Advertisement

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু মারা গেছেন
মাতিয়া বানু শুকু। ছবি: সংগৃহীত

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মারা গেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

Advertisement

মাতিয়া বানু শুকুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে চঞ্চল লিখেছেন, ‘‘আহা শুকু আপা! এ কেমন বিদায়? কয়েকদিন আগেই তো দেখা হলো! তাই বলে আর কোনদিন দেখা হবে না? বিশ্বাস করতেও কষ্টে বুকটা ভেঙে যাচ্ছে! পরপারে চির শান্তিতে থাকুন শুকু আপা।’’

Advertisement

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। তিনি চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী।

জানা গেছে, দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত মাতিয়া বানু শুকুর শারীরিক অবস্থার সম্প্রতি চরম অবনতি হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন শুকুকে আইসিইউ থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন, সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক তার কাজের মধ্যে উল্লেখযোগ্য।