Advertisement

খুলনায় চাঁদার দাবিতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২

খুলনায় চাঁদার দাবিতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ২
খুলনায় শীর্ষ সন্ত্রাসী ‘বি’ কোম্পানীর সক্রিয় সদস্য মোহাম্মদ আলী (বায়ে) ও আরিফ (ডানে)। ছবি: চরচা

খুলনার বটিয়াঘাটায় চাঁদার দাবিতে এক যুবককে অপহরণের সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার ইমন হোসেনকে (২৫) উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার মল্লিকের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

গ্রেপ্তাররা হলেন-উপজেলার সাচিবুনিয়া ওয়াপদা রোড এলাকার বাসিন্দা আলী আকবর ওরফে মোহাম্মদ আলী (২৫) ও একই এলাকার বাসিন্দা মো. আরিফ (২০)। তারা দুজনেই সন্ত্রাসী গ্রুপ ‘বি’ কোম্পানির সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, “গতকাল শুক্রবার রাত প্রায় ১২টার দিকে মল্লিকের মোড় এলাকায় ‘বি’ কোম্পানির সদস্যরা ইমন হোসেন নামে এক যুবককে অপহরণের চেষ্টা করে। চাঁদার দাবিতে ওই যুবককে অপহরণের চেষ্টা করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধারসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।”

পুলিশ সুপার বলেন, “গ্রেপ্তার দুজনের কাছ থেকে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভুক্তভোগী ইমন হোসেনের চুরি হওয়া মোটরসাইকেলটি উপজেলার জলমা ফেরিঘাট-সংলগ্ন দুর্গা মন্দিরের সামনে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।”

Advertisement