Advertisement

ভারতের সিলেট দখলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম: এম এ মালিক

ভারতের সিলেট দখলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম: এম এ মালিক
নিজের বাসায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক। ছবি: চরচা

‘ভারতের রেসপন্সিবল লিডারদের সিলেট দখলের চ্যালেঞ্জ গ্রহণ করলাম’ বলে মন্তব্য করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এম এ মালিক।

Advertisement

গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার দিকে এম এ মালিকের বাসায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ প্রসঙ্গে আজ শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এম এ মালিক বলেন, “ভারতের রেসপন্সিবল লিডাররা বলছে তারা সিলেট দখল করবে। আমি তো তাদের চ্যালেঞ্জ একসেপ্ট করলাম।”

সিলেটের এই সংসদ সদস্য বলেন, “দিল্লি থেকে আমাদের বুবুজান, নরেন্দ্র মোদী, ‘র’–এটা তাদের একটা প্ল্যান। আমি যদি কোনো কারণে মারা যাই, তাহলে তাদের কারণেই মারা যাব।”

Advertisement

এম এ মালিক বলেন, “এই দেশ আমাদের দেশ, আমরা এই দেশ মুক্তিযুদ্ধ করে আদায় করেছি। এই দেশ ভাষা শহীদদের দেশ, মুক্তিযুদ্ধাদের দেশ, এই দেশ জুলাই শহীদদের দেশ। আমরা তাদের সন্তান। আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও এই দেশের সাম্য, সামাজিক মর্যাদা, মানবিক ন্যায়বিচার আমরা সুপ্রতিষ্ঠিত করব।”

পেট্রলবোমা প্রসঙ্গে তিনি বলেন, “বাইরে থেকে এসে শুধু শুইতে গেছি। হঠাৎ শুনি বিকট শব্দ। তখন আমার বাসার দুজন সিকিউরিটি দৌড়ে বের হয়। তারা দেখে, একটা পিকআপে করে পেট্রলবোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যাচ্ছে। আর বাসায় আগুন ধরে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

প্রেট্রলবোমা হামলায় জড়িত নেতাকর্মীদের প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, “দেশে থাকা সাধারণ নেতাকর্মীদের নষ্ট করার জন্য (শেখ হাসিনা) একটা উসকানি দিয়েছেন। কিন্তু এসব কর্মীদের মা-বাপ আমাদের কাছে আসেন। তারা বলছে, এইসব উসকানির কারণে তারাও খুব উদ্বিগ্ন।”

শেখ হাসিনা ফেরার ‘হুঙ্কার দিচ্ছেন’ উল্লেখ করে এম এ মালেক বলেন, “এই দেশে আসলে তো তার ফাঁসি হবে প্রচলিত আইন অনুযায়ী। কারণ, এই দেশে উনি (হাসিনা) অনেক মুক্তিযোদ্ধাকে ফাঁসি দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমার একজন প্রিয় মানুষ ছিলেন। ওনাকে ফাঁসি দিয়েছেন। নিজামী সাহেবকেও দিয়েছেন। আমাদের সালাহউদ্দিন কাদের চৌধুরীকে দিয়েছেন। এইসব ইনোসেন্ট মানুষকে ফাঁসি দিয়েছেন। এটার প্রতিফলন তো তাকে ভোগ করতেই হবে।”

সিলেটের এই সংসদ সদস্য বলেন, “রাজনীতিতে রিস্ক থাকবেই। তাদের (আওয়ামী লীগের) একটা অতীত হিস্ট্রিও আছে। তারা লন্ডনে কয়েকবার অ্যাট্যাক করছে আমার ওপর। রাশিয়ান হিটম্যান দিয়েও মারতে চেয়েছে।”

সিলেট মহানগর পুলিশের মিডিয়া মুখপাত্র মো. আফজাল হোসেন বলেন, “ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার বাইরে থেকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে। বাসার নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।”