Advertisement

১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, থাকবেন তারেক রহমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

১ ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, থাকবেন তারেক রহমান
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: চরচা

ডিসেম্বরের প্রথম দিন বড় সমাবেশ করবে বিএনপি, ওই সমাবেশে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

Advertisement

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ সংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “আমরা পহেলা ডিসেম্বর মাসব্যাপী বিজয়ের মাসের উদ্বোধনী অনুষ্ঠানটি একটু বড় সমাবেশের মাধ্যমে করতে চাই। আমরা আশা করছি, আমাদের এই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।”

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে একটি কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা এখনো সহিংসতার পথ থেকে সরে আসেননি। তার নির্দেশনায় দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশ বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।”

Advertisement

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিএনপির নেতা-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। এরই মধ্যে নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন রয়েছেন। উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, “সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও সরকার পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে এবং প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা করছে।”

রিজভী বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ ধরনের পরিস্থিতিতে গুম, খুন, ক্রসফায়ার ও বাড়িঘর ভাঙচুরের মতো ঘটনা ঘটত। গত ১৭ বছরে মানুষ তার নমুনা দেখেছে।” বর্তমান সরকারের আচরণ দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত জুলাইয়ের আন্দোলনের প্রশংসা করেছেন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সরকার গঠনের বিষয়টি তুলে ধরেছেন।”

প্রতিবেশী দেশের এক মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। এক ইঞ্চি মাটিতেও কেউ হস্তক্ষেপ করতে পারবে না। পুরো আধিপত্যবাদী শক্তি এখানে নিতে পারবে না।”