Advertisement

ডায়েট সোডা কী আসলেই উপকারি?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ডায়েট সোডা কী আসলেই উপকারি?
ওয়েলনেস ইনফ্লুয়েন্সারদের পছন্দের পানীয় ডায়েট কোক বা পেপসি। ছবি: পেক্সেল ডট কম

বিশ্বজুড়ে ডায়েট সোডা বেশ জনপ্রিয়। অনেক ওয়েলনেস ইনফ্লুয়েন্সারদের দেখা যায় ডায়েট কোক বা পেপসির গুণগান গাইতে। যারা চিনি বা ক্যালরি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের মধ্যে। ডায়েট সোডার বিশেষত্ব হলো এতে কোন চিনি থাকবে না।

Advertisement

তবে এসব পানীয়তে চিনির বদলে মিষ্টির জন্য কৃত্রিম সুইটনার, যেমন অ্যাসপার্টাম, সাইক্লামেট, স্যাকারিন, অ্যাসিসালফেম-কে কিংবা সুক্রালোজ মেশানো হয়।

বাজারের প্রায় সব পরিচিত চিনিযুক্ত কোমল পানীয়েরই এখন ‘লাইট’ বা ‘ডায়েট’ সংস্করণ পাওয়া যায়। যেমন—ডায়েট কোক, কোক জিরো, পেপসি ম্যাক্স ও স্প্রাইট জিরো।

১৯৫০-এর দশকে মূলত ডায়াবেটিসের রোগীদের কথা ভেবে ডায়েট সোডার যাত্রা শুরু হয়। পরবর্তীতে যারা ওজন কমাতে চান বা চিনি এড়িয়ে চলতে চাওয়া মানুষের জন্য এগুলোর প্রচার ও বিপণন শুরু হয়।

Advertisement

চিনি বা ক্যালরি না থাকলেও, ডায়েট পানীয় ও কৃত্রিম সুইটনার স্বাস্থ্যের ওপর কেমন প্রভাব ফেলে তা নিয়ে বেশ মতভেদ বা বিতর্ক রয়েছে।

ডায়েট সোডাতে কোন পুষ্টি নেই

ডায়েট সোডা মূলত কার্বনেটেড পানি, কৃত্রিম কিংবা প্রাকৃতিক সুইটনার, রং, ফ্লেভার ও বিভিন্ন ফুড অ্যাডিটিভ মিলিয়ে তৈরি করা হয়।

এতে সাধারণত খুব সামান্য বা শূন্য ক্যালোরি থাকে এবং পুষ্টিগুণও তেমন থাকে না। যেমন, ৩৫৪ মিলিলিটারের এক ক্যান ডায়েট কোকে ক্যালরি, চিনি, ফ্যাট বা প্রোটিন কিছুই নেই, কিন্তু ৪০ মিলিগ্রাম সোডিয়াম রয়েছে।

অন্যদিকে, সুইটনার ব্যবহার করা হয় এমন সব সোডাই যে চিনিহীন বা কম ক্যালরির হবে, এমন নয়। কোনো কোনো পানীয়ে চিনি ও সুইটনার একসঙ্গেও মেশানো হয়। যেমন, প্রাকৃতিক সুইটনার স্টেভিয়াযুক্ত কোকা-কোলা লাইফের এক ক্যানে ৯০ ক্যালরি ও ২৪ গ্রাম চিনি থাকে।

ব্র্যান্ড অনুযায়ী উপকরণের অনুপাত ও ধরন বদলালেও ডায়েট সোডায় সাধারণত নিচের উপাদানগুলো দেখা যায়:

কার্বনেটেড পানি: প্রাকৃতিকভাবে স্পার্কলিং ওয়াটার তৈরি হতে পারলেও অধিকাংশ ক্ষেত্রে উচ্চ চাপে পানিতে কার্বন ডাই-অক্সাইড মিশিয়ে এটি বানানো হয়।

সুইটনার: অ্যাসপার্টাম, স্যাকারিন বা সুক্রালোজের মতো প্রচলিত কৃত্রিম মিষ্টিকারক কিংবা স্টেভিয়ার মতো ভেষজ সুইটনার এখানে ব্যবহৃত হয়, যেগুলোর মিষ্টতা সাধারণ চিনির তুলনায় ২০০ থেকে ১৩ হাজার গুণ পর্যন্ত বেশি।

অ্যাসিড: পানীয়তে হালকা টক ভাব আনতে সাইট্রিক, ম্যালিক ও ফসফরিক অ্যাসিড মেশানো হয়। তবে এসব অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করার ঝুঁকির সঙ্গেও যুক্ত।

রং: রঙের জন্য ক্যারোটিনয়েডস, অ্যান্থোসায়ানিনস ও ক্যারামেল বেশ পরিচিত।

ফ্লেভার: স্বাদ ও ঘ্রাণ দিতে ফল, বেরি, ভেষজ বা কোলার প্রাকৃতিক নির্যাস কিংবা কৃত্রিম ফ্লেভার ব্যবহার করা হয়।

প্রিজারভেটিভ: দোকানের শেলফে পণ্য দীর্ঘদিন ভালো রাখতে প্রিজারভেটিভ মেশানো হয়। পটাশিয়াম বেনজোয়েট এর একটি সাধারণ উদাহরণ।

ভিটামিন ও মিনারেল: ক্যালরিমুক্ত ও তুলনামূলক স্বাস্থ্যকর বিকল্প হিসেবে তুলে ধরতে অনেক নির্মাতা পানীয়ে ভিটামিন ও খনিজ যুক্ত করেন।

ক্যাফেইন: সাধারণ কোমল পানীয়ের মতো অনেক ডায়েট সোডাতেও ক্যাফেইন থাকে। যেমন, এক ক্যান ডায়েট কোকে ৪৬ মিলিগ্রাম এবং ডায়েট পেপসিতে ৩৫ মিলিগ্রাম ক্যাফেইন পাওয়া যায়।

ঝুঁকি কেমন?

প্রতিদিন ডায়েট সোডা পান করা আপাতদৃষ্টিতে ক্ষতিকর মনে না হলেও, এটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিভিন্ন গবেষণায় নিয়মিত ডায়েট সোডা পানের সঙ্গে ডায়াবেটিস, কিডনির সমস্যা ও উচ্চ রক্তচাপের যোগসূত্র উঠে এসেছে।

ক্যালরি আর চিনি বাদ দিলেও ডায়েট সোডা স্বাস্থ্যের দিক থেকে একেবারে নির্ভার থাকার মতো কিছু নয়। মাত্রাতিরিক্ত বা ঘনঘন এটি পান করলে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও দাঁতের ক্ষতির মতো ঝুঁকি তৈরি হতে পারে। কালেভদ্রে একটি ক্যান পান করলে হয়তো তেমন ক্ষতি হয় না, কিন্তু রোজকার অভ্যাসে পরিণত হলে শরীরে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দাঁতের এনামেল ক্ষয় হওয়ার ঝুঁকি

চিনি মেশানো পানীয় দাঁতে ক্যাভিটিসহ নানা সমস্যা বাধায়, কারণ চিনি মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়াকে বেড়ে উঠতে সাহায্য করে।

ডায়েট সোডাতে স্বাস্থ্যঝুঁকি আছে। ছবি: ম্যাগনেফিক
ডায়েট সোডাতে স্বাস্থ্যঝুঁকি আছে। ছবি: ম্যাগনেফিক

ডায়েট সোডায় চিনি না থাকলেও এটি বেশ অ্যাসিডিক। এতে থাকা ফসফরিক ও সাইট্রিক অ্যাসিড দীর্ঘদিন ধরে দাঁতের এনামেল ক্ষয় করতে পারে। এনামেল ক্ষয়ে গেলে দাঁতে শিরশির ভাব, দাগ পড়া এবং ক্ষয় বা ডিকে হওয়ার আশঙ্কা বাড়ে।

ফলে সাধারণ সোডার বদলে ডায়েট সোডা খেলে চিনিজনিত ক্যাভিটির ঝুঁকি কিছুটা কমলেও, দাঁতের ক্ষতির সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায় না।

ডায়াবেটিসের আশঙ্কা বাড়তে পারে

নিয়মিত ডায়েট সোডা খেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে। নানা গবেষণায় দেখা গেছে, ক্যালরিহীন সুইটনারগুলো শরীরের বিপাকক্রিয়ায় প্রভাব ফেলে ইনসুলিন সংবেদনশীলতা ও রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে। একটি সমীক্ষায় পাওয়া গেছে যে সপ্তাহে মাত্র একটি ডায়েট সোডা পানেও টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি ৬৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

কিডনির ওপর চাপ পড়তে পারে

দীর্ঘদিন ডায়েট সোডা পান করলে কিডনির ক্ষতি হতে পারে। কিছু গবেষণার ইঙ্গিত অনুযায়ী, কৃত্রিম মিষ্টিকারক ও ফসফরিক অ্যাসিড কিডনির ওপর বাড়তি চাপ সৃষ্টি করে ক্ষতির ঝুঁকি বাড়ায়। দিনে দুই সার্ভিংয়ের বেশি পান করা কিডনির কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে যুক্ত বলে দেখা গেছে। পাশাপাশি অতিরিক্ত ডায়েট সোডা সেবন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের সঙ্গেও সম্পর্কিত, যা কিডনি রোগের অন্যতম প্রধান কারণ।

রক্তচাপ বেড়ে যেতে পারে

রোজ ডায়েট সোডা পান করলে উচ্চ রক্তচাপের ঝুঁকি তৈরি হতে পারে। কয়েকটি গবেষণায় দেখা গেছে, প্রতিদিন এক সার্ভিং করে বাড়ালে হাইপারটেনশনের ঝুঁকি প্রায় ৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

অ্যাসপার্টাম ও স্যাকারিনের মতো কৃত্রিম সুইটনার রক্তচাপ নিয়ন্ত্রণের স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে এবং শরীরে প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে তুলতে পারে। এগুলো রক্তনালির ক্ষতির সঙ্গে জড়িত। তাই চিনি এড়িয়ে চললেও নিয়মিত ডায়েট সোডা পানকারীদের উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন গবেষকেরা।

হৃদ্‌যন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে

ডায়েট সোডা পানে হৃদ্‌স্পন্দনের ছন্দ বা রিদম অনিয়মিত হওয়ার ঝুঁকি বাড়তে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, সপ্তাহে ২ লিটারের বেশি পান করলে অ্যাট্রিয়াল ফাইব্রিল্যাশন (AFib)-এর ঝুঁকি ২০ শতাংশ বাড়তে পারে। কৃত্রিম সুইটনার বিপাকক্রিয়া ও রক্তনালির কাজে বিঘ্ন ঘটিয়ে এবং প্রদাহ বাড়িয়ে হৃদ্‌যন্ত্রের স্বাভাবিক ছন্দকে প্রভাবিত করতে পারে। এমনকি কিছু গবেষণায় বলা হয়েছে, এগুলো অন্ত্রের সুস্থতায় পরিবর্তন এনে পরোক্ষভাবে হৃদ্‌যন্ত্রের ওপরও প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন, ভেরিওয়েল হেলথ