশিয়ার উদ্দেশে তাদের যাত্রা করার কথা রয়েছে। বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া যাওয়া কর্মীদের এটিই প্রথম দল।
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসীকল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রাশেদুল হক বলেন, মালয়েশিয়ায় ডিএইচএল সাপ্লাই চেইনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে এসব কর্মী নিয়োগ পাবে। তাদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত। নিয়োগদাতা প্রতিষ্ঠান তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেবে বলেও জানান তিনি।
এই কর্মসূচির আওতায় কর্মীদের বোয়েসেল কিংবা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো অর্থ দিতে হবে না।
ভিসা ফি ও বিমান টিকিটের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠান। শুধু পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফি, দেশত্যাগের আগে প্রশিক্ষণ, বিমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ-সংশ্লিষ্ট খরচ বাবদ কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা ব্যয় হবে।
রাশেদুল হক বলেন, সরকারের এই উদ্যোগের ফলে প্রত্যেক কর্মীর প্রায় ২ লাখ টাকা সাশ্রয় হবে। ১১২ কর্মীর ক্ষেত্রে মোট সাশ্রয়ের পরিমাণ দাঁড়াবে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকা।
স্বচ্ছ ও দালালমুক্ত নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করতে প্রথমে অনলাইনে আবেদন করা ৪ হাজার ৩৯ জন প্রার্থীর মধ্য থেকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্য ই-লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হয়।
পরে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচিত করা হয় বলে জানান তিনি।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, বিনা খরচে কর্মী নিয়োগের এই কর্মসূচির আওতায় মালয়েশিয়ার চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পেয়েছে সংস্থাটি।
এর মধ্যে ডিএইচএল সাপ্লাই চেইনে ১১২ জন, টপ গ্লাভে ৩৭৯ জন, টাটাওয়া ইন্ডাস্ট্রিতে ৩২ জন এবং ইউনাইটেড প্ল্যানটেশনে ৫২৫ জন কর্মী নিয়োগের চাহিদা রয়েছে।
সরকারি এই উদ্যোগের আওতায় কর্মীদের কোনো অর্থ দেওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে রাশেদুল হক সতর্ক করে বলেন, বোয়েসেলের নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা।
তিনি বলেন, কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের আনুষ্ঠানিক ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হয়।