রাত। এক লোক বাড়ি ফিরছেন। হঠাৎ দেখলেন সামনে এক বিশাল কুকুর দাঁত খিঁচিয়ে দাঁড়িয়ে। ভয় ধরানো চোখ। আশপাশে তাকিয়ে কাছেই দেয়ালের আড়ালে এক পাহারাদারকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন। অনেক চেষ্টায় পাহারাদারের সাড়া মিলল। লোকটি বললেন, “কুকুরটা কামড়াবে না তো?” পাহারাদারের ঝটপট উত্তর, “আপনি এগোন, দেখি কামড়ায় কি না।”
নিছক কৌতুক হিসেবেই পরিস্থিতিটা ধরে নেওয়া যেত এতদিন। কিন্তু এখন আর নয়। কারণ, খুলনার ঘটনাপ্রবাহ আমরা জানি। খুলনা শহরে নিয়মিত বিরতিতে গুলি ফুটছে। কখনো কারও বাসার জানালার কাচ ভেঙে দিচ্ছে, কখনো রেস্টুরেন্ট, কখনো কারও বুক বিদ্ধ করছে গুলি। এক অশরীরী যেন ঘুরে বেড়াচ্ছে শহরজুড়ে। আর শহরের নিরাপত্তায় নিয়োজিত বাহিনী দেয়ালের আড়ালে থাকা গল্পের পাহারাদারটির মতো পরীক্ষা করে চলেছে, বন্দুক থেকে ছোড়া গুলিটির ধ্বংসক্ষমতা।
প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমে খুলনা অনেকটা একই শিরোনামে উপস্থাপিত হচ্ছে। মোটাদাগে ‘খুলনা’ ও ‘গুলি’ যেন সমার্থক শব্দে পরিণত হয়েছে। কোথাও গুলি চলেছে বললে মাথায় আসে–খুলনা নাকি? কিংবা উল্টো করে কেউ যখন বলে খুলনায় আজকে কী হয়েছে জানেন? উত্তর হিসেবে অনেকটা অজান্তেই মাথায় আসে–নিশ্চয় গুলি।
কেন? একটা হিসাবের দিকে তাকালেই কারণটা বোঝা যাবে। গত মঙ্গলবার; অর্থাৎ ২৪ নভেম্বর এক দিনেই সাতটি স্থানে ছোড়া হয়েছে সাতটি গুলি। এর আগে ও পরে নগরীর সদর, সোনাডাঙ্গা, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকায় আরও ছয়টি গুলির ঘটনা ঘটে। কোথাও বাড়ি লক্ষ্য করে, কোথাও ব্যবসাপ্রতিষ্ঠানে, আবার কোথাও চায়ের দোকানে। কী বৈচিত্র্য! স্থান ও লক্ষ্যবস্তু বিবেচনায় বৈচিত্র্য থাকলেও একটি বিষয়ে অবশ্য কোনো বৈচিত্র্য নেই। আর তা হলো–প্রতিটি ঘটনাই ঘটেছে প্রকাশ্যে।
এবার হিসাবের পরিসরটাকে আরেকটু বিস্তৃত করা যাক। গত ১১ মাসে খুলনা মহানগরী ও জেলায় মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গুলি-হামলায় ৮০ জন নিহত হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতি মাসে সাতটির বেশি খুন হচ্ছে খুলনায়। আর গুলি, হুমকি বা হামলা ও ভাঙচুরের হিসাব নিলে তা পাহাড়সম হতে পারে।
তাহলে অবধারিত প্রশ্ন আসে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ কী করছে? উত্তর সোজা–বিবৃতি দিচ্ছে। আরও ভালো করে বললে বলতে হয়, গুলি বা খুনের ঘটনা যে ঘটেছে তা নিশ্চিত করছে। সেটা কী রকম? মোটাদাগে এসব ঘটনার পর পুলিশ ‘ঘটনাটি আমরা জেনেছি’, ‘এ রকম একটি ঘটনা ঘটেছে’, ‘তদন্ত চলছে’, ‘আগেই চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছিল’ ইত্যাদি ভাষ্য দিচ্ছে। এতে একটি কাজ অন্তত হচ্ছে–ঘটনার সত্যতা নিশ্চিত হচ্ছে। কিন্তু কারা করেছে, কে দায়ী–ইত্যাদি প্রশ্নের উত্তরে এক হীরণ্ময় নীরবতা ছাড়া আর কিছুই মিলছে না। পুলিশ একেবারেই কিছু বলছে না–এমনটা বললে অবশ্য তাদের প্রতি অন্যায় হবে। তারা বেশ দক্ষতার সঙ্গে দায়ীদের চিহ্নিত করছে। আর তা মাত্র একটি শব্দে–দুর্বৃত্ত।
বাংলাদেশের আইন-শৃঙ্খলা অভিধানে ‘দুর্বৃত্ত’ শব্দটি অনেকটা গণিতের ‘এক্স’-এর মতো। গণিতে তবু শুরুতে ধরে নেওয়া এক্সের মানটি শেষপর্যন্ত জানা যায়। কিন্তু হায় আইন-শৃঙ্খলা তো আর গণিত নয়। ফলে বাংলাদেশের আইন-শৃঙ্খলার পরিসরে ‘দুর্বৃত্ত’ শব্দটির ঠিকুজি সহজে খুঁজে পাওয়া যায় না। অনেক ক্ষেত্রেই থেকে যায় চির অজ্ঞাত এক অভিধা হিসেবে। এই ‘দুর্বৃত্ত’ মুখোশটি বেশ কাজেও লাগে। এর আড়ালে মুখ লুকিয়ে অনায়াসে বেশ দক্ষতার সাথে শঙ্কার ফেরি করা যায়। আর শঙ্কা যত বেশি, কারও কারও পকেট তত ভারী হয়। এই শঙ্কার বীজগণিতে ফেঁসে দেশের অর্থনীতি, জনজীবন যত বিপর্যস্তই হোক না কেন, তাতে কার কী যায় আসে!
খুলনার পরিস্থিতি এই দুর্বৃত্তপনাকে বেশ নিদারুণভাবে সামনে এনেছে। একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, মানুষ আতঙ্কে থাকছে, এমনকি পুলিশকেও কিছু এলাকায় এবং বিশেষ করে রাতে একা চলাচলে সতর্ক করা হয়েছে। ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। এই যখন দশা অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক থাকার কোনো কারণ নেই। অথচ পুলিশ বা প্রশাসনের তরফ থেকে একের পর এক বিবৃতি ছাড়া আর কিছুই মিলছে না।
এমনকি এ পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ জাহাঙ্গীর হুসাইন স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। লাভ হয়নি। বরং অবনতি অব্যাহত।
বাংলাদেশে কোনো অঘটন হবে, আর প্রশাসন রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বালিশ খেলবে না–তা তো হওয়ার কথা নয়। হচ্ছেও না। খুলনার প্রশাসনকে দুষছেন রাজনীতিকেরা, আর প্রশাসন দুষছে পাল্টা রাজনীতিকদের। বিবৃতি দেওয়া পুলিশ এর পাল্লায় পড়ে ‘দুর্বৃত্ত’ শব্দেই আশ্রয় খুঁজছে। এতে আবার এই সময়ের অভ্রান্ত দাওয়াই হিসেবে আসছে–‘ফ্যাসিবাদের দোসর’ তকমাটি। জনপ্রতিনিধিরা পুলিশ ও প্রশাসনে ‘ফ্যাসিবাদের দোসর’ বসে আছে বলে একটা মোক্ষম কারণ হাজির করে বলছেন, ‘তাহলে দেখুন আইন-শৃঙ্খলা ঠিক থাকবে কী করে?’ অকাট্য যুক্তি। এতে অবশ্য ‘বখাট্য’ কর্ম থামছে না।
খবরগুলো একটু ভালো করে পড়লে বা শুনলে দেখা যাবে–খুলনার নগরে বা জেলায় আতঙ্ক ছড়ানো ঘটনাগুলোর সঙ্গে ‘সন্ত্রাসী’, ‘চাঁদাবাজ’ ইত্যাদি বিশেষণের ঘাড়ে দায় চাপানো হলেও সহজে কোনো বিশেষ্যকে খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ, বলা হয় না–অমুক চাঁদাবাজ, তমুক সন্ত্রাসী কাণ্ডটি করেছে। ফলে এক রকম অশরীরী এক কর্তা সামনে আসছে। আর অশরীরী যেখানে তৎপর থাকে, তা তো ভৌতিকই।
খুলনার জনপদে প্রতিটি ব্যবসায়ী থেকে শুরু করে নানা পেশায় নিয়োজিত সাধারণ নাগরিক আজ সেই লোকটির মতো দশায় আছে, যার কথা শুরুতেই বলা হয়েছে। তার সামনে এক প্রকাণ্ড কুকুর দাঁত খিঁচিয়ে দাঁড়িয়ে। নাক দিয়ে ফোঁস ফোঁস করে নিশ্বাস বেরোচ্ছে। চোখ দুটো রক্তবর্ণ। লোকটি জানে না, আর এগোবে কি না। বুক ঢিপঢিপ। একটা মোক্ষম সাসপেন্স দৃশ্য যেন। আর অদূরেই নিরাপত্তার আশ্বাস দেওয়া থানা-পুলিশ তথা পাহারাদার দাঁড়িয়ে। বুকের ধুকপুকানি সঙ্গে নিয়ে সেও ঔৎসুক্য নিয়ে দেখছে যে–লোকটি এগোলে কুকুরটি কামড়ায় কি না। কামড়ালেই সে ছুটবে ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য। বলবে, “হ্যাঁ, কামড়েছে।”
খুলনার প্রতিটি সাধারণ নাগরিকই আজ গল্পের সেই লোকটির দশায়। বিহ্বল। হতবুদ্ধিকর। কার কাছে যাবে, কী করবে বুঝতে পারছে না। সে চিৎকারও করতে পারছে না, পাছে ভুল হয় আরও, পাছে জন্মসূত্রে পাওয়া কণ্ঠের দায়ে প্রাণটাই দিতে হয়। পারলে সে হয়তো বলত–ভোট দিয়ে আপনাদের নির্বাচন করা হয়েছে, আমার দেখভাল ও নিরাপত্তার নিশ্চয়তার স্বার্থে। আপনাদের খাবার প্লেট ভরছে আমারই করের টাকায়। আমাদের ‘দোসর’ অজুহাত দেখাবেন না। বরং ‘দোসর’ কেন আছে, তার জবাব দিন। আমাদের ‘দুর্বৃত্ত’ দেখাবেন না; বরং বলুন সে কার জ্ঞাতি? তার আকার-প্রকার কী? তার ঠিকুজিটি প্রকাশ করুন। সব দায় দুর্বৃত্তের–এ কথা শোনার জন্য আমরা আপনাদের পয়সা দিয়ে পুষি না। হায় ‘দুর্বৃত্ত’ খপ্পরে পড়া খুলনার লোকেরা এ কথাটিও বলতে পারছে না। তাদের কণ্ঠও লুট হয়ে গেছে!
লেখক: বার্তা সম্পাদক, চরচা