Advertisement

ইউক্রেনে সামরিক নিয়োগকেন্দ্রে সংঘর্ষ, তদন্ত শুরু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ইউক্রেনে সামরিক নিয়োগকেন্দ্রে সংঘর্ষ, তদন্ত শুরু
ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ বিক্ষোভকারীদের উদ্দেশে ভাষণ দিচ্ছেন। ছবি: রয়টার্স

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি সামরিক আবাসিক কেন্দ্রে বিক্ষোভকারীদের সঙ্গে কর্তৃপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির প্রশাসন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, দেশটির যুদ্ধ প্রচেষ্টাকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।

গত মঙ্গলবার কর্মকর্তারা জানান, গত সোমবার গভীর রাতে প্রায় ১০০ জনের একটি দল ন্যাশনাল গার্ডের একটি ঘাঁটিতে জড়ো হয়। ওই ঘাঁটিতে প্রায় দুই ডজন নতুন নিয়োগপ্রাপ্ত সেনা এবং অনুমতি ছাড়া ছুটি কাটিয়ে ফিরে আসা সেনাদের রাখা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে সেখানে সেনাদের ওপর নির্যাতন ও সহিংসতার অভিযোগ ছড়িয়ে পড়ার পর বিক্ষোভকারীরা জড়ো হন।

কর্তৃপক্ষের ভাষ্য, বিক্ষোভকারীদের কয়েকজন সেখানে উপস্থিত সেনাসদস্য ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালান। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান ন্যাশনাল গার্ডের কমান্ডার এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ।

Advertisement

রাষ্ট্রীয় তদন্ত সংস্থা ও সামরিক ন্যায়পাল কার্যালয় জানিয়েছে, ওই ২২ জনকে কী পরিস্থিতিতে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছিল কিংবা অনুমতি ছাড়া ছুটি কাটানোর পর কীভাবে তাদের আটক করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের মধ্যে চারজনকে চিকিৎসা নিতে হয়েছে।

গত মঙ্গলবার ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার উপপ্রধান দাবি করেন, সোমবারের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল আটক ব্যক্তিদের একজনকে মুক্ত করা এবং জনমনে ক্ষোভ সৃষ্টি করা। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন এ খবর জানিয়েছে।

দেশটির জাতীয় পুলিশপ্রধান এক সংবাদ সম্মেলনে জানান, সংঘবদ্ধ দাঙ্গা এবং সামরিক বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে। একই সংবাদ সম্মেলনে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী সামরিক আবাসিক কেন্দ্রে নির্যাতনের অভিযোগকে মিথ্যা বলে দাবি করেন।

মঙ্গলবার ইউক্রেনের টেলিভিশনে দেওয়া বক্তব্যে প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা কিরিলো বুদানভ বলেন, “ঘটনার প্রধান উসকানিদাতাকে আটক করা হয়েছে। ওই নারী জরুরি চিকিৎসাকর্মীর পোশাক পরেছিলেন। তিনি এর আগে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছিলেন।”

তিনি বলেন, “সংঘর্ষটি পরিকল্পিত উসকানি বলে মনে হলেও এর মধ্য দিয়ে কিছু সমস্যাও সামনে এসেছে, যেগুলোর সমাধান প্রয়োজন।”

বুদানভ বলেন, “হ্যাঁ, একদিকে উসকানিদাতারা রয়েছে, কিন্তু অন্যদিকে সমাজেও উত্তেজনা রয়েছে।”

যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক কিছু সাফল্য সত্ত্বেও ইউক্রেনের সামরিক বাহিনী এখনো সোভিয়েত আমলের সামরিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সেনাবান্ধব ব্যবস্থাপনা গড়ে তোলার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পঞ্চম বছরে এসে এ সংকট আরও স্পষ্ট হয়ে উঠেছে।

সামরিক ন্যায়পাল ওলহা রেশেতিলোভা বলেন, “গত সোমবার হামলার শিকার ব্যক্তিদের মধ্যে যুদ্ধের অভিজ্ঞতাসম্পন্ন সেনা এবং যুদ্ধবন্দি হিসেবে আটক থাকার পর মুক্তি পাওয়া সাবেক সেনারাও ছিলেন।”