অতীতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “অতীতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে। কিন্তু দেশের স্বাধীনতা ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
তারেক রহমান বলেন, “একটি দেশের সশস্ত্র বাহিনী তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান, গৌরব, সাহস ও শৌর্যের প্রতীক। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র হয়েছে।”
সরকারপ্রধান বলেন “বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই থেকে দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।”
প্রধানমন্ত্রী বলেন, “দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।”
তারেক রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলা শুরু হলে চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়েন।”
সরকারপ্রধান বলেন, “সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলা হবে। রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিতের পাশাপাশি সরকার সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।”
প্রধানমন্ত্রী বলেন, “তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।”
সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার জন্য চেইন অব কমান্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার কোনো বিকল্প নেই।”
২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, “বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে গৃহীত পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”
জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের অব্যাহত অংশগ্রহণ ও সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।”