Advertisement

লর্ডসে আর শেষটা টানা হলো না মুশফিকের

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

লর্ডসে আর শেষটা টানা হলো না মুশফিকের
ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে অবসরে যাবেন মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

শুরুটা হয়েছিল লর্ডসে, শেষটা হতে যাচ্ছে মিরপুরে। মাঝখানের ২২ বছরে কত কিছুই না বদলে গেছে! একজন সম্ভাবনাময় তরুণ থেকে বাংলাদেশের ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছেন তিনি। এবার শেষের পথে সেই মুশফিকুর রহিমের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।

Advertisement

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মুশফিকের। সুযোগ ছিল সেই ইংল্যান্ডের বিপক্ষেই আগামী বছর লর্ডসে টেস্ট খেলে ক্যারিয়ার শেষ করার। কিন্তু সেই পথে আর হাঁটা হচ্ছে না অভিজ্ঞ এই ক্রিকেটারের।

Advertisement

টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
টেস্টে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রানের মালিক মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

ভেন্যুতে মিল না থাকলেও একটা জায়গায় অবশ্য শুরু আর শেষে মিল রাখছেন মুশফিক। যে ইংল্যান্ডের বিপক্ষে শুরু, সব ঠিক থাকলে আগামী বছর ঘরের মাঠে সে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন ‘মুশি’।

আর এর মধ্য দিয়ে শেষ হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটের একটি যুগ।

দীর্ঘ ক্যারিয়ারে মুশফিক নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে। ২০২৫ সালে বাংলাদেশের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে খেলেছেন ১০০ টেস্ট। কোনো ব্যতিক্রম না ঘটলে ক্যারিয়ার শেষ করবেন ১০৯ টেস্ট খেলে। এই ফরম্যাটে বাংলাদেশের হয়ে ৬ হাজার ও ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করা প্রথম ক্রিকেটারও মুশফিক।

২০১৩ সালে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করা মুশফিকের এই ডাবল সেঞ্চুরি নিয়েই আরেকটি বিশেষ কীর্তি আছে–টেস্ট ইতিহাসে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান তিনি।

টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪টি সেঞ্চুরি, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারেরও বেশি রান…পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা সমৃদ্ধ একটি ক্যারিয়ার পেছনে ফেলে যাচ্ছেন মুশফিক! তবে মুশফিকের ক্যারিয়ারের বিশেষ অর্জন শুধু ব্যাটিংয়ে সীমাবদ্ধ নয়।

২০১৬ সালে তার নেতৃত্বেই ইংল্যান্ডকে প্রথমবারের মতো টেস্টে হারিয়েছিল বাংলাদেশ। পরের বছর ঘরের মাঠে তার নেতৃত্বে অস্ট্রেলিয়াকেও হারানোর স্বাদ পায় বাংলাদেশ।

টেস্ট ইতিহাসে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ছবি: বিসিবি
টেস্ট ইতিহাসে দুটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ছবি: বিসিবি

এরপর অবশ্য আচমকাই অধিনায়কত্ব ছেড়ে দেন। ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে কিপিংয়ের দায়িত্ব থেকেও সরে দাঁড়ান। ২০২২ সালে টি-টোয়েন্টি থেকে অবসরের পর ২০২৫ সালে বিদায় জানান ওয়ানডেকে। এবার শেষ হতে যাচ্ছে টেস্ট ক্যারিয়ার।

৩৯ বছর বয়সে এসে হয়তো ব্যাট হাতে আগের মতো ধারাবাহিক নন মুশফিক। কিন্তু বাংলাদেশের ক্রিকেটে তার অবদান কখনোই শুধু রান কিংবা রেকর্ড দিয়ে বিচার করা যাবে না।

একজন মুশফিকুর রহিম তৈরি হতে লেগেছে দীর্ঘ ২২ বছর। শুরুর দিকে খুব বেশি আলো ছড়াতে না পারলেও, পরিশ্রম-একাগ্রতা আর নিবেদনে হয়ে উঠেছেন বাংলাদেশের ক্রিকেটের এক কিংবদন্তি।

বিদায়বেলায় তাই প্রশ্নটা এসেই যায়–আরেকজন মুশফিক পেতে বাংলাদেশকে কত বছর অপেক্ষা করতে হবে?