Advertisement

ফের খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ

ফের খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকার দিকে বাস চলাচল ফের বন্ধ হয়ে গেছে। ছবি: চরচা

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আবারও খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে।

Advertisement

আজ শনিবার বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প হিসেবে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ২৯ ও ৩০ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আজ শনিবার বিকেল থেকে পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন করে টিকিট বিক্রিও বন্ধ রেখেছে অধিকাংশ পরিবহন কর্তৃপক্ষ।

খুলনায় ইমাদ পরিবহনের ম্যানেজার মো. জাকির হোসেন বলেন, “যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে শনিবার বিকেল ৫টা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। দুপুরে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া তাদের একটি বাস বিকেলে পথে আটকে পড়েছিল। তবে বাসটির বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। কবে নাগাদ এ রুটে বাস চলাচল শুরু হবে, সে বিষয়েও সিদ্ধান্ত হয়নি।”

Advertisement

টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ম্যানেজার মো. কাদের বলেন, “আজ সকাল থেকে আমরা এ রুটে বাস চালিয়েছি। তবে পরিস্থিতি বিবেচনা করে এ রুটে বাস চলাচল অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ খান বলেন, “পরিবহন ও যাত্রীদের জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় গোপালগঞ্জ হয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। বিকল্প হিসেবে খুলনা থেকে আরিচা ঘাট হয়ে ঢাকায় বাস চলাচল করবে। গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প রুটে বাস চলাচল অব্যাহত থাকবে। আপাতত গোপালগঞ্জ হয়ে কোনো বাস চলাচল করবে না।”