Advertisement

আবুধাবিতে আলোচনা শেষে পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় ট্রাম্পের দূতেরা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আবুধাবিতে আলোচনা শেষে পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কোয় ট্রাম্পের দূতেরা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার পর এক ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের দূত জ্যারেড কুশনার। এ সময় তার পাশে ছিলেন স্টিভ উইটকফ (বাঁয়ে) এবং ইউক্রেনের বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ (ডান দিক থেকে দ্বিতীয়)। ১১ নভে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতেরা আজ বৃহস্পতিবার মস্কো পৌঁছেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার ফলাফল নিয়ে তাদের আলোচনা করার কথা রয়েছে।

Advertisement

ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে দুই দিনব্যাপী আলোচনায় অংশ নেন। গতকাল বুধবার ওই আলোচনা শেষ হয়। এতে বড় ধরনের যুদ্ধবন্দী বিনিময়ে দুই পক্ষ সম্মত হলেও প্রায় পাঁচ বছর ধরে চলা সংঘাত অবসানের বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

বার্তা সংস্থা এপির বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কুশনার বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের পর তিনি ও উইটকফ আয়ারল্যান্ডের ডাবলিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাবেন।

Advertisement

আলোচনার ফলাফল সম্পর্কে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছেন জেলেনস্কি। প্রস্তাবিত যুদ্ধবন্দী বিনিময়কে ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। তবে শান্তির বিনিময়ে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড ছেড়ে দেওয়ার দাবি ইউক্রেন মেনে নেবে না বলে আবারও জানিয়েছেন।

দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে নয় মাস পর প্রথম বৈঠক শুরুর আগে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা খুব একটা ছিল না। রাশিয়া ও ইউক্রেন পর্যায়ক্রমে যুদ্ধবন্দী বিনিময় করলেও শান্তিচুক্তির শর্ত নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো বিস্তর ব্যবধান রয়েছে।

আলোচনার প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডের ভবিষ্যৎ, যুদ্ধ-পরবর্তী সময়ে দুই দেশের নিরাপত্তার নিশ্চয়তা এবং সম্ভাব্য শান্তিচুক্তিতে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা।

রাশিয়ার কর্মকাণ্ড ও ইউরোপ মহাদেশে দেশটির বৃহত্তর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগের কারণে ইউরোপীয় দেশগুলোর সরাসরি অংশগ্রহণের বিরোধিতা করছে মস্কো। কুশনার বলেন, ইউরোপীয় প্রতিনিধিদের কীভাবে আলোচনায় যুক্ত করা যায়, তা খতিয়ে দেখাও মস্কোর বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, যুদ্ধ-পরবর্তী নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশেরই স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে ঐকমত্য গড়ে তুলতে ইউরোপীয় দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর অংশগ্রহণও জরুরি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার বলেন, পরবর্তী কোনো পর্যায়ে ইউরোপীয় প্রতিনিধিরা শান্তি আলোচনায় যোগ দিতে পারেন। তবে তিনি বলেন, বর্তমানে ইউরোপীয় দেশগুলোর বক্তব্য থেকে ‘শান্তির পথে অগ্রগতি অর্জনে অবদান রাখার কোনো আগ্রহ’ প্রতিফলিত হচ্ছে না।

ইউক্রেনকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহের জন্য ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে আসছে মস্কো।

ইউক্রেন চায়, রাশিয়া যেন আর কখনো দেশটিতে হামলা চালাতে না পারে, সে বিষয়ে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হোক। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরই ইউরোপের নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা সম্ভব।

ইউরোপের অনেকেই মনে করেন, ওই নিরাপত্তা পরিকল্পনায় রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হলে তা পুতিনের কাছে ছাড় দেওয়ার শামিল হবে। পুতিন বারবার ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণকে তার দেশের জন্য বড় ধরনের নিরাপত্তা হুমকি হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়ার সীমান্তবর্তী এলাকাগুলো থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে মস্কো।