Advertisement

পাগলা মসজিদে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

পাগলা মসজিদে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের টাকা গণনা। ছবি: বাসস

কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এ ছাড়া, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

Advertisement

নরসুন্দা নদীর তীরে অবস্থিত মসজিদটির ১৫টি লোহার দানবাক্স আজ শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক (ডিসি) ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো চার মাস ২৪ দিন পর খোলা হয়।

দানবাক্সে পাওয়া টাকা প্রথমে বস্তায় ভরে গণনার জন্য মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। এখন দানবাক্সে পাওয়া টাকা গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট টাকার পরিমাণ জানা যাবে।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

দানবাক্স খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মজহারুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা নজমুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এরশাদুল আহমেদ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মারুফসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

গণনার কাজে অংশ নিচ্ছে ৫০০ জনের বেশি মানুষ। তাদের মধ্যে রয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পাশের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে গত ২৭ জুন ছয় মাস পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। সেবার ৪৩ বস্তা টাকা পাওয়া যায়। দিনভর গণনা শেষে মোট ১৫ কোটি ৯০ লাখ টাকা পাওয়া যায়। এ ছাড়া, উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও ছিল।

তখন পর্যন্ত মসজিদটির ইতিহাসে সেটিই ছিল সর্বোচ্চ দান সংগ্রহের রেকর্ড।

সাধারণত প্রতি তিন মাস পরপর মসজিদের দানবাক্স খোলা হয়। তবে সম্প্রতি দানের পরিমাণ বেড়ে যাওয়ায় আরও তিনটি দানবাক্স স্থাপন করা হয়েছে। এ কারণে এবার দানবাক্স খোলার মধ্যবর্তী সময় বেড়েছে।

মসজিদ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির মোট তহবিলের পরিমাণ ১৩৩ কোটি ২১ লাখ টাকা।

মসজিদ কর্তৃপক্ষ একটি ওয়েবসাইটও চালু করেছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো স্থান থেকে মোবাইল আর্থিক সেবা ও অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান দেওয়া যাচ্ছে। ওয়েবসাইটটির ঠিকানা www.paglamosque.org

এ পর্যন্ত অনলাইনে অনুদান হিসেবে ৪৪ লাখ ৯০ হাজার টাকা জমা পড়েছে।

প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ মসজিদটিতে দান করতে আসেন।

জনশ্রুতি রয়েছে, এ মসজিদে দান করলে মনোবাসনা পূরণ হয়। নগদ অর্থের পাশাপাশি মানুষ স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও বিভিন্ন সামগ্রীও দান করেন।

সংগৃহীত অর্থ মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যয় করা হয়।

মসজিদ সূত্র জানায়, ২০২০ সালের ১১ মার্চ মসজিদে দান করা স্বর্ণ ও রুপার অলংকার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ টাকা পাওয়া যায়। বৈদেশিক মুদ্রা বিক্রি করে আয় হয় আরও ৭০ লাখ টাকা।

পরে ১২ অক্টোবর মসজিদে সংরক্ষিত মূল্যবান সামগ্রীর হিসাব নির্ধারণের জন্য নয়টি কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খোলা হয়।

এসব সামগ্রীর মধ্যে ছিল ১৭টি দেশের বৈদেশিক মুদ্রা, ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালংকার এবং ১ হাজার ৮৮ ভরি রুপার অলংকার। সব মিলিয়ে মূল্যবান ধাতুর পরিমাণ ছিল ২ হাজার ১৩২ ভরি।

এদিকে, আনুমানিক ১১৫ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করেছে কর্তৃপক্ষ।

প্রস্তাবিত কমপ্লেক্সে একসঙ্গে প্রায় ৫০ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ৫ হাজার নারীর জন্য থাকবে পৃথক নামাজের ব্যবস্থা।

ঐতিহাসিক এ মসজিদটি ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেট ব্যবস্থার অধীনে পরিচালিত হয়ে আসছে।