আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, দুই জায়গায় সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত আস্তানায় এসব হামলা চালানো হয়েছে। এতে অন্তত ২২ জন যোদ্ধা নিহত হয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ কথা জানায়। তবে একই সময়ে আফগানিস্তান অভিযোগ করেছে, কুনার ও হেলমান্দ প্রদেশে পাকিস্তানের হামলায় অন্তত ৯ নারী ও শিশু নিহত হয়েছেন। আল-জাজিরা হতাহতের এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, গতকাল বুধবার রাতে এসব হামলা চালানো হয়। এতে অন্তত ৯ জন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং দক্ষিণাঞ্চলের হেলমান্দে চালানো হামলায় তিনটি বাড়ি ধ্বংস হয়েছে।
তিনি লেখেন, “আমরা এই কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং এটিকে স্বীকৃত সব নীতির বিরুদ্ধে আগ্রাসন ও অপরাধ হিসেবে বিবেচনা করি।”
তিন মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর প্রতিবেশী দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা
বেড়েছে। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান তার ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। এসব গোষ্ঠীর মধ্যে তেহরিক-ই-তালেবান পাকিস্তানও (টিটিপি) রয়েছে।
পাকিস্তানের দাবি, এই গোষ্ঠী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালায়। আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তানের হামলায় বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং এতে নারী ও শিশুরা নিহত ও আহত হচ্ছে।