Advertisement

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ফ্যাসিবাদী শাসনামলে দেশের শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে: প্রধানমন্ত্রী
রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিগত ফ্যাসিবাদী শাসনামলে দেশের অন্যান্য খাতের মতো শিক্ষাব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “এখন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে আধুনিক, মানসম্মত ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।”

তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মত ও বিশ্বাসের ভিন্নতা থাকাটা স্বাভাবিক। তবে সেই ভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত করার কারণ না হয়, সে বিষয়ে শিক্ষকদের সতর্ক ও সচেতন থাকতে হবে।”

Advertisement

সরকারপ্রধান বলেন, “একজন অধ্যক্ষ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন; তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকনির্দেশক এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার অন্যতম স্থপতি। তার মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করে।”

প্রধানমন্ত্রী বলেন, “প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদান পদ্ধতি চালু করতে হবে। এ ক্ষেত্রে ‘ট্রেনিং অব ট্রেইনার্স’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।”

তারেক রহমান বলেন, “আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের খাপ খাওয়াতে না পারলে প্রতিবছর সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না। একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতার অভাব শিক্ষিতদের বেকারত্বের অন্যতম কারণ।”

প্রধানমন্ত্রী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভ-জি প্রযুক্তি ভবিষ্যতের কর্মজগতে আমূল পরিবর্তন আনছে। এসব প্রযুক্তির কারণে একদিকে পুরনো অনেক পেশা বিলুপ্ত হচ্ছে, অন্যদিকে নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রও তৈরি হচ্ছে। এ বাস্তবতায় প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।”

সরকারপ্রধান বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠান জ্ঞানের ভিত্তি তৈরি করবে, আর শিল্প খাত সেই জ্ঞানকে বাস্তব দক্ষতায় রূপান্তর করবে। এ লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবে পাঠদানের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে হবে।”

তারেক রহমান বলেন, “ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মানসহ আন্তর্জাতিকভাবে চাহিদাসম্পন্ন বিভিন্ন ভাষা শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য তৈরি করতে হবে। এ ছাড়া, ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা এবং উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়াতেও উদ্যোগ নিতে হবে।”

সরকারপ্রধান বলেন, “শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণেও সরকার সচেতন। কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্য পদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।”