দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আগামীকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ৭ দিনব্যাপী জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, “দেশে বর্তমানে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।”
মন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের পরিচালিত। প্রতিষ্ঠার পর থেকে ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধা পেয়েছেন প্রায় ২৫ লাখ উদ্যোক্তা। তাদের ৬০ শতাংশ নারী বলেও জানান তিনি।
এবার মেলায় সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট নয়জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা।
মেলায় বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।