
মার্কিন শুল্ক থেকে বাঁচতে কী করবে দক্ষিণ-পূর্ব এশিয়া?
নতুন শুল্কের প্রস্তাব সামনে আসার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকারকে এখন ভাবতে হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে শেষ পর্যন্ত তারা কতটা লাভবান হয়েছে।

রাত দুইটায়ও মন্ত্রীদের কাছে কাজের অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর এমন বক্তব্য আলোচনায় এসেছে। গত ১০ নভেম্বর বিএনপির সংসদীয় দলের বৈঠকেও প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রীদের কাছে নিজ নিজ মন্ত্রণালয়ের কাজের বিস্তারিত হিসাব জানতে চান। আইন-শৃঙ্খলা, জ্বালানি, বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি এবং উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
এর দুই দিন পর ১২ নভেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিবদের জরুরি বৈঠকেও প্রশাসনিক কাজের গতি বাড়ানো এবং সরকারের অর্জনগুলো জনগণের সামনে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়।
সরকারের বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি নিয়ে এমন তৎপরতার মধ্যেই সামনে আসছে ভিন্ন এক চিত্র। মূল্যস্ফীতি কমলেও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আসেনি। শীতকালীন সবজির দাম কিছুটা কমতে শুরু করলেও চাল, তেল, মাছ ও মাংসের বাজারে স্বস্তি নেই। গ্যাস সরবরাহে ঘাটতি এবং বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি সংকটের প্রভাবও কাটেনি। বিনিয়োগ ও কর্মসংস্থানেও উল্লেখযোগ্য পরিবর্তনের তথ্য পাওয়া যাচ্ছে না।
বিএনপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছিল। এরপর ছয় মাসের মূল্যায়নেও সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে বেশ কিছু উদ্যোগের কথা তুলে ধরা হয়। কিন্তু এসব উদ্যোগের কতটা বাস্তবায়িত হয়েছে, কতটা এখনো প্রস্তুতির পর্যায়ে এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় তার প্রভাব কতটা পড়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সরকারের কাজের অগ্রগতি যাচাইয়ের এই নতুন তৎপরতা আরেকটি প্রশ্ন সামনে আনছে-মন্ত্রীদের কাছ থেকে হিসাব নেওয়া এবং সরকারের সাফল্য প্রচারের নির্দেশনা কি প্রশাসনিক গতি বাড়ানোর অংশ, নাকি সরকারের অর্জন দৃশ্যমান করার রাজনৈতিক প্রয়োজনও এর পেছনে কাজ করছে?
১৮০ দিনের পরিকল্পনার বাস্তবায়ন কতটা?
গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠনের পর প্রথম ১৮০ দিনকে প্রাথমিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের সময় হিসেবে নির্ধারণ করেছিল বিএনপি সরকার। আগস্টে এই সময়সীমা শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূল্যায়নে বেশ কিছু উদ্যোগের অগ্রগতির কথা তুলে ধরা হয়।
সরকারের মূল্যায়ন অনুযায়ী, ১৪ লাখ ৩৪ হাজার কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। খাদ্যশস্যের মজুত ২৪ লাখ টন ছাড়িয়েছে। ৬৭ লাখের বেশি নিম্ন আয়ের পরিবারকে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল দেওয়া হচ্ছে।
যুবকদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ পাওয়া ১০ হাজার তরুণের মধ্যে ৯ হাজার ৪৫০ জনকে ৯৪ কোটি ৬০ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। উদ্যোক্তা ও স্টার্টআপের জন্য দুটি ৫০০ কোটি টাকার তহবিল গঠনের কথাও জানিয়েছে সরকার।
শিক্ষা খাতে ৩২৭টি নতুন ডিজিটাল শ্রেণিকক্ষ চালু এবং পুরনো যন্ত্রপাতি মেরামতের মাধ্যমে শ্রেণিকক্ষগুলোর ৮২ শতাংশ পুনরুদ্ধারের কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু এবং পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
এসব উদ্যোগের কয়েকটির বাস্তব অগ্রগতি রয়েছে। বিশেষ করে কৃষিঋণ মওকুফ, খাদ্যশস্য বিতরণও যুবঋণের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যাগত অগ্রগতি তুলে ধরেছে সরকার।
তবে এসব কর্মসূচির ক্ষেত্রে সুবিধাভোগীদের তালিকা, প্রকৃত অর্থ বিতরণ, নিয়োগ হওয়ার সংখ্যা এবং সেবার মানের পরিবর্তন আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়া আর এক লাখ স্বাস্থ্যকর্মী মাঠপর্যায়ে কাজ শুরু করা এক বিষয় নয়। একইভাবে ডিজিটাল শ্রেণিকক্ষ স্থাপন এবং সেসব শ্রেণিকক্ষে নিয়মিত প্রযুক্তি নির্ভর পাঠদান নিশ্চিত করাও আলাদা বিষয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মজিবুর রহমান চরচাকে বলেন, “সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, তবে অর্জনের পরিমাণ এখনো সীমিত। তার মতে, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি এবং কার্যকর বিকল্প পরিকল্পনার ঘাটতি রয়েছে।
দাম কমেছে কিছু পণ্যের, কমেনি জীবনযাত্রার ব্যয়
সরকারের সাফল্য যাচাইয়ের সবচেয়ে সরাসরি ক্ষেত্র হচ্ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার। কারণ, মূল্যস্ফীতি কমার পরিসংখ্যানের চেয়ে মানুষ বাজারে কত দামে পণ্য কিনতে পারছে, সেটিই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, গত অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৭ শতাংশে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ। খাদ্যমূল্যস্ফীতি ৭ দশমিক ২২ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। এটি ৫৪ মাসের মধ্যে সর্বনিম্ন।
তবে একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৯ শতাংশ হয়েছে, যা ৪১ মাসের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ খাদ্যপণ্যের ক্ষেত্রে কিছুটা স্বস্তি এলেও বাড়িভাড়া, পরিবহন, বিদ্যুৎ ও অন্যান্য সেবার ব্যয় মানুষের ওপর চাপ তৈরি করছে।
রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কিছু শীতকালীন সবজি, ডিম, মুরগি, আলু ও পেঁয়াজের দাম কমের দিকে থাকলেও মোটা চাল, সয়াবিন তেলসহ বেশ কিছু পণ্যের দাম বেড়েছে।
অর্থাৎ কিছু মৌসুমি পণ্যের দাম কমলেও সব পণ্যে একই ধরনের স্বস্তি আসেনি। মূল্যস্ফীতির হার কমার অর্থ পণ্যের দাম আগের অবস্থায় ফিরে যাওয়া নয়; বরং দাম বাড়ার গতি কিছুটা কমা।
দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে পরিবারগুলোর ব্যয় বেড়েছে। এখন মূল্যস্ফীতি কিছুটা কমলেও আগের বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে।
আইটি খাতের কর্মী ইদ্রিস মিয়া জানান, তার মাসিক আয় ৩০ হাজার টাকা। স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকা তার জন্য কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া, বিদ্যুৎ বিল ও যাতায়াতের খরচ বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।
এই বক্তব্য বাজার পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। তা হলো, কিছু পণ্যের দাম কমলেও পরিবারের মোট মাসিক ব্যয় কমছে না।
বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বেড়েছে, কিন্তু সংকট কাটেনি
বিদ্যুৎ খাতে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে উৎপাদন সক্ষমতা এবং বাস্তবে বিদ্যুৎ উৎপাদনের মধ্যে ব্যবধান কমানো। দেশে বিদ্যুৎকেন্দ্রের স্থাপিত সক্ষমতা বাড়লেও পর্যাপ্ত গ্যাস, কয়লা ও জ্বালানি তেল না থাকায় সব কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালানো যাচ্ছে না।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বিডিপলিসিল্যাবের অক্টোবরের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সন্ধ্যার সময়ে গড়ে ১১১০ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। এর আগে বছর একই সময়ে গড় লোডেশেডিং ১২৬ মেগাওয়াট। অর্থাৎ লোডশেডিং প্রায় ৮ দশমিক ৮ গুণ বেড়েছে।
গত ১৪ অক্টোবর সন্ধ্যায় লোডশেডিং তিন হাজার ৪৭ মেগাওয়াটে পৌঁছেছিল বলে প্রতিষ্ঠানটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে।
একই বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের স্থাপিত সক্ষমতা ২৭ হাজার ৪২৪ মেগাওয়াট থেকে বেড়ে ২৯ হাজার ৫৯৩ মেগাওয়াট হয়েছে। কিন্তু জ্বালানির অভাবে গড়ে চার হাজার ২৭৯ মেগাওয়াট সক্ষমতা ব্যবহার করা যায়নি।
এখানে মূল সমস্যা শুধু বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা নয়, জ্বালানির সরবরাহও। বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের ব্যবহার কমে কয়লা ও তেলের ওপর নির্ভরতা বেড়েছে। এতে উৎপাদন ব্যয়ও বাড়ছে।
অর্থাৎ বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে না পারলে উৎপাদন বাড়ানোর সুফল পাওয়া কঠিন।
গ্যাস সরবরাহে ঘাটতি, নতুন টার্মিনালের সুফল পেতে অপেক্ষা
গ্যাস খাতে সরকারের সামনে আরও বড় চ্যালেঞ্জ রয়েছে। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় তিন হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। কিন্তু সরবরাহ তার চেয়ে অনেক কম।
গত ৪ নভেম্বর সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকায় গ্যাস সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। ওই সময়ে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাসের সরবরাহ কমিয়ে শিল্প, বাসাবাড়ি ও সিএনজি খাতে সরবরাহ বজায় রাখার চেষ্টা করে পেট্রোবাংলা।
এক দিনের ব্যবধানে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন এক হাজার ১০০ মেগাওয়াট কমে যায়। বাসাবাড়িতে গ্যাসের চাপ কমে যাওয়ার পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতেও সমস্যা তৈরি হয়। সরকার গ্যাস সরবরাহ বাড়াতে নতুন এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। ১২ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে চীনের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর দৈনিক গ্যাস পুনঃগ্যাসীকরণ সক্ষমতা হবে ৬০০ মিলিয়ন ঘনফুট, সর্বোচ্চ ৭৫০ মিলিয়ন ঘনফুট। তবে এটি ২০২৮ সালে চালু হওয়ার কথা।
এটি ভবিষ্যতের সরবরাহ বাড়ানোর উদ্যোগ হলেও বর্তমান সংকট সমাধানের তাৎক্ষণিক উপায় নয়।
গ্যাস খাতে তাই সরকারের অগ্রগতি যাচাই করতে হলে শুধু নতুন টার্মিনাল নির্মাণের সিদ্ধান্ত নয়, বরং দেশীয় গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, বিদ্যমান টার্মিনালের ব্যবহার এবং শিল্প কারখানায় গ্যাসের চাপ কতটা স্বাভাবিক হয়েছে, তা দেখতে হবে।
বিনিয়োগ ও কর্মসংস্থানে দৃশ্যমান পরিবর্তন আছে?
অর্থনীতিতে সরকারের আরেকটি বড় প্রতিশ্রুতি ছিল বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। কিন্তু ছয় মাসের মূল্যায়নে এ দুটি ক্ষেত্রে দৃশ্যমান পরিবর্তনের প্রমাণ তুলনামূলক সীমিত।
প্রথম ছয় মাসের মূল্যায়ন নিয়ে ১৮ আগস্ট প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, প্রবাসী আয় ও রপ্তানি খাতে কিছু স্বস্তি এসেছে। কিন্তু বিনিয়োগে গতি ফেরেনি। ব্যাংক খাতের দুর্বলতা, রাজস্ব ঘাটতি এবং ঋণ পরিশোধের চাপও রয়ে গেছে।
শিল্প কারখানায় গ্যাসের ঘাটতি এবং বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার তথ্যও উঠে এসেছে।
এদিকে, ১১ নভেম্বর রয়টার্সের এক প্রতিবেদনে পোশাকশ্রমিকদের জীবনযাত্রার চাপের বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, শ্রমিকদের আয় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে তাল মেলাতে পারছে না। অনেক পরিবার খাদ্য, চিকিৎসা ও শিক্ষার ব্যয় কমাতে বাধ্য হচ্ছে।
এই পরিস্থিতিতে শুধু প্রশিক্ষণ ও ঋণ বিতরণের সংখ্যা দিয়ে কর্মসংস্থানের অগ্রগতি পরিমাপ করা যাবে না। নতুন কর্মসংস্থান কতটি তৈরি হয়েছে, কতজন প্রশিক্ষণ শেষে কাজে যুক্ত হয়েছেন, শিল্পে নতুন বিনিয়োগ কতটা এসেছে এবং শ্রমিকদের প্রকৃত আয় বেড়েছে কি না-এসব তথ্যও গুরুত্বপূর্ণ।
মন্ত্রীদের কাজের মূল্যায়ন জবাবদিহি তৈরি করবে?
মন্ত্রীদের কাজের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর উদ্যোগ নতুন নয়। গত জুনে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কাজের ত্রৈমাসিক মূল্যায়ন শুরু করেছিলেন বলে ডেইলি স্টারের এক প্রতিবেদনে জানানো হয়। সেই মূল্যায়নে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, উন্নয়ন প্রকল্প, দুর্নীতির অভিযোগ, প্রশাসনে হস্তক্ষেপ এবং নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের ভূমিকা বিবেচনায় নেওয়ার কথা ছিল।
আগস্টে মন্ত্রিসভায় প্রথম রদবদলও হয়। মন্ত্রণালয়ের কাজের গতি, সমন্বয়হীনতা এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দুর্বলতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আনা হয়েছিল।
এবার ১০ নভেম্বর সংসদীয় দলের বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে বিস্তারিত অগ্রগতি জানতে চাওয়া এবং ১২ নভেম্বর সচিবদের প্রশাসনিক কাজ দ্রুত করার নির্দেশনা একই ধারাবাহিকতার অংশ।
তবে ১২ নভেম্বরের সচিবদের বৈঠকে শুধু কাজের গতি বাড়ানোর নির্দেশই দেওয়া হয়নি, সরকারের উন্নয়ন কার্যক্রম ও অর্জন জনগণের সামনে তুলে ধরার কথাও বলা হয়েছে। মন্ত্রণালয়গুলোকে বিভিন্ন উদ্যোগের অগ্রগতি ও সাফল্যের তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এখানেই দুটি বিষয় আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে। সরকারের কাজের অগ্রগতি জনগণকে জানানো প্রশাসনিক স্বচ্ছতার অংশ হতে পারে। কিন্তু অর্জনের প্রচার যদি বাস্তবায়নের ঘাটতি আড়াল করে, তাহলে তা জবাবদিহির উদ্দেশ্যকে দুর্বল করবে।
প্রশাসনিক নির্দেশনা দেওয়ার পর বাস্তবে কতটি প্রকল্পের কাজ দ্রুত হয়েছে, কতটি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, কোন মন্ত্রণালয় নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারেনি এবং কেন পারেনি-এসব তথ্য প্রকাশ না হলে মূল্যায়নের কার্যকারিতা বোঝা কঠিন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী চরচাকে বলেন, “সরকারের প্রতিটি কর্মকাণ্ডের জবাবদিহিতা থাকবে। এই জবাবদিহিতা সংসদে হতে পারে, দলের নেতা-কর্মীদের কাছেও হতে পারে এবং গণমাধ্যমের মাধ্যমেও হতে পারে। আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী সম্পূর্ণ ভিন্ন ধারায় দেশের মানুষের স্বার্থকে প্রায়োরিটি দিয়ে দেশ পরিচালনা করছেন। মন্ত্রীদের জবাবদিহিতা তারই অংশ। আমি ইতিবাচকভাবেই দেখছি।”
ঘোষণার সঙ্গে বাস্তবতার ব্যবধান কতটা?
সরকারের প্রথম ছয় মাসে সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষিঋণ মওকুফ, খাদ্যশস্য বিতরণ এবং কিছু কর্মসূচির অর্থ বিতরণে নির্দিষ্ট অগ্রগতিও রয়েছে। মূল্যস্ফীতি সামান্য কমেছে। শীতকালীন সবজি বাজারে আসায় কিছু পণ্যের দামও কমতে শুরু করেছে।
কিন্তু একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়েছে, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ঘাটতি রয়েছে, গ্যাস সরবরাহে চাহিদা ও জোগানের ব্যবধান বড়, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশিত পরিবর্তন দৃশ্যমান নয়।
এ কারণে সরকারের মূল্যায়নে শুধু কতটি সভা হয়েছে, কতটি নির্দেশনা দেওয়া হয়েছে কিংবা কতটি প্রকল্প ঘোষণা করা হয়েছে, তা দিয়ে অগ্রগতি বিচার করা যথেষ্ট নয়।
প্রতিটি মন্ত্রণালয়ের জন্য নির্ধারিত লক্ষ্যের বিপরীতে বাস্তবায়িত কাজের পরিমাণ, বরাদ্দের বিপরীতে ব্যয়, সুবিধাভোগীর সংখ্যা এবং নাগরিকদের সেবায় পরিবর্তনের তথ্য প্রকাশ করা প্রয়োজন।
প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে কাজের হিসাব চাইছেন-এটি প্রশাসনিক জবাবদিহি প্রতিষ্ঠার একটি প্রক্রিয়া। কিন্তু বাজারে ব্যয় কমছে কি না, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে কি না, কর্মসংস্থান বাড়ছে কি না এবং সরকারি সেবার মান উন্নত হচ্ছে কি না, শেষ পর্যন্ত এসব সূচকেই সরকারের অগ্রগতি দৃশ্যমান হবে।
সরকারের ছয় মাসের উদ্যোগ ও পরবর্তী নির্দেশনার মধ্যে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়ে যাচ্ছে, কাগজে-কলমে অগ্রগতির যে হিসাব তৈরি হচ্ছে, তার কতটা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছাচ্ছে?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক দিলারা চৌধুরী চরচাকে বলেন, “মানুষ এখন আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না, তারা বাস্তবে পরিবর্তন দেখতে চায়। সরকারের পরিকল্পনা বা উদ্যোগের সংখ্যা দিয়ে মানুষের প্রত্যাশা পূরণের বিষয়টি বিচার করা যাবে না। দ্রব্যমূল্য, কর্মসংস্থান, বিদ্যুৎ ও গ্যাসের মতো বিষয়গুলোতে মানুষ কী ধরনের পরিবর্তন অনুভব করছে, সেটিই গুরুত্বপূর্ণ। সরকার যদি তার ঘোষিত লক্ষ্যের বিপরীতে দৃশ্যমান অগ্রগতি দেখাতে না পারে, তাহলে মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। রাজনৈতিকভাবে সরকারের প্রতি আস্থা ও শেষ পর্যন্ত নির্ভর করবে প্রতিশ্রুতির বাস্তবায়নের ওপর।”

মার্কিন শুল্ক থেকে বাঁচতে কী করবে দক্ষিণ-পূর্ব এশিয়া?
নতুন শুল্কের প্রস্তাব সামনে আসার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সরকারকে এখন ভাবতে হচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করে শেষ পর্যন্ত তারা কতটা লাভবান হয়েছে।

রোহিঙ্গাদের সংকট আরও গভীর হচ্ছে কেন?
মিয়ানমারে নিরাপত্তাহীনতা, বাংলাদেশে শরণার্থীশিবিরের ভেতরে সহিংসতা, মানবপাচার, আইনি সুরক্ষার সীমাবদ্ধতা এবং মানবিক সহায়তা কমে যাওয়ার ঝুঁকি, সব মিলিয়ে রোহিঙ্গাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। শিক্ষা, জীবিকা ও নিরাপদ ভবিষ্যতের সুযোগও সীমিত। ফলে দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর সংকট শুধু আশ্রয়ের মধ

বাংলাদেশকে যেসব কারণে ফের ট্যারিফের প্যাঁচে ফেলতে চায় আমেরিকা
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর) এ নিয়ে একটি তদন্তও করেছে। তারা তাদের তদন্ত প্রতিবেদনে বলেছে, সরকারি নীতি ও প্রণোদনায় রপ্তানি বাড়ানো, চীন থেকে সস্তায় কাঁচামাল আনা এবং শ্রমিকের মজুরি কম রাখার মাধ্যমে বাংলাদেশ মুক্তবাজারের নিয়ম উপেক্ষা করছে।

যা ইরানকে বাঁচিয়ে রাখছে, তা-ই কি শেষ করে দিচ্ছে?
ইরানের ইসলামি প্রজাতন্ত্র আজ এক গভীর বৈপরীত্যের মুখোমুখি। গত প্রায় পাঁচ দশক ধরে অভ্যন্তরীণ অস্থিরতা, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও বহির্বিশ্বের সংঘাত মোকাবিলা করে টিকে থাকা দেশটির শাসকগোষ্ঠী মনে করে, যা তাদের বিপ্লবকে ধ্বংস করতে পারেনি, তা কেবল শক্তিশালীই করেছে।