Advertisement

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে এশিয়ার বাজারে আসছে ইরানের তেল?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে এশিয়ার বাজারে আসছে ইরানের তেল?
ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ দেওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে লাখ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়। ছবি: এআই দিয়ে তৈরি

কাজের প্রয়োজনে জেফরি সোহকে প্রায়ই দক্ষিণ চীন সাগরের এক কোণে নোঙর করে রাখা বিশাল তেলবাহী জাহাজে যেতে হয়। তার জাহাজের নাম ইউরোপ, যেটির দৈর্ঘ্য ১ হাজার ২৬৪ ফুট। এই জাহাজ এতই বড় যে, মালয়েশিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলের কাছে এটিকে প্রায় স্থায়ীভাবে নোঙর করে রাখা হয়েছে। ভাসমান তেলের গুদাম হিসেবে এটি ব্যবহার করা হয়।

Advertisement

ইউরোপ জাহাজের চালকের কক্ষে দাঁড়িয়ে তিনি দেখছিলেন, দূরে একের পর এক তেলবাহী জাহাজ নীরবে মালাক্কা প্রণালি দিয়ে এগিয়ে যাচ্ছে। তার মতে, সমুদ্র অনেক বিশাল। নজরদারি এড়িয়ে চলার জন্য এখানে প্রচুর জায়গা রয়েছে।

Advertisement

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের সাত মাস পেরিয়েছে। ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দিয়েছে। আবার ইরানের বন্দরগুলোতে অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের তেল রপ্তানি বন্ধের মার্কিনি চেষ্টা সফল হয়নি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে ইরানের তেল পৌঁছে যাচ্ছে এশিয়ার তেলের বাজারে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জেফরি সোহ বলছিলেন, সম্প্রতি এক বুধবারে দুবাই বিউটি নামের তেলবাহী একটি জাহাজ তার ইউরোপের পাশে এসে ভিড়েছে। সেটি থেকে মোটা কালো পাইপের মাধ্যমে ওমান থেকে আনা জ্বালানি তেল ইউরোপে নেওয়া হচ্ছিল। জেফরি জানান, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৪ হাজার মেট্রিক টন তেল স্থানান্তর করা যায়। তবে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তর করতে কখনো কখনো ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।

এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরের এই পদ্ধতিকে বলা হয় ‘শিপ-টু-শিপ’ বা এসটিএস ট্রান্সফার। তেল বাণিজ্যে এটি খুবই পরিচিত একটি পদ্ধতি। জেফরি সোহের প্রতিষ্ঠান কনটেম্পোরারি লজিস্টিকসও নিয়মিত এ কাজ করে। তাদের গ্রাহকদের মধ্যে শেভরনের মতো বড় প্রতিষ্ঠান রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরে ইরানের একটি গোপন তেলবাহী জাহাজের বহরও (শ্যাডো ফ্লিট) এই পদ্ধতি ব্যবহার করছে। মালয়েশিয়ার আশপাশের সমুদ্র এলাকায় এসব জাহাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে লাখ লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল পরিবহন ও বিক্রি করা হচ্ছে।

এই অবৈধ পথে আনা তেল বিশ্ববাজারে অনেক কম দামে বিক্রি হচ্ছে। ফলে তেলের দাম কমে যাচ্ছে। এ কারণে আবার জেফরি সোহের গ্রাহকদের ব্যবসায় ক্ষতি হচ্ছে। তাই ইরানের সঙ্গে জেফরির এক ধরনের প্রতিযোগিতা চলছে।

নিউইয়র্ক টাইমস বলছে, ইরানের গোপন বহরের এসব জাহাজের অনেকগুলোই বেশ পুরনো। এগুলোর বিমা নিয়েও সন্দেহ রয়েছে। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে পুরো তেল বাণিজ্যে জাহাজের বিমা খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

US-iran

কয়েক বছর আগে এই গোপন বহরের একটি জাহাজ জেফরি সোহের প্রতিষ্ঠানের একটি ভাসমান তেলের গুদাম ব্যবহার করে তেল সরবরাহ করেছিল। পরে জানা যায়, সেই তেল ছিল ইরানের।

জেফরি সোহ বলেন, এই কাজে খুব সহজেই বিপদে পড়ার আশঙ্কা থাকে। ধরা পড়ার ঝুঁকিও অনেক বেশি। এখন কেউ যদি মালয়েশিয়ায় এসটিএস ট্রান্সফারের কথা বলে, তাহলে মানুষ তাকেও সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে মনে করে।

এই নেতিবাচক পরিচিতির কারণে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের নজরদারি বেড়েছে। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করছে। এজন্য তারা শুধু গোপনে তেল পরিবহনকারী জাহাজগুলোর বিরুদ্ধেই নয়, এসব জাহাজের পরিচালনাকারী ও অর্থের জোগানদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে।

সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশের সামুদ্রিক সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ব্যবস্থা নিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরানের তেলবাহী জাহাজগুলোকে বিভিন্নভাবে সহায়তা করছে।

ইরানি জাহাজ চলাচল নিয়ে নজরদারি করা সংগঠন ইউনাইটেড অ্যাগেইনস্ট নিউক্লিয়ার ইরানের জ্যেষ্ঠ উপদেষ্টা চার্লি ব্রাউন বলেন, “এসব প্রতিষ্ঠান ছাড়া গোপনে তেল পরিবহনকারী জাহাজের বহর চলতেই পারে না।”

নিউইয়র্ক টাইমস বলছে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ দেওয়ার আগে হরমুজ প্রণালি দিয়ে লাখ লাখ ব্যারেল ইরানি তেল বিশ্বের বিভিন্ন দেশে চলে যায়।

গত আগস্টে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা ঘোষণা করেন। এর আওতায় জাহাজ কেনাবেচায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান, জাহাজে জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান এবং আর্থিক লেনদেনে সহায়তাকারীদেরও রাখা হয়।

বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে বিদেশি প্রতিষ্ঠানগুলো বড় ধরনের সমস্যায় পড়তে পারে। এসব নিষেধাজ্ঞার ফলে তারা মার্কিন ডলারে লেনদেনের সুযোগ হারাতে পারে। এতে সরবরাহকারীদের বিল পরিশোধ করা কিংবা ডলারে রাখা সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। এমনকি অন্য ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকও তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিতে পারে।

অবশ্য ইরানের তেল রপ্তানি কয়েক দশক ধরে বন্ধ করার চেষ্টা করেও এখন পর্যন্ত তেমন সফল হয়নি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, এবার আরও কঠোর ব্যবস্থা নিয়েও তারা কতটা সফল হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

আজারবাইজানভিত্তিক ইরানের তেল বাণিজ্যবিষয়ক বিশেষজ্ঞ দালগা খাতিনোগলু বলেন, এখন পর্যন্ত এসব উদ্যোগের কারণে গোপন নেটওয়ার্কের মাধ্যমে ইরানের তেল রপ্তানিতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে না। বর্তমানে রপ্তানি হওয়া ইরানের প্রায় সব তেলই কিনছে চীনের ছোট ছোট তেল শোধনাগার। এগুলো ‘টিপট’ নামে পরিচিত।

ইরানি জাহাজ থেকে এসব তেল স্থানান্তর করে চীনে নিতে মালয়েশিয়ার একটি নির্দিষ্ট সমুদ্র এলাকায় জড়ো হচ্ছে অন্য জাহাজগুলো। এই এলাকাটির নাম মালয়েশিয়ান ইস্টার্ন আউটার পোর্ট লিমিটস বা ইওপিএল। মালয়েশিয়ার জোহর রাজ্যের পূর্ব উপকূল থেকে প্রায় ৪৫ মাইল দূরে এই সমুদ্র এলাকা অবস্থিত।

নিউইয়র্ক টাইমস বলছে, মালয়েশিয়ার এই সমুদ্র এলাকায় ইরানের তেলের বাণিজ্য এখনো বেশ ভালোভাবেই চলছে। এলাকাটি মালয়েশিয়ার নিজস্ব জলসীমার বাইরে অবস্থিত। এর পাশেই রয়েছে মালাক্কা প্রণালি। এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ একটি নৌপথ। মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ার দেশগুলোতে তেল পরিবহনের জন্য এটি ব্যবহার করা হয়।

এই সমুদ্র এলাকা মালয়েশিয়ার বিস্তৃত অর্থনৈতিক সমুদ্রসীমার (ইইজেড) মধ্যে পড়লেও দেশটির কর্তৃপক্ষ সাধারণত এই তেল বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেয় না। তাদের দাবি, ওই এলাকায় আইন প্রয়োগের ক্ষেত্রে আইনি সীমাবদ্ধতা ও নানা বাস্তব সমস্যা রয়েছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে তেল স্থানান্তরের সময় অনেক জাহাজ ভুয়া দেশের পতাকা ব্যবহার করে। পাশাপাশি জাহাজের অবস্থান শনাক্ত করার যন্ত্রেও কারসাজি করা হয়।

আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী, বড় জাহাজগুলোকে সব সময় ট্রান্সপন্ডার নামের একটি যন্ত্র চালু রাখতে হয়। এর মাধ্যমে জাহাজের অবস্থান জানা যায়। কিন্তু ইরানের তেল পরিবহনকারী জাহাজগুলো অনেক সময় এই যন্ত্রে কারসাজি করে নিজেদের অবস্থান গোপন রাখে। কোনো কোনো জাহাজের গায়ে লেখা নাম রং দিয়ে ঢেকে ফেলা হয়। পরিচয় শনাক্ত করার মতো অন্যান্য চিহ্নও আড়াল করা হয়।

তবে গোপনে তেল পরিবহনকারী এসব জাহাজেরও অন্য জাহাজের মতোই বিভিন্ন পণ্য ও সেবা প্রয়োজন হয়। যেমন–নাবিকদের প্রয়োজনীয় জিনিসপত্র, জাহাজ মেরামত, জ্বালানি এবং ফেন্ডার। ফেন্ডার হলো বিশাল ভাসমান বস্তা বা বয়া, যা এক জাহাজের সঙ্গে অন্য জাহাজের ধাক্কা লাগা ঠেকায়।

জোহর এলাকায় দুটি বড় সমুদ্রবন্দর এবং বিশাল সামুদ্রিক শিল্প গড়ে ওঠায় সেখানে এমন একটি অনানুষ্ঠানিক বাজার তৈরি হয়েছে, যারা এসব জাহাজকে প্রয়োজনীয় পণ্য ও সেবা সরবরাহ করতে প্রস্তুত।

স্থানীয় একটি জাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিউইয়র্ক পোস্টকে জানান, বেশি পারিশ্রমিক পাওয়া যায় বলে অনেক প্রতিষ্ঠান এসব কাজ করে। বেশির ভাগ ক্ষেত্রে নগদ টাকায় লেনদেন হয়। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থার ভয়ে তিনি নাম প্রকাশ করেননি। তিনি জানান, তার প্রতিষ্ঠান ইরানের বলে পরিচিত বা সন্দেহ করা হয়–এমন কোনো জাহাজের কাজ নেওয়ার আগে নিশ্চিত হয় যে লেনদেনের সঙ্গে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ থাকবে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইওপিএল এলাকার সমুদ্রস্রোত সম্পর্কে ভালো ধারণা রয়েছে, এমন স্থানীয় জাহাজের ক্যাপ্টেনদের চাহিদাও অনেক বেশি। কারণ, যুক্তরাষ্ট্রের নজরদারি এড়াতে ইরানের অনেক তেলবাহী জাহাজ চলন্ত অবস্থাতেই একে অন্যের মধ্যে তেল স্থানান্তর করে। এ সময় জাহাজ দুটিকে নির্দিষ্ট অবস্থানে পাশাপাশি রাখতে দক্ষ ক্যাপ্টেনের প্রয়োজন হয়। তারা ‘মুরিং মাস্টার’ হিসেবে কাজ করেন। বিশাল তেলবাহী জাহাজ দুটিকে নিরাপদে ও নিখুঁতভাবে পাশাপাশি চালিয়ে নেওয়াই তাদের দায়িত্ব।

ইডি এফেন্দি নামের এক মুরিং মাস্টার বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার অভিজ্ঞ জাহাজের ক্যাপ্টেনদের এসব কাজের জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তিনি এমন একটি প্রতিষ্ঠানে কাজ করেন, যারা জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের কাজে বিশেষ সেবা দিয়ে থাকে।

ইডি জানান, ইরানের জাহাজগুলো তাদের এজেন্টের মাধ্যমে তার প্রতিষ্ঠানের কাছে কাজের প্রস্তাব পাঠায়। কোনো কোনো ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তবে তার প্রতিষ্ঠান এসব প্রস্তাব সব সময় ফিরিয়ে দেয়। কিন্তু বেশি আয়ের সুযোগ থাকায় অন্যরা এসব কাজে আগ্রহী হলে তাতে তিনি অবাক নন।

নিউইয়র্ক টাইমস বলছে, মালয়েশিয়ায় ইরানের জাহাজের সঙ্গে ব্যবসা করা আইনত অপরাধ নয়। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বৈধ বলে মনে করে না। যুক্তরাষ্ট্রের চাপে পড়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষ কখনো কখনো ইরানের তেলবাহী জাহাজের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বললেও বাস্তবে তারা বেশির ভাগ সময় এসব কর্মকাণ্ড উপেক্ষা করে।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সামুদ্রিক বিভাগে কাজ করা এক সাবেক কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেন, যুক্তরাষ্ট্রের ডলারে লেনদেনের সুযোগ হারানোর ঝুঁকি নিয়ে ব্যবসা করবে কি না, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেই নিতে হয়। তার মতে, এসব প্রতিষ্ঠান যে বন্দরগুলো ব্যবহার করে, সেগুলোর পরিচালনাকারীরাও বাড়তি সরকারি নজরদারির বিরোধিতা করেন।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে ইরান ও চীনের সঙ্গেও দেশটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। চীনই ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা।

মালয়েশিয়া মুসলিম-প্রধান দেশ। দীর্ঘদিন ধরেই দেশটি আন্তর্জাতিক রাজনীতিতে কোনো পক্ষ না নেওয়ার নীতি অনুসরণ করে আসছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধেরও অন্যতম সোচ্চার সমালোচক মালয়েশিয়া। অন্যদিকে, চীন দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

মালয় বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক বিভাগের ভিজিটিং ফেলো ও সামুদ্রিক বিশেষজ্ঞ নাজেরি খালিদ বলেন, “মালয়েশিয়ার অবস্থান একেবারেই স্পষ্ট। দেশটি সবার বন্ধু, কারো শত্রু নয়। তাই তাদের এমন পরিস্থিতিতে ফেলা উচিত নয়, যেখানে এক পক্ষকে বেছে নিতে হবে।”

তবে যুক্তরাষ্ট্র এখন বিভিন্ন দেশকে পক্ষ বেছে নেওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু ইরানের তেল বাণিজ্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই অভিযান মালয়েশিয়ার মানুষের কাছ থেকে খুব বেশি সমর্থন পাবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের কাউন্সিল অন ফরেন রিলেশনসের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ গবেষক জশুয়া কুরল্যানজিক। তিনি বলেন, মালয়েশিয়ায় যুক্তরাষ্ট্রের জনপ্রিয়তা অনেক কম। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই দেশটির প্রতি মানুষের বিরূপ মনোভাব রয়েছে। ইরান যুদ্ধের পর তা আরও বেড়েছে।

জাহাজের ক্যাপ্টেন ইডি এফেন্দির মতো সামুদ্রিক খাতের অনেক পেশাজীবীর মধ্যেও একই মনোভাব দেখা যায়। তাদের কাছে ইরানের জাহাজের নাবিকরাও অন্যদের মতোই সমুদ্রের মানুষ। তারা শুধু নিজেদের দায়িত্ব পালন করছেন। এসব নাবিকের অনেকেই আবার ইরানের নাগরিক নন।

ইডি এফেন্দির প্রশ্ন–এসব জাহাজের নাবিকদের খাবার বা বিশুদ্ধ পানি সরবরাহের মতো প্রয়োজনীয় সেবা দিতে অস্বীকার করা কতটা মানবিক? তিনি বলেন, “জাহাজে থাকা এসব নাবিক শুধু নিজের দেশে পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য কাজ করছেন।”

নিউইয়র্ক টাইমস বলছে, তেলবাহী জাহাজগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে সহজেই নজরদারিতে রাখা যায়। কিন্তু এসব জাহাজকে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে শনাক্ত করা অনেক কঠিন। কারণ, তারা পণ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের জন্য ছোট নৌযান ব্যবহার করে।

ইরানের জাহাজ চলাচল নিয়ে নজরদারি করা সংগঠনটির কর্মকর্তা চার্লি ব্রাউন বলেন, স্যাটেলাইটের ছবিতে এসব ছোট নৌযানকে প্রায় দেখাই যায় না।

কনটেম্পোরারি লজিস্টিকসের জেফরি সোহ বলেন, এসব প্রতিষ্ঠান অনেক সময় ভুয়া বা নামসর্বস্ব কোম্পানি খুলে নিজেদের পরিচয় গোপন রাখে। তিনি বলেন, একটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলে তারা সহজেই আরেকটি নতুন কোম্পানি খুলতে পারে। সামুদ্রিক সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিতে থাকলে এই প্রক্রিয়া কখনোই শেষ হবে না। যুক্তরাষ্ট্র যদি ইওপিএল এলাকায় এসব তেল বাণিজ্য বন্ধ করতেও সক্ষম হয়, তবু ইরানের জাহাজগুলো অন্য এলাকায় চলে যেতে পারবে।