আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।
বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রাদেশিক পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ফরিদ দেহকান আজ শনিবার জানান, স্থানীয় সময় সকাল ১০টায় কুনার প্রদেশের আন্দর সের এলাকায় একটি বিদ্যালয়ে বিস্ফোরণটি ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী নিহত বা আহত হয়েছে।
বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের তদন্তকারী দলগুলো ঘটনাস্থলে রয়েছে বলে তিনি জানান।
এর আগে গত আগস্টে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যালয় চত্বরে হাতবোমা হামলায় ৯ থেকে ১৪ বছর বয়সী ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।