Advertisement

চোখের আড়াল না করা সন্তানকেই মা শেষ দেখায় পেলেন কয়েক মিনিট

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

চোখের আড়াল না করা সন্তানকেই মা শেষ দেখায় পেলেন কয়েক মিনিট
শারমিন সুলতানা শর্মির কোলে তার সন্তান তূর্য। ছবি: সংগৃহীত

“আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।”

Advertisement

মা শারমিন সুলতানা শর্মী তার বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান নিস্বর্গ হোসেন তূর্যকে (১৫) নিয়ে কথাগুলো বলেছিলেন আদালত প্রাঙ্গণে। সেই তূর্য মাকে না দেখেই পৃথিবী ছাড়ল গতকাল শুক্রবার রাত ১০টায়।

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত ৩ অক্টোবর শর্মীকে আটক করা হয়। মৃত সন্তানকে দেখতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে শর্মীকে সময় দেওয়া হয় ৫ মিনিট। এত কম সময় কেন? কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবির বলেন, “সাধারণত ২ মিনিট দেখতে দেওয়া হয়। আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে ৫ মিনিট সময় দিয়েছি।”

প্যারোলে মুক্তি নিয়ে পাল্টাপাল্টি দাবি

Advertisement

সন্তানের মৃত্যুতে শর্মীর পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়নি–চরচাকে এমনটিই জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবির। তিনি বলেন, “কেউ প্যারোলে মুক্তি পেতে হলে তাকে আবেদন করতে হবে জেলা প্রশাসক বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। তার নির্দেশ পেলে আমরা মুক্তি দিই। কিন্তু আমাদের কাছে নির্দেশ আসেনি। এবং বন্দির স্বামী শাহাদাৎ হোসেন নিপু আমাদের সাথে আলোচনা করেছিলেন। যেহেতু আজ শনিবার বন্ধের দিন, আবার সময়সাপেক্ষ বিষয়, তাই তিনি আবেদন করেননি।”

প্যারোলে মুক্তির প্রক্রিয়াটা সময়সাপেক্ষ দাবি করে শর্মীর স্বামী বলেন, “ডিসি বরাবর আবেদন করা…তারপর অনুমতি দিলেও নানা রকম জটিলতাও আছে। সাপ্তাহিক ছুটির কারণে ডিসি অফিসও বন্ধ। এ জন্য আমাদের মরদেহ কারাগারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আমরা সেখানে নিয়ে গেছি। কারাগারের লোকজন সহযোগিতা করেছেন।”

শাহাদাৎ হোসেন নিপু জানান, স্ত্রী শর্মী গ্রেপ্তার হওয়ার পর তাদের দুই সন্তান তূর্য এবং তূর্না ছিল তাদের খালা–শর্মীর বোন–শাম্মীর কাছে।

কারা ফটকে শাম্মী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এই রাষ্ট্র আমাদের যথাযথ বিচার দিল না। আমার বোনের ছেলেটা জন্ম থেকে অসুস্থ। তূর্যর ব্রেইনে ১২টা অপারেশন হয়েছে।” সন্তানের অসুস্থতার কারণেই শর্মী চার বছর ধরে রাজনীতিতে নেই বলে দাবি শাম্মির, “আমার বোনের নামে আটকের আগে কোনো মামলা ছিল না। আমার বোন ২০২২ সাল থেকে রাজনীতি করে না। কারণ বাচ্চাটা অসুস্থ। তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। আমার বোন একজন মুক্তিযোদ্ধার সন্তান। এ রাষ্ট্র আমার বোনকে জামিন দিল না। আমরা অসহায় রাষ্ট্রের কাছে। আমার বোনের অভাবে তার সন্তান মারা গেল। মাত্র পাঁচ মিনিট সময় দিল আমার বোনকে তার সন্তানকে শেষ বার দেখতে।”

গত ৬ অক্টোবর তূর্যকে নিয়ে কালের কণ্ঠে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তূর্যকে বলতে দেখা যায়, “মাকে ছাড়া এখন আমি স্কুলে যাব কী করে! পড়াশোনা করব কী করে! আমার খাওয়া-দাওয়া, ওষুধ এগুলো কে দেখবে? আমি তো অসুস্থ, আমার তো আরেকটা অপারেশন বাকি আছে।” প্রতিবেদনটিতে আরও উল্লেখ করা হয়, শর্মীর ছোট মেয়ে তিয়াশ হোসেন তূর্নি (৬) বড় ভাইয়ের দেখভাল করছেন! দুই ঘন্টা পরপর বড় ভাইয়ের চোখের ড্রপ দিচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ভিডিও ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা হয় অনেক। মানবিক দৃষ্টিকোণ থেকে শর্মীকে জামিন দেওয়ার দাবি তোলেন তার আইনজীবীরাও। তবে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান আদালত।

এজাহারে নাম ছিল না, তবু গ্রেপ্তার?

গত ১৩ জুলাই লালবাগ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১০ জুলাই ভোর ৫টার পর শেখ সাহেব বাজার এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা কতিপয় আসামি মুখে মাস্ক পরে ছাত্রলীগের ব্যানারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন সব স্লোগান দেন। পুলিশ গেলে তারা পালিয়ে যান। পরে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য এবং সিসি ক্যামেরার ভিডিও অনুসন্ধানে জানা যায়, মতিয়ার রহমান জামালের নির্দেশে অন্য আসামিরা মুখে মাস্ক পরে ঝটিকা মিছিল করেছে।

মামলার আড়াই মাস পর গত ৩ অক্টোবর রাত দেড়টার দিকে পুলিশ শর্মীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের ব্যাখ্যায় পুলিশ জানিয়েছিল, প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনার সঙ্গে শর্মীর জড়িত থাকার সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তারের পরদিন তাকে ঢাকার আদালতে নিয়ে যান মামলার তদন্ত কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

ওই আবেদনে তদন্ত কর্মকর্তা বলেছিলেন, আসামি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আসামি সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা প্লাটফর্মে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

আবেদনে বলা হয়েছিল, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা একান্ত প্রয়োজন। সেই আবেদনে সায় দেন ঢাকার মহানগর হাকিম আদালত। এরপর শর্মীকে নেওয়া হয় গাজীপুরের কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় মহিলা কারাগারে।

এরপর গত ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন শর্মী। আবেদনে দাবি করেন, তিনি নির্দোষ। মামলাটি মিথ্যা, এজাহারে তার নাম ছিল না। শত্রুতার কারণে তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

তবে রাষ্ট্রপক্ষ জামিন আবেদনের বিরোধিতা করে শুনানি করেন। হাকিম আদালতের মতো জজ আদালতও শর্মীর জামিন আবেদন নাকচ করেন।