Advertisement

দেশের ৭৬ শতাংশের বেশি সম্পদ ধনীদের হাতে, করের বোঝা বেশি কেন গরিবের?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

দেশের ৭৬ শতাংশের বেশি সম্পদ ধনীদের হাতে, করের বোঝা বেশি কেন গরিবের?
বাংলাদেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি। প্রতীকী ছবি: এআই দিয়ে নির্মিত

ধরা যাক, দেশের মোট ব্যক্তিগত সম্পদ ১০০ টাকা। এর মধ্যে ৭৬ টাকারও বেশি রয়েছে সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের হাতে। শুধু শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতেই রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। অথচ দৈনন্দিন পণ্য ও সেবা কিনতে গিয়ে আয়ের তুলনায় বেশি করের বোঝা বহন করতে হচ্ছে দরিদ্র পরিবারগুলোকে। অন্যদিকে, ধনীদের আয়ের ওপর ব্যক্তিগত আয়কর আরোপের সুযোগ থাকলেও বাস্তবে কর আদায়ের পরিধি সীমিত।

Advertisement

প্রশ্ন হলো, বাংলাদেশের করব্যবস্থায় ধনী ও দরিদ্রের এই বৈষম্য কতটা প্রকট? কার হাতে কত সম্পদ, আর আয়ের তুলনায় কে কত করের বোঝা বহন করছেন?

Advertisement

গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) ২০২৬ সালের জুনে প্রকাশিত ‘মিসিং রেভিনিউস ইন বাংলাদেশ: ট্যাক্স পটেনশিয়াল, গ্যাপস অ্যান্ড ডিস্ট্রিবিউশনাল কনসিকোয়েন্সেস’ শীর্ষক গবেষণায় এসব প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপের (এইচআইইএস) তথ্য ব্যবহার করে এতে সম্পদ বণ্টন এবং বিভিন্ন আয়শ্রেণির ওপর করের সম্ভাব্য বোঝা বিশ্লেষণ করা হয়েছে।

সম্পদের সিংহভাগ ধনীদের হাতে

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের হাতে রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৭৬ শতাংশের বেশি। শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতে রয়েছে ৪৭ শতাংশের বেশি সম্পদ। শহরাঞ্চলে এই বৈষম্য আরও প্রকট। সেখানে শীর্ষ ১ শতাংশ পরিবারের হাতেই রয়েছে মোট ব্যক্তিগত সম্পদের ৫৩ শতাংশের বেশি।

অর্থাৎ, শুধু আয় নয়, সম্পদ বণ্টনেও বড় ধরনের বৈষম্য রয়েছে। সম্পদের হিসাবে জমি, বাড়ি, আর্থিক সম্পদসহ পরিবারের বিভিন্ন সম্পত্তির মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে।

আয়করে ধনীদের দায় বেশি, কিন্তু আদায়ের পরিধি ছোট

বাংলাদেশের ব্যক্তিগত আয়কর কাঠামো নীতিগতভাবে প্রগতিশীল। অর্থাৎ, আয় যত বেশি, করের হারও তত বেশি হওয়ার কথা। গবেষণা অনুযায়ী, দেশের সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবার জাতীয় আয়ের ৪০ শতাংশের বেশি অর্জন করে। বিদ্যমান করহার অনুযায়ী, সম্ভাব্য ব্যক্তিগত আয়করের ৯৩ শতাংশেরও বেশি তাদের কাছ থেকে আসার কথা।

এই শ্রেণির পরিবারের আয়ের বিপরীতে সম্ভাব্য আয়করের পরিমাণ ১১ দশমিক ০৩ শতাংশ। অন্যদিকে, দরিদ্রতম ৪০ শতাংশ পরিবারের প্রায় কারোই ব্যক্তিগত আয়কর দেওয়ার মতো করযোগ্য আয় নেই।

তবে কর আদায়ের ক্ষেত্রে বড় সীমাবদ্ধতা রয়েছে। দেশের শ্রমশক্তির মাত্র ৩ দশমিক ৫৭ শতাংশ সক্রিয় আয়করদাতা হিসেবে নিবন্ধিত। এ ছাড়া আয়কর আদায়ের বড় অংশই আসে উৎসে কর কর্তনের মাধ্যমে। ফলে আনুষ্ঠানিক খাতের বাইরে থাকা অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের আয় করের আওতায় আনা কঠিন হয়ে পড়ে।

ভ্যাটে আয়ের তুলনায় সাত গুণের বেশি চাপ

আয়করের বিপরীতে মূল্য সংযোজন কর বা ভ্যাটের বোঝা পণ্য ও সেবা কেনার সময় বহন করতে হয়। ফলে আয় কম হলেও কেনাকাটার ক্ষেত্রে দরিদ্র পরিবারগুলোকে এই কর দিতে হয়।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে দরিদ্র ১০ শতাংশ পরিবারের প্রতিবেদিত আয়ের ২০ দশমিক ৩৭ শতাংশের সমপরিমাণ ভ্যাটের বোঝা রয়েছে। ধনী ১০ শতাংশ পরিবারের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৮ শতাংশ। অর্থাৎ, আয়ের অনুপাতে দরিদ্রদের ভ্যাটের বোঝা সাত গুণেরও বেশি। গ্রামাঞ্চলের দরিদ্রতম পরিবারগুলোর ক্ষেত্রে এই হার ২৩ শতাংশ ছাড়িয়ে যায়।

তবে এই হিসাবের একটি সীমাবদ্ধতা রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, জরিপে দরিদ্র পরিবারের আয় প্রকৃত আয়ের চেয়ে কম দেখানো হয়ে থাকতে পারে। ফলে আয়ের তুলনায় ভ্যাটের বোঝাও বেশি দেখাতে পারে। ব্যয়ের তুলনায় হিসাব করলে বিভিন্ন আয়শ্রেণির ভ্যাটের হার প্রায় সমানুপাতিক, গড়ে ৫ শতাংশের কাছাকাছি। মূল পার্থক্য হলো, দরিদ্র পরিবার আয়ের বড় অংশই খরচ করে, আর ধনীদের সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ বেশি।

সম্পদে কর আরোপের বিকল্প কী?

গবেষণায় সম্পদ করের সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। সবচেয়ে ধনী ১০ শতাংশ পরিবারের ওপর বছরে ১ শতাংশ সম্পদ কর আরোপ করা গেলে পূর্ণ কর-পরিপালনের শর্তে জিডিপির ৪ দশমিক ৫ শতাংশের সমপরিমাণ রাজস্ব পাওয়া সম্ভব। তবে সম্পদের নিয়মিত মূল্যায়ন ও কর প্রশাসনের সীমাবদ্ধতার কারণে আপাতত বার্ষিক সম্পদ কর বাস্তবায়ন কঠিন বলে মনে করেন গবেষকেরা।

এর বিকল্প হিসেবে বড় অঙ্কের উত্তরাধিকারের ওপর প্রগতিশীল কর আরোপ, সম্পদের নিবন্ধনব্যবস্থা শক্তিশালী করা এবং উচ্চমূল্যের অতিরিক্ত সম্পত্তির ওপর কর আরোপের সুপারিশ করা হয়েছে।

সব মিলিয়ে গবেষণাটি দেখায়, বাংলাদেশের সমস্যা শুধু কর আদায় কম হওয়া নয়। বরং কার কাছ থেকে কতটা কর আদায় হচ্ছে এবং আয়ের তুলনায় কার ওপর কতটা করের বোঝা পড়ছে, সেই ব্যবস্থাতেও রয়েছে বড় ধরনের বৈষম্য।